• ই-পেপার

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী হত্যা : মূল হোতাসহ ৩ আসামি গ্রেপ্তার

ফটিকছড়িতে ট্রলি উল্টে খাদে পড়ে কিশোর চালক নিহত, আহত ১

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে ট্রলি উল্টে খাদে পড়ে কিশোর চালক নিহত, আহত ১
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে মালবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে মিনহাজ (১৩) নামের এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকারী সাইম (১৪) আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াহাট বাজারসংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ স্থানীয় বাসিন্দা মনসুরের ছেলে। আহত সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ইয়াসিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মিনহাজ ও সাইম নয়াহাট বাজার থেকে ডেকোরেশনের মালামাল বোঝাই করে একটি ট্রলিতে পাশের একটি বিয়েবাড়ির উদ্দেশে রওনা হন। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে চালক ও তার সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

লেলাং ইউনিয়ন পরিষদের সদস্য রুমা আক্তার বলেন, ডেকোরেশনের মালামাল নিয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কিশোর চালকের মৃত্যু হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় অনুমতি সাপেক্ষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

শান্তি ও উন্নয়নের কেরানীগঞ্জ গড়ে তুলতে চাই: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শান্তি ও উন্নয়নের কেরানীগঞ্জ গড়ে তুলতে চাই: আমান উল্লাহ আমান
ছবি: কালের কণ্ঠ

কেরানীগঞ্জকে শান্তি, উন্নয়ন ও মাদকমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান। এ লক্ষ্যে জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেই সরকার কাজ করছে।

শুক্রবার (৩ জুলাই) কেরানীগঞ্জের চর ওয়াশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, স্কুল ড্রেস বিতরণ এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছেন। শিক্ষা খাতে চলতি বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠনের পর সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। খুব শিগগিরই হেলথ কার্ডও চালু করা হবে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও সেচ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশকে বিদেশ থেকে চাল আমদানি করতে হলেও পরবর্তীতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। তাই সবাইকে শিক্ষিত হতে হবে। আগামী ১ নভেম্বর চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, কেরানীগঞ্জের যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে নতুন বিদ্যালয় নির্মাণ করা হবে। যেখানে মাধ্যমিক বিদ্যালয় নেই সেখানে হাইস্কুল এবং যেখানে কলেজ নেই সেখানে কলেজ প্রতিষ্ঠা করা হবে। অর্থের অভাবে যেন কেরানীগঞ্জের কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমান বলেন, কেরানীগঞ্জে কোনো মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা ভূমিদস্যুতা থাকতে দেওয়া হবে না। মাদক সব ধরনের অপরাধের মূল উৎস। এটি পরিবারকে ধ্বংস করে এবং সমাজ ও রাষ্ট্রকে অকার্যকর করে তোলে। কেউ মাদক সেবন, মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমিদস্যুতার সঙ্গে জড়িত থাকলে তিনি বিএনপির কর্মী হলেও তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, বাবুবাজার সেতু, ওয়াশপুর সেতু, হযরতপুরের আলিপুর সেতুসহ কেরানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। কেরানীগঞ্জে এমন কোনো এলাকা নেই যেখানে রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করা হয়নি।

তিনি বলেন, ১৯৯১ সাল থেকে পাঁচবার কেরানীগঞ্জের জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। একসময় কেরানীগঞ্জের ৯৫ শতাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না, কিন্তু বর্তমানে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।

আমান বলেন, কেরানীগঞ্জকে উন্নয়ন, শান্তি, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক শহরে পরিণত করাই তার লক্ষ্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ।’

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এনজিওর টাকা আত্মসাৎ : পুলিশের জালে দাগনভূঞার ম্যানেজার

ফেনী প্রতিনিধি
এনজিওর টাকা আত্মসাৎ : পুলিশের জালে দাগনভূঞার ম্যানেজার

ফেনীর দাগনভূঞায় ‘আম্বালা ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ওই এনজিওর ম্যানেজার মো. এফতাদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে আত্মসাৎ করা টাকার মধ্যে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

টাকা আত্মসাতের পর পলাতক ছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ঢাকার সাভার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এনজিওর বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন এফতাদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকার সাভারে অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, এনজিওর টাকা আত্মসাতের অভিযোগে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা টাকাসহ আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সন্দ্বীপ

কুকুরকে পানিতে চুবিয়ে হত্যা, যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
কুকুরকে পানিতে চুবিয়ে হত্যা, যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে কুকুরকে পানিতে চুবিয়ে মারার অপরাধে আব্দুল হান্নান (৪৪) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ করবে না মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজীর হাট এলাকার বাসিন্দা।

​স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় হাজীর হাট এলাকায় নিজের বাড়িতে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তি একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে চুবিয়ে কুকুরটির মৃত্যু পর্যন্ত ডুবিয়ে রাখে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সর্বত্র তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

​ভিডিওটি নজরে আসার পর থেকেই সন্দ্বীপের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় প্রশাসন অপরাধীকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে। গতকাল থেকে বিভিন্ন উৎসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী ও পশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।