• ই-পেপার

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনে শাহরুখ খানের ইতিহাস

বিয়ের আগে ২৬ মিলিয়ন ডলার অনুদান দিলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

বিনোদন ডেস্ক
বিয়ের আগে ২৬ মিলিয়ন ডলার অনুদান দিলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
ট্র্যাভিস কেলসি ও টেইলর সুইফট

বিয়ের গুঞ্জনের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি।

তাদের এক প্রতিনিধি জানিয়েছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি দাতব্য সংস্থায় এ অনুদান দেওয়া হয়েছে। তবে ঘোষণায় বিয়ের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। যদিও ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের উদযাপনের অংশ হিসেবেই এই অনুদান দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, ট্র্যাভিস কেলসি ও টেইলর সুইফট যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাতব্য সংস্থায় মোট ২৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। তবে কোন সংস্থা কত টাকা পেয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।

এদিকে নিউ ইয়র্কভিত্তিক খাদ্য সহায়তাকারী সংস্থা সিটি হারভেস্ট জানিয়েছে, তারা এই জুটির কাছ থেকে ১০ লাখ (১ মিলিয়ন) ডলার অনুদান পেয়েছে।

সংস্থাটির প্রধান নির্বাহী জিলি স্টিফেনস বলেন, এই অনুদান নিউ ইয়র্কের মানুষের প্রতি টেইলর ও ট্র্যাভিসের ভালোবাসার প্রতিফলন। বর্তমানে ফেডারেল তহবিল কমে যাওয়ায় শহরের ফুড প্যান্ট্রি ও বিনা মূল্যে খাবার বিতরণকেন্দ্রগুলোতে মানুষের ভিড় বেড়েছে। এমন সময়ে এই সহায়তা তাদের কার্যক্রম চালিয়ে যেতে বড় ভূমিকা রাখবে।

একইভাবে রোড আইল্যান্ড কমিউনিটি ফুড ব্যাংকও জানিয়েছে, তারা এই দম্পতির কাছ থেকে ১০ লাখ ডলার অনুদান পেয়েছে।

সংস্থাটির প্রধান নির্বাহী মেলিসা চেরনি বলেন, এই অর্থের মাধ্যমে প্রয়োজনীয় মানুষের জন্য পুষ্টিকর ও মানসম্মত খাবার সংগ্রহ ও বিতরণ করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, টেইলর ও ট্র্যাভিসের এই উদ্যোগ অন্যদেরও দান করতে উৎসাহিত করবে।

টেইলর সুইফট দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাতব্য কাজে অনুদান দিয়ে আসছেন। তার রেকর্ড গড়া Eras Tour চলাকালেও তিনি সফর করা বিভিন্ন শহরের ফুড ব্যাংকগুলোকে সহায়তা করেছিলেন। এ ছাড়া প্রাণী উদ্ধার সংস্থা, হারিকেন ও টর্নেডো দুর্গতদের সহায়তা, লস অ্যাঞ্জেলেসের দাবানল ত্রাণ, ক্ষুধা নিবারণ কর্মসূচি, শিশু হাসপাতাল এবং ক্যান্সারে আক্রান্ত ভক্তদের জন্যও তিনি অনুদান দিয়েছেন।

অন্যদিকে, টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা না দিলেও, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সপ্তাহান্তে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিয়ের আগে একটি রিহার্সাল ডিনারের আয়োজন করা হবে। এরপর শুক্রবার মূল বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবেশ সচেতনতার কথা বলতে গিয়ে ট্রলের শিকার দিয়া মির্জা

কালের কণ্ঠ ডেস্ক
পরিবেশ সচেতনতার কথা বলতে গিয়ে ট্রলের শিকার দিয়া মির্জা

২০০০ সালে ‘মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল’ খেতাব জিতে লাইমলাইটে আসেন দিয়া মির্জা। ২০০১ সালে ব্লকবাস্টার ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ দিয়ে বলিউডে তার অভিষেক। এরপর তিনি লাগে রাহো মুন্না ভাই, সঞ্জু, দশ, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, থাপ্পড়-এর মতো জনপ্রিয় ও আলোচিত সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।

২০২১ সালে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত দিয়া। ৫ বছর বয়সী ছেলে অভ্যিয়ান রেখি এবং বৈভবের আগের পক্ষের কন্যা ১৭ বছর বয়সী সামায়রা রেখিকে নিয়ে দিয়া মির্জা এখন বলিউডের সুখী পরিবারের ছবি।

ওটিটিতে বেছে বেছে কাজ করলেও দিয়া মির্জা এখন অভিনেত্রী নন, পরিবেশকর্মী হিসেবে বেশি পরিচিত। নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তিনি পরিবেশ সচেতনতা ও জলবায়ু পরিবর্তনের ওপর তথ্যচিত্র ও শর্টফিল্ম বানান। গত এক দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত জীবনে প্লাস্টিক ব্যবহার পুরোপুরি বর্জন করেছেন দিয়া।

সমুদ্রসৈকত প্লাস্টিকমুক্ত করা, বন্য প্রাণী সংরক্ষণ, গাছ লাগানোর জন্য তিনি নিয়মিত ক্যাম্পেইন করেন। পরিবেশবান্ধব বাঁশের কাগজের ব্যবসা এবং প্লাস্টিক রিসাইক্লিং স্টার্টআপের সঙ্গেও যুক্ত দিয়া মির্জা। পরিবেশ রক্ষায় দীর্ঘস্থায়ী ও টেকসই অবদানের জন্য আন্তর্জাতিক নানা দায়িত্বও পালন করছেন তিনি। দিয়া জাতিসংঘের পরিবেশ কর্মসূচির শুভেচ্ছা দূত। এ ছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একজন বিশেষ দূত তিনি।

পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজের জন্য ২০২৩ সালে বিবিসি তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান দেয়। তবে পরিবেশ সচেতনতা নিয়ে কাজ করা আর আন্তর্জাতিক নানা স্বীকৃতিতে কিছুই যায় আসে না নেটিজেনদের। সম্প্রতি এক পডকাস্টে পরিবেশ সচেতনতার কথা বলতে গিয়ে নেটিজেনদের ট্রলের শিকার  হয়েছেন তিনি।

অভিনেত্রী সোহা আলী খানের পডকাস্টে দিয়া মির্জা তার ৫ বছরের ছেলে অভ্যিয়ানের একটি ঘটনার কথা উল্লেখ করেন। একবার এক ডেলিভারি বয় ডাব নিয়ে তাদের বাসায় এসেছিল। প্লাস্টিকের ব্যাগে ডাব আনতে দেখে বিরক্ত হয়েছিলেন দিয়া। হাসতে হাসতে তিনি বলেন, ‘বেচারা (ডেলিভারি বয়) জানত না কার বাসায় প্লাস্টিক নিয়ে এসেছে।’ মায়ের পরিবেশ সচেতনতার কথা জানে ৫ বছরের ছেলে অভ্যিয়ানও। দরজা খুলে অভ্যিয়ান কোমরে হাত দিয়ে দাঁড়ায় এবং  ডেলিভারি বয়কে বলে, ‘ভাইয়া প্লাস্টিক ব্যাগে এনেছেন কেন? আমাদের বাসায় প্লাস্টিক নিষেধ। আপনি এটাকে প্লাস্টিক থেকে বের করুন, নিচে রাখুন এবং প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিক স্ট্র নিয়ে যান।’

সোহাও পডকাস্টে অভ্যিয়ানের সচেতনতার প্রশংসা করে বলেন, ‘ভেবে দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সামনে দাঁড়িয়ে নিজের বিশ্বাসের জায়গায় এভাবে অটল থাকা!’

কিন্তু পডকাস্টের এ ক্লিপ ভাইরাল হতেই নেটিজেনদের তীব্র আক্রমণের মুখে পড়েন দিয়া মির্জা ও তার ছেলে। সোহা আলী যাকে নিজের বিশ্বাসে অটল থাকা বলছেন, নেটিজেনদের কাছে সেটাই মনে হয়েছে অহঙ্কার। একজন মন্তব্য করেছেন, ‘এদের অধিকারবোধের বাড়াবাড়ি সত্যিই অবিশ্বাস্য, এটা তাদের মৌলিক সম্মান এবং ভদ্রতাবোধকেও অন্ধ করে দেয়। আপনি যদি প্লাস্টিক না চান, তবে নিজেই ঠেলাগাড়িতে গিয়ে কিনে আনুন এবং কাগজের ব্যাগে করে বহন করুন।’

আরেকজন দিয়া মির্জাকে ভণ্ড হিসেবে অভিহিত করে লিখেছেন, ‘আপনি যদি পরিবেশ বাঁচানোর বিষয়ে সত্যিই এত গভীরভাবে চিন্তা করেন, তবে ডাবের পানির জন্য বিক্রেতার কাছে স্টিলের পাত্র নিয়ে যান। বিক্রেতাকে আপনার বাড়িতে এসে পৌঁছে দেওয়ার ঝামেলা থেকে রেহাই দিন।’

আরেকজন লিখেছেন, ‘এই ভিডিওটি দুটি ভিন্ন ভারতকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, একটা ছেলে যার বাস্তব পৃথিবী কীভাবে চলে সে সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে প্লাস্টিক নিয়ে চিন্তিত; এবং একজন ডেলিভারিম্যান যার মূল ফোকাস হলো কোনোমতে দিন গুজরান করা।’

তবে অভিনেত্রী ও দিয়া মির্জার ঘনিষ্ঠ রিচা চাড্ডা নেটিজেরদের ওপর পাল্টা আক্রমণ করেছেন। তারকাদের ওপর মানুষের আক্রমণ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আপনারা সবাই অবাক হন যে কেন অভিনেতারা মুখ খোলেন না?  মুখ খুললে নিয়মিত কিছু মগজহীন সন্দেহভাজনের হেনস্তা সইতে হয়।’ ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘অবশ্যই তারকাদের ওপর চড়াও হোন ভাই, অভিনেতাদের মানসিক স্বাস্থ্যের কী বা আর আসে যায়। মাঝেমধ্যেই তো আত্মহত্যা করে মুখরোচক খবরের জোগান দেওয়াও শিল্পীদের দায়িত্ব হওয়া উচিত। তাই না?’

ক্ষিপ্ত রিচা লিখেছেন, ‘সচেতন নারীরা যদি তাদের সিলেবাসের বাইরে কোনো কথা বলেন, তবে তাদের লজ্জিত করা হবে। যেন তারা শুধু লিপস্টিক, বিকিনি, মেকআপ নিয়েই কথা বলবে।’

দিয়া মির্জার পরিবেশ সচেতনতার নানা উদ্যোগের কথা উল্লেখ করে রিচা লেখেন, ‘এই বিষয়গুলো একটু খুঁজে দেখুন, কারণ আপনারা যদি একটি ৫ বছরের বাচ্চাকে হেনস্তা করতে পারেন, তবে গুগলে একটা সাধারণ সার্চও করতে পারবেন, তাই না?’

রিচা লেখেন, ‘দিয়া পরিবেশ রক্ষার জন্য একদিনে যা করেন, এসব ইউটিউবার আর ব্লগাররা সারা বছরেও তা করেন না।’ দিয়া মির্জার বিলাসী জীবনের অভিযোগ উড়িয়ে দিয়ে রিচা জানান, দিয়া তার বিয়েতে ১১০০ গাছ উপহার দিয়েছিল।

শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

অনলাইন ডেস্ক
শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোট দেবেন ৫৭৩ শিল্পী
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল প্রতীক্ষিত ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন শুরু হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুক্রবার সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ও বেলা ১টা থেকে থাকবে এক ঘণ্টা নামাজের বিরতি।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

চলচ্চিত্র অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে প্রাঙ্গণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান, সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। আরেকটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী। অন্যদিকে ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই গণনা শুরু হবে। সব কিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ফলাফল।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব, ফিরছেন ‘বরবাদ’ টিমের সঙ্গে

বিনোদন ডেস্ক
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব, ফিরছেন ‘বরবাদ’ টিমের সঙ্গে
ছবি : কালের কণ্ঠ

অনেক দিন ধরেই আলোচনা শোনা যাচ্ছিল রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে আবারও ফিরছেন শাকিব খান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গেল বছরে মুক্তি পাওয়া ‘বরবাদ’ টিমের সঙ্গে ফিরছেন ঢালিউডের শীর্ষ নায়ক। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ছবির বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান। 

তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।’ 

এদিকে ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার বিকেলে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান। 

কালের কণ্ঠকে এই নির্মাতা বলেন, ‘কিছুক্ষণ আগেই শাকিব ভাই আমাদের সঙ্গে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম কিংবা বাকি অন্যান্য কাস্টিং এখনো কিছু চূড়ান্ত হয়নি।’

তিনি আরো বলেন, ‘এটা আগের কোনো ছবির সিক্যুয়াল নয়। একদমই নতুন একটা গল্প। থ্রিলার অ্যাকশন জনরার সিনেমা, এখানে কোনো পলিটিক্যাল কিছু থাকবে না। শুধু এতটুকু বলব, দর্শক একদম নতুন কিছু পাবেন।’ 

জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু হবে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিং হবে। এরপর ২০২৭ সালের যে কোনো এক ঈদে মুক্তি পাবে। 

এর আগে ২০২৫ সালে শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমা নির্মাণ করে রীতিমতো বাজিমাত করেন মেহেদী হাসান হৃদয়। দারুণ ব্যবসাসফল এ সিনেমাটির পর গত ঈদুল আজহায় সিয়াম আহমেদের সঙ্গে তিনি নির্মাণ করেন ‘রাক্ষস’। এবার তিনি আবারও শাকিব খানের সঙ্গে ফিরছেন।