• ই-পেপার

গ্যালারিতে শাকিরার পাশে কে এই তরুণ

যে কারণে সালমান শাহর মরদেহ উত্তোলন হচ্ছে না

বিনোদন প্রতিবেদক
যে কারণে সালমান শাহর মরদেহ উত্তোলন হচ্ছে না
সংগৃহীত ছবি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর কবর থেকে তাঁর দেহাবশেষ উত্তোলনের যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার আদালত এ আদেশ দেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান।

তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। শুধু শুধু শাহজালাল (রহ:) এর মাজারে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এজন্য আমরা এই লাশ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’

আবেদনে উল্লেখ করা হয়, সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সালমান শাহর মরদেহ দাফন করা হয়েছে। দীর্ঘদিন পর কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এতে জনমনে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে আরো বলা হয়, বারবার মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ন করার পাশাপাশি সংঘর্ষের কারণ হতে পারে। এ কারণে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এবং সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং আদালতের কাছে পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন।

এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্নের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে ২৪ মে আদালত দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তাঁর মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর বাবা-মা ও পরিবারের সদস্যরা নিউ ইস্কাটনের বাসায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী জানান, তিনি ঘুমাচ্ছেন। পরে দুপুরের দিকে সালমানের অসুস্থতার খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় ছুটে যান। সেখান থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি এর আগেই মারা গেছেন।

অভিযোগে আরো বলা হয়, হাসপাতালে নেওয়ার পথে পরিবারের সদস্যরা সালমান শাহর গলায় দড়ির দাগ এবং শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন। এসব বিষয় উল্লেখ করে মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ

বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ
সংগৃহীত ছবি

এক সময় বাংলা পপ গানে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন সংগীতশিল্পী মিলা ও সুরকার-সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো হিট গানের পর দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি।

তাদের নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে তৈরি হওয়া গানটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। গানটির সঙ্গে একই দিনে প্রকাশ পাবে এর মিউজিক ভিডিওও।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে। ‘তুমি কি সাড়া দেবে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানগুলোর কথা এখনো মানুষ আমাকে মনে করিয়ে দেয়। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়েছিল। বলতে পারেন ‘কাণ্ডারি চল’ শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।’

No photo description available.

মিলা জানান, গানটির রেকর্ডিং শেষে ফুয়াদ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে তাদের আরো কয়েকটি গান নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। 

শুধু তাই নয়, নতুন গান প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে একসঙ্গে মঞ্চে পারফর্ম করার ইচ্ছাও রয়েছে তাদের। ফলে দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

জানা গেছে, ‘কাণ্ডারি চল’-এর মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।

মিলা ও ফুয়াদের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।

নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক
নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ
সংগৃহীত ছবি

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন, কিন্তু হঠাৎ করেই আবার সরে দাঁড়ান চিত্রনায়ক বাপ্পারাজ। এরপর নির্বাচনী আবহে হঠাৎ এফডিসিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন তিনি। দীর্ঘদিন পর তাঁর এমন উপস্থিতি ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এফডিসিতে আসেন বাপ্পারাজ। তবে নিজের মনোনয়ন জমা দিতে নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশে দাঁড়াতেই তাঁর এই আগমন।

এর আগে গত মে মাসে বাপ্পারাজ ঘোষণা দিয়েছিলেন, তিনি শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

এরপর প্রায় ১৯ দিন জনসমক্ষে এ বিষয়ে নীরব থাকার পর আবারও এফডিসিতে তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে সব সময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সব সময় শুভকামনা।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে এর আগে তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাপ্পারাজকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শুরুতে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি তাঁর প্রার্থিতা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তবে বাপ্পারাজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এফডিসিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। এবারের নির্বাচনে মূল লড়াই হবে দুটি প্যানেলের মধ্যে। 

একদিকে রয়েছেন আরমান-মুক্তি প্যানেল, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।

অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

অনলাইন ডেস্ক
অ্যানিমেটেড সিনেমায় কণ্ঠ দিতে জুটি বাঁধছেন টিমোথি ও সেলেনা

‘মিনিয়নস’ বা ‘ডেসপিকেবল মি’ এবং ‘সুপার মারিও ব্রোস’-এর মতো বিশ্ব কাঁপানো অ্যানিমেশন সিনেমার নির্মাতা প্রতিষ্ঠান ‘ইলুমিনেশন’ নিয়ে আসছে এলিয়েন বা ভিনগ্রহী কেন্দ্রিক নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘নট অ্যালোন’। আর এই সিনেমাতেই প্রধান দুইটি চরিত্রে কণ্ঠ দিতে একসঙ্গে জুটি বাঁধছেন হলিউডের জনপ্রিয় দুই তারকা টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ। সম্প্রতি ফ্রান্সের বিখ্যাত ‘অ্যান্সি অ্যানিমেশন ফেস্টিভ্যাল’ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এই সিনেমায় টিমোথি কণ্ঠ দিচ্ছেন ‘জো’ নামের চরিত্রে, যে একজন রকেট মেকানিক এবং একা শান্তিতে থাকতে ভালোবাসে। অন্যদিকে, সেলেনা গোমেজ কণ্ঠ দিচ্ছেন ‘ফ্রান’ চরিত্রে, যে একজন অত্যন্ত মেধাবী জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-চালিত রকেট তৈরি করছে। গল্পে দেখা যাবে, এই বৈপ্লবিক রকেট মহাকাশে ছাড়ার প্রস্তুতির সময় জো ও ফ্রানের দেখা হয় এবং তাদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। কিন্তু প্রেম-ভালোবাসার বিষয়ে তারা দুজনেই একদম আনাড়ি।

জো ও ফ্রানের জীবন আরো জটিল হয়ে ওঠে যখন তিনটি দুষ্টু এলিয়েন এসে জো-এর বাড়িতে আশ্রয় নেয়। এই তিন ভিনগ্রহী—ডাঙ্ক, ওয়েলি ও শিরম মহাকাশের এক অদক্ষ আইনরক্ষকের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিল। তারা বুঝতে পারে যে, ফ্রানের তৈরি করা রকেটটিই তাদের নিরাপদে নিজেদের গ্রহে ফিরে যাওয়ার একমাত্র উপায়।

সিনেমাটির প্রযোজনা করছেন ইলুমিনেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ক্রিস মেলেডানড্রি। এ ছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন জয় পোয়েরেল, রিচার্ড কার্টিস ও ডেভিড ডিসটেনফেল্ড। নতুন ও মজার এই অ্যানিমেশন সিনেমাটি ২০২৭ সালের ১৬ এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।