• ই-পেপার

জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

ইউআইটিএসে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
ইউআইটিএসে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে তরুণদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনাসভা। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে ‘মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে তরুণদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বসুন্ধরা শুভসংঘ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হলরুমে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মো. রশিদুল হাসান। 

বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের সামনে সবচেয়ে বড় সামাজিক ও মানসিক সংকটগুলোর মধ্যে মাদক ও স্মার্টফোন আসক্তি অন্যতম। মাদকাসক্তি যেমন একজন ব্যক্তির জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তেমনি অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা, সৃজনশীলতা, সামাজিক যোগাযোগ এবং মানসিক সুস্থতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথি অধ্যাপক ড. প্রকৌশলী মো. রশিদুল হাসান বলেন, ‘প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহার সমাজে নতুন সংকট সৃষ্টি করছে। বর্তমানে অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম এবং বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফরমে অতিরিক্ত সময় ব্যয় করায় বাস্তব জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এর ফলে তাদের মধ্যে একাকীত্ব, উদ্বেগ, হতাশা এবং বিভিন্ন মানসিক সমস্যার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই প্রযুক্তিকে জীবনের সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে, জীবনের বিকল্প হিসেবে নয়।’

বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ ই এম ফাহিম হাসান বলেন, ‘মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতার গুরুত্ব অপরিসীম। একজন তরুণ যদি সঠিক দিকনির্দেশনা, ইতিবাচক পরিবেশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ পায়, তাহলে সে সহজেই মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হবে।’ এজন্য শিক্ষার্থীদের খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

উপস্থিত শিক্ষার্থীরা মাদক ও স্মার্টফোন আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে বলেন, শুধু আইন বা শাস্তি দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়; বরং সচেতনতা সৃষ্টি, পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি করতে হবে। এ সময় অংশগ্রহণকারীরা একটি মাদকমুক্ত, সুস্থ ও প্রযুক্তির সঠিক ব্যবহারে অভ্যস্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে হাকিমপুরে বসুন্ধরা শুভসংঘের সভা
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুর জেলার হাকিমপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২৩ জুন) বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হলেন—ফারজানা, অর্পিতা বসাক, বিপাশা পাল, মিলি, আফিয়া, আতিয়া ও মোমেনা। পরবর্তীতে তাদের হাতে পুরষ্কার তুলে দেন 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো.জাকির হোসেন। তিনি বলেন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বিভিন্ন অপরাধ প্রবণতা দূর করতে হলে সচেতনতার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম গুলো খুব সুন্দর। এই সংগঠনের যেকোনো বিষয়ে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত।’

বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি খাদিজা আক্তার জুঁইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল, উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা নাজ সুলতানা বিথি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

কন্যা সন্তানদের নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহ সভাপতি উম্মে হাবিবা আঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম ইসলাম আকাশ, ইরফান আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাবাসসুম আক্তার রুকু, অর্থ সম্পাদক তহমিনা তিশা, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যকরী সদস্য মুস্তাকিম ইসলাম প্রমুখ।

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে দিনাজপুর সরকারি কলেজে সবুজ ভবিষ্যতের বীজ বুনন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে দিনাজপুর সরকারি কলেজে সবুজ ভবিষ্যতের বীজ বুনন

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে ।

‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে সোমবার (২২ জুন) আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়। দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অংশ নেন। চারা পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন–দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক, ইতিহাস বিভাগের প্রভাষক ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সাব্বির রহমান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুস সবুর।

দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার এই সময়ে বৃক্ষরোপণের গুরুত্ব অনেক বেশি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও ভূমিকা রাখে।’

কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবং বসুন্ধরা শুভসংঘ কলেজ শাখার উপদেষ্টা বলেন, তরুণদের পরিবেশ সচেতন করে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বসুন্ধরা শুভসংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, ইতিবাচক মূল্যবোধ ও জনকল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলছে।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের সম্পৃক্ত করে সবুজায়ন আন্দোলনকে এগিয়ে নিতে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে।’

এ সময় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরূপ কুমার রায়, সহসভাপতি শাহরিয়ার কবির, প্রদীপা রাণী, মো. আব্দুল্লাহ আল মামুন ও নাইমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক জাকির হোসেন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক, অনন্যা অনু ও আসাদুন নাহার মুক্তা, তথ্য সম্পাদক মো. মোনাইম হাসান নিয়ন, সহক্রীড়া সম্পাদক সেলিম আরিফ, সাহিত্যবিষয়ক সম্পাদক পাওয়েল চন্দ্র দেব শর্মা, মানবকল্যাণবিষয়ক সম্পাদক অঞ্জলি সরকার এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা টিস্যু-শুভসংঘের উদ্যোগ

গাছের চারা পেল বিদ্যালয়ের শিক্ষার্থীরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
গাছের চারা পেল বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে সোমবার সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে সাতক্ষীরার তালায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়।

সুন্দর সবুজ আগামী গড়ার প্রত্যয় নিয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ জুন) দুপুরে তালা শহীদ কামেল মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার উপদেষ্টা মো. রেজাউল ইসলাম রেজা ও শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এসময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা।

বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’

সাধারণ সম্পাদক কাজী ইরিন বলেন, ‘বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমাজ ও পরিবেশের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সহ-সভাপতি সুমন ইসলাম ও সুরভী সাদিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহিনী আক্তার প্রীতি, নারীবিষয়ক সম্পাদক পপি খাতুন, আইন ও তথ্য সম্পাদক মো. ইয়াকুব্বর বিশ্বাস, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক শেখ তামিম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার নাফিজ হৃদয়, কার্যকরী সদস্য মেহেরীন জুঁই, রত্না খাতুন এবং কাজিন ফাতেমা পাখিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।