• ই-পেপার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হাসান নাহিদ। সংগৃহীত ছবি

ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ নাজমুল হাসান নাহিদ (৩৫) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বংকিরা গ্রামের চাতরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান নাহিদ বংকিরা পূর্বপাড়া এলাকার বাসিন্দা ও ওসমান আলীর ছেলে। তিনি সাধুহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, নাজমুল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি চাতরের মাঠে একটি খুপরি ঘর তৈরি করে সেখানে মাদক বিক্রির আস্তানা গড়ে তুলেছিলেন। সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করা হতো এবং দূর-দূরান্ত থেকে মাদকসেবীরা সেখানে এসে মাদক কিনতেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, বংকিরা ও আশপাশের এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পদ্মা নদী রক্ষায় মিনি মেরাথন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পদ্মা নদী রক্ষায় মিনি মেরাথন
ছবি: কালের কণ্ঠ

ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের প্রায় সাড়ে ৫৫০ জন দৌড়বিদ অংশ নেন। তাদের মধ্যে অন্তত ১৩৫ জন নারী ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘রান ফর পদ্মা’ কেবল রাজশাহীর একটি আয়োজন নয়, এটি দেশের নদ-নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টির একটি সামাজিক আন্দোলন। ঐতিহাসিক পদ্মাসহ দেশের সব নদী বাঁচানোর দাবি মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তাদের মতে, নদী রক্ষা শুধু পরিবেশের প্রশ্ন নয়, এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও দেশের ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

খুলনায় মোটরসাইকেলে এসে শিক্ষার্থীকে গুলি

খুলনা অফিস
খুলনায় মোটরসাইকেলে এসে শিক্ষার্থীকে গুলি
ছবি : কালের কণ্ঠ

খুলনা মহানগরীর সদর থানার রূপসা বেড়িবাঁধ এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইতি (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকারের মেয়ে। স্থানীয় সূত্রের দাবি, তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের বোন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে এসে হেলমেট পরা দুই যুবক শিক্ষার্থী ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় একটি গুলি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কে বা কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান মোল্যা বলেন, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করছেন।

তিনি বলেন, ‘আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।’

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।