চট্টগ্রামের সন্দ্বীপে কুকুরকে পানিতে চুবিয়ে মারার অপরাধে আব্দুল হান্নান (৪৪) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ করবে না মর্মে তার কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজীর হাট এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় হাজীর হাট এলাকায় নিজের বাড়িতে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আব্দুল হান্নান নামের ওই ব্যক্তি একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে চুবিয়ে কুকুরটির মৃত্যু পর্যন্ত ডুবিয়ে রাখে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সর্বত্র তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
ভিডিওটি নজরে আসার পর থেকেই সন্দ্বীপের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন অপরাধীকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে। গতকাল থেকে বিভিন্ন উৎসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী ও পশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।




