রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. ইকবাল হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইকবাল হোসেন পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের নাছনা মুরাদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভুক্তভোগী ৩১ বছর বয়সী এক নারী বৃহস্পতিবার পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর প্রতি অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে আসছিলেন। প্রায় এক সপ্তাহ আগে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে অস্ত্রসদৃশ একটি বস্তু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। লজ্জা ও প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগী তখন বিষয়টি কাউকে জানাননি।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, গত ১ জুলাই সকাল ১০টার দিকে ভুক্তভোগী বাড়িতে অবস্থানকালে অভিযুক্ত আবারও তার ঘরে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগীর তিন বছর বয়সী ছেলেকে ভয়ভীতি দেখিয়ে তাকে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নাছনা মুরাদপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেন। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।




