• ই-পেপার

কুড়িগ্রামে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ

ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সংগৃহীত ছবি

শ্রমিক ধর্মঘটের জেরে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) দুই হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর এই গার্মেন্টেসটি বন্ধ ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা কারখানায় বে-আইনি ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ তাদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করলেও ৩০ জুন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখে। পরে বাধ্য হয়ে ১ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট ২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন রুবিনা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে কারখানার মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিটিউট মেডিক্যালে রেফার করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরদিন সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর জানাজানি হলে কারখানার অন্য শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক দিন ধরে কারখানায় অসন্তোষ বিরাজ করছিল।

মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

ফেনীতে পাওয়ার টিলার-সিএনজি সংঘর্ষে নিহত ১

ফেনী প্রতিনিধি
ফেনীতে পাওয়ার টিলার-সিএনজি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

ফেনী ছাগলনাইয়ার মির্জ্জার বাজারের রোশন ফকিরের মাজারে সামনে পাওয়ার টিলার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া মির্জ্জার বাজারের রোশন ফকিরের মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন খোকন(৫৫) ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ছাগলনাইয়া থেকে আমজাদহাটগামী সিএনজি মির্জ্জার বাজারের রোশন ফকিরের মাজার সংলগ্ন স্থানে পৌঁছানোর পর জমি থেকে রাস্তায় উঠে আসা এক পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকের পাশে বসা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠায় স্থানীয়রা। 

ছাগলনাইয়া ওসি আবু তাহের জানান, মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনাকবলিত পাওয়ার ট্রিলার ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

টঙ্গীতে মোটরসাইকেলযোগে অস্ত্রের মহড়ায় অংশগ্রহণ, গ্রেপ্তার ৩

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে মোটরসাইকেলযোগে অস্ত্রের মহড়ায় অংশগ্রহণ, গ্রেপ্তার ৩
ছবি: কালের কণ্ঠ

গত ২৮ জুন টঙ্গী শিল্পাঞ্চলে ঝুট ব্যবসার জন্য কয়েক শ মোটরসাইকেলে অস্ত্রের মহড়ায় অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। বুধবার (১ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার মৃত বাবুল খার ছেলে রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার এলাকায় মোটরসাইকেলে অস্ত্রের মহড়া হয়। ঘটনাটি তদন্ত করে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

২৮ জুন সকাল ১১টা ৫৭ মিনিটে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েক শ মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ৮/১০ জনের একটি প্রতিনিধিদল ভেতরে গিয়ে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেওয়ার নির্দেশ দিয়ে চলে যান। এ সময় কারখানার ভেতরে বায়ার ছিলেন। এই ঘটনা সিসিটিভি ফুটেজ ও ছবি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। কালের কণ্ঠ প্রথম এই ঘটনার সংবাদ প্রচার করে। অতঃপর এই খবর অসংখ্য মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিও ও ছবিতে জনৈক কিশোরকে মুখোশপরা চালকের একটি মোটরসাইকেলের পেছনে বসে দেশীয় লম্বা অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এই তিন জন গ্রেপ্তারের পর পুলিশ অস্ত্র প্রদর্শনকারী কিশোরসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। গতরাতে মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি। ভারতীয় বাসমতি চাল, শাড়ি, উন্নতমানের সাবান, গরু, চকলেট, মরিচের বীজ, নিউরোবিন ফোর্টি ট্যাবলেট, চিংড়ি মাছের রেণু, গাঁজা ইত্যাদি। এসব পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি-৬০ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর, চন্ডিদার ও কসবা এলাকা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও মাদলা সীমান্ত এলাকায় মঙ্গলবার (৩০ জুন) রাত থেকে বুধবার (১ জুলাই) দুপুর পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে এক কোটি ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

তিনি আরো জানান, ভবিষ্যতেও সীমান্তে সকল ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।