• ই-পেপার

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ আদালতে হত্যা মামলার আসামিকে মারধর বিক্ষুব্ধ জনতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ আদালতে হত্যা মামলার আসামিকে মারধর বিক্ষুব্ধ জনতার
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ আদালতে হত্যা মামলার আসামি শরীফকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে এই ঘটনা ঘটে।

আইনজীবীরা জানান, ফতুল্লা চাঁনমারী এলাকার মো. নাছির উদ্দিন নামের এক ডিশ লাইন (ক্যাবল) ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য আদালতে ওঠানো হয়। সেই সঙ্গে তাকে কোর্ট হাজত থেকে আদালতে নেওয়ার পথে নিহত মো. নাছির উদ্দিনের এলাকাবাসী শরীফকে পুলিশের সামনেই হামলা করার চেষ্টা করে।

এক পর্যায়ে আসামি শরীফ আদালতের দরজার সামনে পড়ে যায়। আর এতেই বিক্ষুব্ধ জনতা শরীফকে মাটিতে ফেলে মারধর করে। পরে আরো পুলিশ ও অন্যান্য আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে আসামির রিমান্ড শুনানি হয় এবং আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভুঁইয়া সবুজ বলেন, নাছির উদ্দিন নামের এক ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী হত্যা মামলার আসামি শরীফকে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত চত্বরে আসামিকে মারধর করা প্রসঙ্গে সবুজ বলেন, এলাকাবাসী তার ওপর অনেক ক্ষুব্ধ ছিল। তাকে সরাসরি দেখে নিজেদের ঠিক রাখতে না পেরে তারা এই কাজটা করেছে। তবে আমরা বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলা করার চেষ্টা করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছি। সেই সঙ্গে আদালত আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ১৪ মে চানমারী মাউরাপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে মো. নাছিরউদ্দিন ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় ফতুল্লা থানায় শরীফ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

হালুয়াঘাট পৌরসভার ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাট পৌরসভার ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা
মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।

ময়মমনসিংহের হালুয়াঘাটে পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি।

রাজস্ব ও উন্নয়ন খাত মিলে এবারের বাজেট ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫৫৫ টাকা। এ বছর বিভিন্ন খাতে ব্যায় ধরা হয়েছে ২০ কোটি, ৩ লাখ, ৯৫ হাজার।

পরিচ্ছন্ন শহর গড়ার জন্য বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, শহরে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্প নির্মাণ, কবরস্থান নির্মাণ, শ্মশান নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এ সময় জনগণকে পৌরকর, ব্যবসা লাইসেন্স ফি, দোকানভাড়া, পানির বিল ও পৌরসভার যাবতীয় পাওনা পরিশোধ করার আহ্বান জানান পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মো. শাকের উল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ প্রমুখ।

আসলাম চৌধুরীর রায়ের পর চট্টগ্রামে নেতাকর্মীদের বিক্ষোভ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আসলাম চৌধুরীর রায়ের পর চট্টগ্রামে নেতাকর্মীদের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। এই খবরে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট, বাড়বকুণ্ড, কুমিরা, ভাটিয়ারীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  এ ছাড়া মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় কর্মী-সমর্থকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

নেতাকর্মীরা বলেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত, ত্যাগী, দীর্ঘ কারা নির্যাতিত নেতা লায়ন আসলাম গভীর ষড়যন্ত্রের শিকার। আসলাম চৌধুরীর সঙ্গে এ ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। অবিলম্বে আসলাম চৌধুরীকে শপথ নেওয়ার অনুমতি দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

রায়ের বিষয়ে আসলাম চৌধুরী বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে রাজনীতিবিদদের একটু মন খারাপ তো হবেই। পূর্ণাঙ্গ রায় পেলে আমরা আবার রিভিউ আবেদন করব। আশা করি, চূড়ান্ত বিজয় আমাদেরই হবে।’

এর আগে মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ।

পঞ্চগড়ে দেশসেরা দুই শিক্ষার্থীকে সংবর্ধনা

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দেশসেরা দুই শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি: কালের কণ্ঠ

পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেশসেরা দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নাবিহা নাসরিন আঈদা সাধারণ জ্ঞান বিভাগের কুইজে জাতীয় পর্যায়ে প্রথম স্থান ও সাদমান সাদিক বাংলা বিভাগে কুইজে দ্বিতীয় স্থান অধিকার করে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও ফুলের মালা পরিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারজয়ী আরো তিন শিক্ষার্থীকেও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ, পঞ্চগড় চেম্বারের সাবেক সহসভাপতি মেহেদী হাসান খান বাবলা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, সাবেক কাউন্সিলর ওসমান গণি বাবুয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রতিবুল ইসলাম ও প্রধান শিক্ষক প্রবীর কুমার সেন।

এমন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। প্রান্তিক জেলা থেকে জাতীয় পর্যায়ে পুরস্কার ছিনিয়ে আনা অন্য শিক্ষার্থীদের জন্য উদাহরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।