গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন ও আশপাশের এলাকায় র্যাব-১ পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম এবং সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিপুলসংখ্যক র্যাব সদস্য এ অভিযানে অংশ নেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও টঙ্গী পূর্ব থানার পুলিশও সহযোগিতা করে।
অভিযান চলাকালে টঙ্গী রেলওয়ে জংশন ও আশপাশের এলাকা থেকে ইয়াবা, গাঁজা, মাদকদ্রব্যের ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম বলেন, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।




