• ই-পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তা

ফেনীতে লুটপাটের মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

ফেনী প্রতিনিধি
ফেনীতে লুটপাটের মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে
সংগৃহীত ছবি

ফেনীর সোনাগাজীতে মৎস্য খামারি হাজী সিরাজুল হকের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে করা মামলায় বিএনপি ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুন) ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছালামত উল্যাহ শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিন, যুবদলকর্মী মোশারফ হোসেন, মো. আসিফ, আরিফ শুভ, মো. নীরব, বেলাল হোসেন, দাউদুল ইসলাম ও মো. সৌরভ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ মার্চ হাজী সিরাজুল হকের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। এর আগে ৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে হাজী সিরাজুল হকের নতুন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখ করা হয়, হাজী সিরাজুল হক সোনাগাজী মুহুরী প্রজেক্ট এলাকায় মাছের খামারের ব্যবসা করেন। এর আগে ৭ ফেব্রুয়ারি তার পরিবারের সদস্যরা খামার থেকে মালামাল আনতে গেলে প্রতিপক্ষের ১৫-২০ জনের একটি দল তার ছেলে ফরহাদুল ইসলাম বিপ্লব ও রাকিবুল ইসলাম হৃদয়কে মারধর করে। এ সময় একটি মোটরসাইকেলসহ খামারের বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়, যেখানে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।

হাজী সিরাজুল হকের ছেলে ফরহাদুল ইসলাম বিপ্লব বলেন, ওই ঘটনার বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ৩ মার্চ দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা রান্নাঘরে আগুন দেয়, বসতঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই ঘটনার পরদিন ক্ষতিগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলন করে জীবনের নিরাপত্তা দাবি করে। অন্যদিকে আসামিপক্ষও পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করে।

দলীয় সূত্র জানায়, মামলার বাদীর সঙ্গে আপস-মীমাংসার আলোচনা চলছিল। এ অবস্থায় উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে আসামিরা নির্ধারিত তারিখে ফেনীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে ফেনী আদালত পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নিয়ে আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভেটেরিনারি সার্জন নেই ছয় বছর, চিকিৎসা দেন কম্পাউন্ডার

১১টি পদের মধ্যে ছয়টি পদই শূন্য দ্রুত পদক্ষেপ দাবি স্থানীয়দের

গণেশ চন্দ্র পাল, গোয়ালন্দ (রাজবাড়ী)
ভেটেরিনারি সার্জন নেই ছয় বছর, চিকিৎসা দেন কম্পাউন্ডার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রাণিসস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ছবি: কালের কণ্ঠ

হাসপাতালের ১১টি পদের মধ্যে ছয়টি পদই শূন্য। প্রায় ছয় বছর ধরে নেই ভেটেরিনারি সার্জন। গবাদিপশুর সব রোগের চিকিৎসা দেন ভেটেরিনারি কম্পাউন্ডার।

এমন অবস্থা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ভেটেরিনারি হাসপাতালের। 

জনবল সংকটে উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসকের অভাবে গবাদি পশুর যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ কৃষক ও খামারিরা।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। সেখানে উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, প্রাণিসম্পদ সহকারী, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট, ভেটেরিনারি কম্পাউন্ডার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেট, ড্রেসার ও অফিস সহায়কসহ মোট ১১টি পদ রয়েছে। কিন্তু সেখানে ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। 

সূত্র জানায়, হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ ভেটেরিনারি সার্জন পদে চিকিৎসক নেই ২০২১ সাল থেকে। পাশাপাশি উপজেলা লাইফ অ্যাসিসট্যান্ট (ইউএলএ)-এর একটি পদ, ফিল্ড অ্যাসিসট্যান্ট (এফএ) একটি ও অফিস সহায়কের একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট (ভিএফএ)-এর তিনটি পদের মধ্যে দুটি পদ শূন্য। এছাড়া ড্রেসার পদে একজন থাকলেও দীর্ঘদিন ধরে তিনি প্রেষণে ঢাকা চিরিয়াখানায় রয়েছেন।

এদিকে, সরকারি ওই ভেটেরিনারি হাসপাতালে প্রতিদিন গড়ে ৫০টি অসুস্থ গবাদিপশু চিকিৎসা নিতে আসে। প্রচণ্ড গরম ও ভাইরাসজনিত কারণে নানা রোগে আক্রান্ত গবাদিপশুর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এর মধ্যে লাম্পি স্কিন ডিজিস (এলএসডি)-এ আক্রান্ত গরু-বাছুর ও জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা ও  নিমোনিয়ায় আক্রান্ত ছাগলের সংখ্যা সবচেয়ে বেশি। তবে, চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল না থাকায় উপজেলার  প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। 

স্থানীয় গবাদিপশু পালনকারী বিভিন্ন কৃষক ও খামাররিদের অনেকে বলেন, ভেটেরিনারি চিকিৎসক ছাড়া অন্য  কোনো কারো গবাদি পশুর চিকিৎসা করার কথা নয়। অথচ গোয়ালন্দ উপজেলার সরকারি ওই ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি চিকিৎসক (সার্জন) নেই। 

তারা বলেন, অসুস্থ গবাদিপশুর চিকিৎসা করছেন ওই হাসপাতালে কর্মরত ভেটেরিনারি কম্পাউন্ডার। সব রোগের  চিকিৎসায় তিনিই ওই হাসপাতালে আসা অসুস্থ গবাদিপশু দেখে সাদা কাগজে চিকিৎসাপত্র লিখে দিচ্ছেন।  সেখানে গবাদিপশুর যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ কৃষক ও খামারিরা।

গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদত হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জনবল সংকট প্রকট। ১১টি পদের মধ্যে ভেটেরিনারি সার্জনসহ ছয়টি পদ শূন্য রয়েছে। এতে উপজেলার গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় মানুষের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই নৃপেন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

তিনি আরো জানান, আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে ইজারা নেওয়ার সরকারি হাট থেকে খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।

সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু অভিযোগ করেন, মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও আদমপুর হাট সরকারি টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান তিনি। এখন খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন বাঁধা দিচ্ছে। সেই সঙ্গে ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকে তারা টাকা আদায় করছে।

তিনি আরো অভিযোগ করেন, হাটে আমার মনোনীত ব্যক্তি খাজনা আদায় করতে গেলে মারধর করা হচ্ছে। কিছু বললে উল্টো হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকারের উপ-পরিচালকের বরাবর অভিযোগ দিয়েও কোনো সুরাহা হয়নি। সঠিকভাবে সরকারিভাবে পাওয়া হাটের ইজারা আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিস্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযুক্ত সোহাগ সরকার বলেন, ‘আমরা টাকা আদায় করছি না। হাটের আড়তদাররা কমিশন নিচ্ছে।’