• ই-পেপার

টেকনাফে বাস দুর্ঘটনা : বিজিবির দ্রুত তৎপরতায় প্রাণ বাঁচাল যাত্রীদের

সাভার-আশুলিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার-আশুলিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয় এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরিকল্পনা করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সাভারের আমিনবাজার তুরাগ এলাকা থেকে সাতজন এবং আশুলিয়ার তুরাগ নদী সংলগ্ন এলাকা থেকে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সাভারে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও নাশকতা ও হত্যা-সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সংগৃহীত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

এর আগে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হালুয়াঘাট উপজেলার ঠেঙ্গাবর গ্রামের মৃত আ. গফুরের ছেলে মো. আবুল হাসেম (৬৫), একই গ্রামের জুয়েল ফকিরের ছেলে মো. মাজাহারুল ইসলাম আশিক ফকির (২৪), স্বদেশি গ্রামের মৃত জুমুর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৬) এবং একই গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রফিকুল (৩৫)। 

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।’

প্রসঙ্গত, এর আগের দিন সোমবার একই অভিযানে উপজেলার আরো ১১ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে এক বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, মরদেহের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেল দুর্ঘটনা হতে পারে। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কিভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। মরদেহের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়, যাতে কয়েকটি জামা-লুঙ্গি, একটি চাদর ও কিছু খুচরা টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পিবিআই ও সিআইডি টিম ঘটনাটি তদন্ত করছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ভালুকায় যুবদলের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ভালুকায় যুবদলের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে ভালুকা সরকারি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, জেলা যুবদল নেতা আতিক উল্লাহ পাঠান, যুবদল নেতা কামরুজ্জামান তুহীন, আজহারুল ইসলাম সাগর, রুহুল আমিন ও রাজুসহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদল রাজপথে রয়েছে। তারা অপপ্রচার, সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, ‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল কাজ করে যাবে।’

সভা শেষে নেতাকর্মীরা শান্তি, স্থিতিশীলতা ও সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।