• ই-পেপার

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকা থেকে সিলেটগামী আন্ত নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে করে ভ্রমণ করার সময় রেলসেতুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে মো. আরিফুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে মেঘনা নদীর ভৈরব সেতুতে তিনি ধাক্কা লেগে মারা গেছেন।

নিহত আরিফুল ইসলাম (২৬) জেলার নবীনগর উপজেলার রসুল্লা ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মো. আজিজুল ইসলাম কান্দুর একমাত্র ছেলে।

পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আরিফুল ইসলাম ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার পিটিআই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ট্রেনে চড়েন। টিকেট না পেয়ে তিনি ট্রেনের ছাদে উঠে পড়েন। ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে সেতুর পার হওয়ার সময় ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. শাহ আলম মিয়া জানান, ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুতে আঘাত পেয়ে মারা যান আরিফুল। পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের লোকজন তার লাশ এসে নিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতি এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এবং এসব প্রতিহত করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

এদিকে একই দিনে আখাউড়া উপজেলায়ও যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে মিছিল করেছে।

তদন্ত ছাড়াই ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবি স্ত্রীর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
তদন্ত ছাড়াই ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবি স্ত্রীর
ছবি: কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের স্ট্যাম্প ভেন্ডার ও ব্যবসায়ী মো. কামালকে একটি ডাকাতি মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর অভিযোগ করেছে তার পরিবার। তাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে দাবি তুলে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তার নিঃশর্ত মুক্তি ও ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছে তার স্ত্রী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নবীনগর উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আলিয়াবাদ গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কামাল ভেন্ডারের (স্ত্রী) পাপিয়া বেগম ঘটনার বিবরণ দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এবং নবীনগর থানার পুলিশসহ দুটি গাড়ি আমাদের বাড়ি ঘেরাও করে। দরজা-জানালায় প্রচণ্ড শব্দ করে তারা দরজা খোলার দাবি জানায়। কামাল দরজা খোলার পর পুলিশ সদস্যরা ঘরে ঢুকে ঘরের আলমারি ও ড্রয়ার তছনছ করে এবং নারীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে। এ সময় পরিবারের সবার মোবাইল ফোন জব্দ করা হয়।

পাপিয়া বেগম পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে আরো জানান, রাশেক নামে এক চিহ্নিত ডাকাতের তথ্যের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অথচ এই রাশেক হচ্ছে কামাল ভেন্ডারের বোনের সাবেক স্বামী, যার সঙ্গে প্রায় ৪ বছর আগে পারিবারিকভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। পূর্বশত্রুতার জেরে ওই ডাকাত কামাল ভেন্ডারের নাম বলতে পারে। কিন্তু পুলিশ কোনো রকম পূর্ব তদন্ত ছাড়াই একজন সম্মানিত ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দিল।

ভুক্তভোগীর ছোট ভাই জামাল উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার ভাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। তাকে নবীনগরের আলিয়াবাদ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হলেও মামলার এজাহারে দেখানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই সরাসরি তাকে ডাকাতি মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে,যা সম্পূর্ণ হয়রানিমূলক। তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগীর ছেলে ও নবীনগর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. অপু মিয়া বলেন, ‘আমরা নবীনগর থানার সামনেই দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। আমার বাবার কোনো অপরাধের রেকর্ড নেই। তাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, তখন স্থানীয় সংসদ সদস্যের (এমপি) বাসার সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং বাবার মোবাইল ট্র্যাকিং করলেই পরিষ্কার হয়ে যাবে যে তিনি ঘটনার সময় বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। অথচ পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাকে ডাকাতির সর্দার সাজিয়ে মিথ্যা মামলা দিয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ ও নবীনগর থানা পুলিশের একাংশের অসহযোগিতা এবং দুর্ব্যবহারের অভিযোগও তোলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার তথ্য প্রদানকারী এসআই মো. জাহিদ হোসাইন কালের কণ্ঠকে বলেন, মো. কামাল মিয়াকে ডাকাতির সঙ্গে সম্পৃক্ততা থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কর্তৃক কামাল ভেন্ডারকে নবীনগর থানা পুলিশের সহযোগিতায় তার নিজ বাড়ি থেকে গভীর রাতে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তাকে কি কারণে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা থেকে গ্রেফতার দেখিয়েছে এবং কোন মামলা দিয়েছে, এটা সম্পূর্ণ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিষয়।’

পুলিশের এই দুই ধরনের বক্তব্যের কারণ কী? এই মামলার তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. জহিরুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে এই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাত্র দুইদিন হলো। তদন্ত ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। আপনি এসে আমার সিনিয়রদের সঙ্গে কথা বলেন।’

এদিকে সংবাদ সম্মেলনে বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘একজন নিরপরাধ সমাজসেবক ও ব্যবসায়ীকে এভাবে গায়েবি মামলায় ফাঁসানো হলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? তারা অবিলম্বে কামাল ভেন্ডারের নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার পেছনে থাকা প্রকৃত রহস্য উদঘাটনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

 

নিষিদ্ধ সংগঠন আ. লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
নিষিদ্ধ সংগঠন আ. লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল।

বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রকাশ্যে আসার চেষ্টা করছে এবং দেশবিরোধী কর্মকাণ্ডসহ নাশকতার পরিকল্পনায় জড়িত থাকতে পারে—এমন আশঙ্কা থেকে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে গণহত্যার অভিযোগে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সংগঠনটিকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি তোলেন।

এছাড়া কর্মসূচিতে জেলা যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তি ও নারী শক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।