টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র্যাঙ্কিংস ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। প্রকাশিত র্যাঙ্কিংয়ে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে তৃতীয় এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে প্রথম অবস্থানে রয়েছে নোবিপ্রবি।
বুধবার (২৪ জুন) প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে শিক্ষা, গবেষণা, সামাজিক অন্তর্ভুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অবদানের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, গবেষণা প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণায় উৎসাহ প্রদান, টেকসই উন্নয়নভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন উদ্যোগের ফলে এ সাফল্য অর্জিত হয়েছে।
এ অর্জনে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা এটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামাজিক অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন।
এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবির এই অভাবনীয় সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। এই গৌরবময় অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
তিনি আরো বলেন, ‘এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাব।’
বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা আশা করছেন, এ অর্জন গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে ও আন্তর্জাতিক অঙ্গনে নোবিপ্রবির পরিচিতি আরো বিস্তৃত করবে।








