• ই-পেপার

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরায় নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

প্রতিবন্ধী শিল্পীদের কর্মসংস্থান দাবিতে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রতিবন্ধী শিল্পীদের কর্মসংস্থান দাবিতে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাবিতে

সাংস্কৃতিক জগতে প্রতিবন্ধী শিল্পীদের পেশাদার কর্মসংস্থান নিশ্চিত করার দাবিকে সামনে রেখে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) আয়োজনে তরুণ-নেতৃত্বাধীন শিফট ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। এছাড়া উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের চেয়ারম্যান প্রিয়াঙ্কা গোপ, যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক তাওহিদা জাহান, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংসদের সভাপতি এবং চলচ্চিত্র সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলফেছানী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং সংগীত, চারুকলা ও নৃত্যকলার বিভাগগুলোতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে তাদের পেশাদার ক্যারিয়ার গড়ার পথ তৈরি করতে হবে।

সভাপতির বক্তব্যে নাসরিন জাহান বলেন, প্রতিবন্ধী শিল্পীরা কেবল অনুপ্রেরণার গল্প হয়ে থাকুন এটা আমরা চাই না, তাঁরা টেলিভিশনে নিয়মিত কাজ পান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে চাকরি পান এবং মঞ্চে পারিশ্রমিক পান— একজন পেশাদার শিল্পী হিসেবে, সমান মর্যাদায়।

শিফট ক্যাম্পেইনের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপনায় সৈয়দ জাবির হোসেন বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ একটি বিশাল কর্মক্ষেত্র হলেও প্রতিবন্ধী শিল্পীরা এখান থেকে পদ্ধতিগতভাবে বাদ পড়ে আছেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমিতে প্রতিবন্ধী শিল্পীদের জন্য নির্ধারিত কোটা ও বৃত্তি চালু, টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে তাদের পারিশ্রমিকসহ কাজের সুযোগ, সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের বাধ্যতামূলক অংশগ্রহণ এবং মিডিয়ায় পেশাদার শিল্পী হিসেবে উপস্থাপনের দাবি জানান।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লীগীতি, আধুনিক গান, লোকসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ মোট ২৪টি পরিবেশনা উপস্থাপন করা হয়। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ শিল্পীরা একই মঞ্চে তা পরিবেশন করেন।

মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষার তারিখ পেছাল, নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষার তারিখ পেছাল, নতুন নির্দেশনা
সংগৃহীত ছবি

সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে-এর প্রজ্ঞাপনের পরীক্ষার সময়সূচিতে অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা। এর পরিবর্তে এসব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মানিক

অনলাইন ডেস্ক
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মানিক

রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে গভর্নিং বডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে ৮ সদস্যের এই গভর্নিং বডি গঠন করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা-২০২৪-এর ৬৭ ধারা অনুযায়ী তাকে (হামিদুল হক মানিক) এ নিয়োগ দেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটি হলো : সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।

সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার ঘটনায় ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার ঘটনায় ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৩ জুন) ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী ও সাধারণ সম্পাদক মাহাথী হাসান স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং মুক্ত সাংবাদিকতার পথ সংকুচিত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক ও হিংস্র আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

ডুজা নেতৃবৃন্দ জানান, সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমণ্ডি জোনের একটি বিক্ষোভ মিছিল শেষে ব্রিফিং চলাকালে পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হন কয়েকজন নেতাকর্মী। এ সময় হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহমুদুর রহমান শিশির আহত হন।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার প্রধান অন্তরায় এবং চরম উদ্বেগজনক। অতীতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বারবার উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

ডুজা নেতারা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। তাই দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।