বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) ঢাকার মাল্টিপারপাস হলে একটি সেমিনারের আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এতে সমুদ্রবিষয়ক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সামুদ্রিক তথ্য আদান-প্রদানের ধারণায় আমূল পরিবর্তন’। আইএসপিআর জানায়, সমুদ্রে নিরাপদ নৌচলাচল, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার, ব্লু ইকোনমির বিকাশ এবং সমুদ্রভিত্তিক পরিকল্পনা প্রণয়নে হাইড্রোগ্রাফিক তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারে বক্তারা সামুদ্রিক তথ্যের কার্যকর ব্যবস্থাপনা ও আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ২০০১ সালে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ৭০তম সদস্য হয়। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র অঞ্চল ও সমুদ্রবন্দরসংলগ্ন নদীপথে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা করছে। বাংলাদেশ বর্তমানে ২০২৫-২৭ মেয়াদে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে অত্যাধুনিক সমুদ্র জরিপ ও গবেষণা জাহাজ ‘এইচএমএস এন্টারপ্রাইজ’ বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে; যা দেশের হাইড্রোগ্রাফিক জরিপ, সমুদ্র গবেষণা ও সামুদ্রিক তথ্য সংগ্রহ সক্ষমতাকে আরো সমৃদ্ধ করবে।