• ই-পেপার

প্রস্তাবিত বাজেট নিয়ে সেমিনার

অর্থনৈতিক বাস্তবতা ও লক্ষ্যমাত্রায় অসামঞ্জস্য

শিশুদের স্বপ্নের কথা শুনলেন জাইমা, দিলেন ভবিষ্যতের বার্তা

নিজস্ব প্রতিবেদক
শিশুদের স্বপ্নের কথা শুনলেন জাইমা, দিলেন ভবিষ্যতের বার্তা
গুলশানের লেকশোর হোটেলে কৃতী শিশু শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ৯০ জন কৃতী শিশু শিক্ষার্থীর সঙ্গে প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ আড্ডায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে তিনি শিশুদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, পড়াশোনা ও ব্যক্তিগত আগ্রহের কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য শিক্ষা, নেতৃত্ব, দেশপ্রেম ও উন্নত বাংলাদেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন।

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গত মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের বড় মেয়ে মেহভীন রহমান মুনিয়া। আড্ডার শুরু থেকেই জাইমা ছিলেন অত্যন্ত আন্তরিক, প্রাণবন্ত ও সহজ-সরল।

জাইমা শিশুদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতিও মনোযোগ দিতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেকে গড়ে তুলতে হলে বহুমুখী দক্ষতা অর্জনের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

 

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে জরুরি ড্রেজিং শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে জরুরি ড্রেজিং শুরু

দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর কক্সবাজারের মাতারবাড়ী চ্যানেলে নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করতে জরুরি রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অত্যাধুনিক ড্রেজার দিয়ে এই পলি অপসারণের কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্র জানায়, বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেল ব্যবহার করে নিয়মিত কয়লাবাহী জাহাজ চলাচল করছে। অদূর ভবিষ্যতে এখানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী বড় আকারের বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা (গভীরতা) হ্রাস পেয়েছে। ফলে বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই ড্রেজিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাতারবাড়ী চ্যানেলের বর্তমান মরফোলজিক্যাল (ভৌগোলিক গঠন) অবস্থা এবং পলি জমার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, এই চ্যানেলের জন্য ট্রেইলিং সাকশন হপার ড্রেজার (টিএসএইচডি) সবচেয়ে উপযোগী ও কার্যকর।

চট্টগ্রাম বন্দরের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্য, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবকাঠামো। চ্যানেলের নির্ধারিত নাব্যতা বজায় থাকলে বৃহৎ আকারের বাণিজ্যিক, কয়লা ও এলএনজিবাহী জাহাজ কোনো রকম ঝুঁকি ছাড়াই বন্দরে ভিড়তে পারবে। বড় জাহাজের এই নিরাপদ আগমন দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে নিরবচ্ছিন্ন রাখবে এবং বৈদেশিক বাণিজ্য কার্যক্রমকে আরো গতিশীল করবে।

তথ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

নিজস্ব প্রতিবেদক
গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি ইইউর পক্ষ থেকে কমিশন গঠনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন।

গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায় সরকার। এ কারণে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে। সাক্ষাতে রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইইউর অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

 

হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময় আরো ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৬৬ জন। এর মধ্যে ৮৭২ জনকে ভর্তি হতে হয়েছে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি হাসপাতালের এসব তথ্য জানায়। দেশে চলতি বছরের শুরুতে হামের প্রাদুর্ভাব শুরু হলেও গত ১৫ মার্চ থেকে নিয়মিত হামের তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময় হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৮ জন। মোট মৃত্যু ৬৬১ জনের। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। তালিকায় দ্বিতীয় স্থানে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যু ৮৭ জনের।