• ই-পেপার

কেন খামেনির কফিন হত্যাকাণ্ডের ঘটনাস্থলে নেওয়া হয়েছে?

স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক
স্বাধীনতা দিবসের আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহ
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে কোটি কোটি মানুষ বিপজ্জনক গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে দিন কাটাচ্ছেন। আগামী কয়েক দিন কোথাও কোথাও তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত উঠতে পারে এবং তা দীর্ঘ সময় ধরে স্থায়ী থাকতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে বলেছে, ৪ জুলাইয়ের ছুটির সপ্তাহান্তে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওয়াশিংটন, ফিলাডেলফিয়া ও নিউইয়র্কের মতো বড় শহরগুলোতে তাপমাত্রা 'অনুভূত গরম' বা হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। হিট ইনডেক্স বলতে বোঝায়, বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা মিলিয়ে শরীরে গরম কতটা বেশি লাগে। অর্থাৎ শুধু থার্মোমিটারের তাপমাত্রা নয়, বাস্তবে মানুষ আরো বেশি গরম অনুভব করবে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ একই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কিছু আয়োজন চলছে এবং খোলা মাঠে বিশ্বকাপের একাধিক ম্যাচও হওয়ার কথা রয়েছে। ফলে বাইরে অনেক মানুষ একসাথে জড়ো হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। 

ইউরোপে আগেই একাধিক দেশে রেকর্ড তাপমাত্রার পর এখন এই তাপপ্রবাহ যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মধ্য-পশ্চিমাঞ্চল থেকে শুরু হওয়া গরম এখন উত্তর-পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ভাষায়, এই পরিস্থিতির একটি বড় কারণ হলো 'হিট ডোম'। এটি একটি শক্তিশালী উচ্চচাপ ব্যবস্থা, যা অনেক দিন একই জায়গায় আটকে থাকে। এর ফলে আকাশ পরিষ্কার থাকে, সূর্যের তাপ জমে থাকে এবং বাতাসে গরম বের হতে পারে না। এছাড়া অনেক এলাকায় মাটি শুষ্ক হয়ে যাওয়ায় গরম আরো বেড়ে যাচ্ছে। মাটিতে আর্দ্রতা কম থাকলে সূর্যের তাপ সরাসরি মাটি গরম করে, ফলে তাপমাত্রা আরো দ্রুত বাড়ে। বৃহস্পতিবার সকালেই ওয়াশিংটন এবং নিউইয়র্কের তাপমাত্রা প্রায় ৯০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। পরে সেন্ট্রাল পার্কে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে ওঠে। আর্দ্রতার কারণে সেটি শরীরে প্রায় ১০৬ ডিগ্রির মতো অনুভূত হয়। গত ১৫ বছরের মধ্যে এটি ছিল অন্যতম সবচেয়ে গরম দিন। 

ডোনাল্ড ট্রাম্প এই গরমের মধ্যেই চার জুলাইয়ের অনুষ্ঠানে খোলা জায়গায় বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি বলেছেন, তাপমাত্রা বেশি থাকলেও তিনি বাইরে থেকেই বক্তব্য দেবেন। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানায়, ভিড় ও অতিরিক্ত গরমের ঝুঁকি বিবেচনায় ওয়াশিংটনে অনুষ্ঠানের মহড়ায় শুধু জরুরি দায়িত্বে থাকা ব্যক্তিদেরই অংশ নিতে দেওয়া হচ্ছে। খবরে এসেছে জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফট এবং এনএফএলের খেলোয়াড় ট্রাভিস কেলসি শুক্রবার নিউইয়র্কের ওই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান উদ্‌যাপন করবেন।

আবহাওয়া দপ্তর বলছে, ওয়াশিংটন এলাকায় টানা চার দিন ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দেখা যেতে পারে, যা খুবই বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী দেশ কানাডাতেও তীব্র গরম চলছে। বিশেষ করে অন্টারিওতে তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কুইবেকের বড় অংশেও গরমের সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে মন্ট্রিয়ল ও কুইবেক সিটিও রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম আরও অসহনীয় মনে হবে। আগামী কয়েক দিনে হিট ইনডেক্স ১১৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয় এবং জলবায়ু পরিবর্তন। বিশেষজ্ঞরা বলছেন, শিল্প যুগের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যার ফলে তাপপ্রবাহ এখন বেশি ঘন ঘন ও তীব্র হচ্ছে।

আগামী কয়েক দিনে কিছু এলাকায় সাময়িকভাবে তাপমাত্রা কমলেও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসতে শুরু করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।

পাকিস্তান আমাদের হাতে অস্ত্র দিয়ে এখন বলছে সন্ত্রাসী : পিওকে নেতা

অনলাইন ডেস্ক
পাকিস্তান আমাদের হাতে অস্ত্র দিয়ে এখন বলছে সন্ত্রাসী : পিওকে নেতা
সংগৃহীত ছবি

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান সরকারবিরোধী আন্দোলন ২৪তম দিনে পদার্পণ করেছে। আন্দোলনের অংশ হিসেবে রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে ৮০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এক বিশাল সমাবেশে সমবেত হন। সেখানে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)-র নেতা সরদার আমান খান পাকিস্তানের রাষ্ট্র-পৃষ্ঠপোষিত সন্ত্রাসী পরিকাঠামো নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন। সরদার আমান খান সরাসরি অভিযোগ করে বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী নিজেই একসময় কাশ্মীরিদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়েছিল। আর আজ তারাই আমাদের সন্ত্রাসী বলার ধৃষ্টতা দেখায়।’

সমাবেশে দেওয়া ভাষণে খান গত বছরের ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর একটি কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি জানান, সেই কর্মসূচিতে সশস্ত্র জঙ্গিরা একে-৪৭ ও তলোয়ারের মতো মারাত্মক অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে শহরজুড়ে মিছিল করেছিল। রাওয়ালকোটের ডেপুটি কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি এখানে বন্দুক আর তলোয়ার নিয়ে সমাবেশ করার অনুমতি ও নিরাপত্তা দিয়েছিলেন, আপনার মনে আছে? অথচ আজ আমাদের সন্ত্রাসী বলা হচ্ছে। এই বিক্ষোভকারীরা এই মাটিরই আসল উত্তরাধিকারী।’ তার এই বক্তব্যে উপস্থিত জনতা তুমুল করতালির মাধ্যমে সমর্থন জানায়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। সরদার আমান খান বলেন, যদি তাদের উত্থাপিত ৩৮টি দাবি অবিলম্বে মেনে নিয়ে বাস্তবায়ন করা না হয়, তবে এই আন্দোলন আর সাধারণ দাবিতে সীমাবদ্ধ থাকবে না। এটি তখন পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে ‘সম্পূর্ণ খালি করার’ আন্দোলনে রূপ নেবে।

দুই দিন আগেই রাওয়ালকোটের বিক্ষোভকারীরা অঞ্চলটিতে ইসলামাবাদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। বক্তারা দাবি করেন, এই অঞ্চলকে আর পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অংশ হিসেবে বিবেচনা করা উচিত নয়। দাবি আদায় না হলে ভারতের সঙ্গে আরো জোরালো সম্পৃক্ততা ও যোগাযোগ বাড়ানোর বিষয়েও তারা হুঁশিয়ারি দেন। খান স্পষ্ট করে বলেন, এই অঞ্চলটি পাকিস্তানের অংশ নয়, বরং পাকিস্তানেরই এই অঞ্চলের অভাব বেশি।

উল্লেখ্য, এই প্রতিবাদ শুধু পাকিস্তান-অধিকৃত কাশ্মীরেই সীমাবদ্ধ নেই; বিদেশে বসবাসকারী প্রবাসী কাশ্মীরি সমর্থকেরাও বিভিন্ন দেশে পাকিস্তানি কূটনৈতিক মিশনের (দূতাবাস) বাইরে একাত্মতা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ছবি : ইউএসজিএস

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শুক্রবার (৩ জুলাই) ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহরের প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে এবং ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের বাসিন্দা ওমর আব্বাস বলেন, তিনি রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে কফি পান করছিলেন। হঠাৎ চেয়ার দুলতে শুরু করলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ আগের ভূমিকম্পের অভিজ্ঞতা এখনো তাকে ভীত করে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ কারণে দেশটিতে এবং আশপাশের এলাকায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

৮২ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিখোঁজ পাইলটের পরিচয় শনাক্ত

অনলাইন ডেস্ক
৮২ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিখোঁজ পাইলটের পরিচয় শনাক্ত
সংগৃহীত ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থাইল্যান্ড ও বার্মা (বর্তমান মিয়ানমার) আকাশে একটি গোপন গোয়েন্দা অভিযানে নিখোঁজ হওয়া ২১ বছর বয়সী এক মার্কিন বিমানসেনার পরিচয় অবশেষে নিশ্চিত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্দি ও নিখোঁজ সদস্যদের হিসাব সংরক্ষণ সংস্থা জানিয়েছে, ওই বিমানসেনার নাম ফ্র্যাঙ্কলিন এইচ. ম্যাককিনি। তিনি যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বাসিন্দা ছিলেন। তিনি মার্কিন সেনাবাহিনীর বিমান বাহিনীর ১৪তম এয়ার ফোর্সের ৩৫তম ফটো রিকনেসান্স স্কোয়াড্রনের পাইলট ছিলেন। এই স্কোয়াড্রনের ডাকনাম ছিল ‘রেডহকস’। সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৪৪ সালের ৫ নভেম্বর ম্যাককিনি চীনের ইউনান প্রদেশের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেন। তার কাজ ছিল বার্মা ও থাইল্যান্ডের আকাশে নজরদারি চালানো এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। তবে ওই মিশনের নির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা প্রকাশ করা হয়নি। মার্কিন বিমান বাহিনীর ইতিহাস অনুযায়ী, এই স্কোয়াড্রন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গোপন গোয়েন্দা অভিযানের জন্য পরিচিত ছিল, যা চীনে যুদ্ধের পরিস্থিতি বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উড্ডয়নের কিছু সময় পর থেকেই ম্যাককিনির উড়োজাহাজের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তিনি আর কখনও ফিরে আসেননি। বিমান দুর্ঘটনার কোনো চিহ্নও তখন পাওয়া যায়নি। যুদ্ধ শেষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে তার মরদেহও উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত আমেরিকান সামরিক সমাধিক্ষেত্রে নিখোঁজদের স্মৃতিফলকে তার নাম খোদাই করা হয়।

বহু বছর পর ম্যাককিনির খোঁজে নতুন করে অনুসন্ধান শুরু হয়। তদন্তে থাইল্যান্ডের রয়্যাল থাই এয়ার ফোর্স জাদুঘরের একটি যুদ্ধকালীন প্রতিবেদনে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। সেখানে উল্লেখ ছিল, ম্যাককিনি নিখোঁজ হওয়ার দিন একটি বিমান বজ্রপাতের শিকার হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ওই বিমানটি বিস্ফোরণের পর থাইল্যান্ডের লামপাং প্রদেশের একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। এর ভিত্তিতে ২০১৮ সালে গবেষকদের একটি দল এলাকাটিতে অনুসন্ধান চালিয়ে একটি ধানক্ষেতের পাশে বিমান বিধ্বস্তের সম্ভাব্য স্থান চিহ্নিত করে। পরে সেটিকে ম্যাককিনির উড়োজাহাজের সঙ্গে মিলিয়ে দেখা হয়। পরবর্তীতে ২০১৯ ও ২০২১ সালে সংশ্লিষ্ট সংস্থার বিশেষজ্ঞ দল সেখানে গিয়ে আবারও তদন্ত চালায়। এরপর ২০২২ সালে একটি উদ্ধারকারী দল খনন অভিযান চালায় এবং সেখানে মানুষের মরদেহের কিছু অংশের সম্ভাব্য চিহ্ন পাওয়া যায়। পরীক্ষার জন্য এসব নমুনা ল্যাবে পাঠানো হলে আধুনিক ফরেনসিক প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয় যে, এগুলো ফ্র্যাঙ্কলিন এইচ. ম্যাককিনির মরদেহেরই অংশ।

ম্যাককিনির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার পরিবারকে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে নিখোঁজদের স্মৃতিফলকে তার নামের পাশে একটি গোলাপ চিহ্ন যুক্ত করা হবে এবং তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হবে।