• ই-পেপার

দীর্ঘ ৩৫ বছর পর বিশ্বকাপের ম্যাচ পার্টিতে এসে শিক্ষক-ছাত্রের পুনর্মিলন

লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা

অনলাইন ডেস্ক
লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের পোয়াবারো। দল জেতায় মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা খাওয়ার সুযোগ পায় তারা। তাই স্বাভাবিকভাবে আনন্দ দ্বিগুণ। তবে জয়ের সঙ্গে ফ্রি পিৎজার কোনো সম্পর্ক নেই। বরং যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখেই তাদের সামনে এক মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা খাওয়ার সুযোগ এনে দিয়েছে। এ যেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস। 

বালোগান লাল কার্ড দেখায় মার্কিন পিৎজা জায়ান্ট ডমিনোজ এক মিলিয়ন ডলার মূল্যের ৬০ হাজার মিডিয়াম পিৎজা বিলি করবে। তবে এটি করতে তাদের কেউ বাধ্য করছে না। পূর্বঘোষিত বিশ্বকাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে ডমিনোজ এ পিৎজা বিলি করবে।

গত মে মাসে ডমিনোজ ঘোষণা করেছিল, বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে তারা বিনা মূল্যে ৬০ হাজার মিডিয়াম ইমার্জেন্সি পিৎজা বিলি করবে। লাল কার্ডে কষ্ট পাওয়া দর্শকদের বেদনা কিছুটা উপশম করতেই ডমিনোজ এ ঘোষণা দিয়েছিল। গ্রুপ পর্বের তিন ম্যাচে তেমন কোনো বেদনার উপলক্ষ তৈরি হয়নি। রাউন্ড অব ৩২-এর ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড়। তবে এ কার্ডে দলের কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার ভোরে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বসনিয়া হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২৪ বছর পর নকআউট পর্বে প্রথম জয় পেলো স্বাগতিক যুক্তরাষ্ট্র।

লাল কার্ড দেখে দলকে বিপদে ফেললেও জয়ের নায়কও বালোগানই। দলের প্রথম গোলটি করেছেন তিনি। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে খেলেছেনও দুর্দান্ত। তবে মাঠে থাকা ১০ জন বালোগানের অভাব বুঝতে দেননি। বালোগান লাল কার্ড দেখার পরও আরেকটি গোল পেয়েছে যুক্তরাষ্ট্র।

তবে বালোগান লাল কার্ড দেখার পর যারা ভেবেছেন, পিৎজা খাবেন, তারা পাবেন না। বিশ্বকাপ শুরুর আগে ১০ জুন রাত ১২টার মধ্যে যারা ডমিনোজ পিৎজার ওয়েবসাইটে রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করেছেন, তারাই শুধু চাহিদার ভিত্তিতে ফ্রি পিৎজা পাবেন। এ সুযোগ থাকবে আগামী ২ আগস্ট পর্যন্ত।
কালের কণ্ঠ ডেস্ক

বাবা মারা গেছেন, বিশ্বকাপ থেকে বিদায়ের পর জানতে পারলেন কঙ্গোর কোচ

ক্রীড়া ডেস্ক
বাবা মারা গেছেন, বিশ্বকাপ থেকে বিদায়ের পর জানতে পারলেন কঙ্গোর কোচ
বাবাকে হারিয়েছেন কঙ্গোর কোচ সেবাস্তিয়ান। ছবি : রয়টার্স

ইংল্যান্ডের কাছে ম্যাচের শেষ মুহূর্তে পরাজয় দেখেছে ডিআর কঙ্গো। সেই শোক তখনো কাটিয়ে ওঠেননি দলটির কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। এমন সময়ই জীবনের সবচেয়ে কঠিন দুঃসংবাদটা শুনলেন তিনি।

চিরদিনের জন্য বাবাকে হারিয়েছেন সেবাস্তিয়ান। আটলান্টায় ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে বাবার মৃত্যুর সংবাদ শোনেন কঙ্গোর কোচ। দুঃসংবাদটা যখন শুনলেন তখন সংবাদ সম্মেলনে ব্যস্ত ছিলেন তিনি।

শেষ প্রশ্ন শেষে যখন সংবাদ সম্মেলনকক্ষ ছাড়বেন ঠিক তখনি কঙ্গোর মিডিয়া অফিসার বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের বাবা প্রয়াত হয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত।’ তাতে স্বাভাবিকভাবেই পিনপতন নীরবতা নেমে এসেছিল কক্ষটিতে। 

এর আগে গতকাল ৭৪ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে ছিল কঙ্গো। শুরুতে গোলটি করেছিলেন কঙ্গোর ফরোয়ার্ড ব্রায়ান চিপেঙ্গা। তবে শেষ মুহূর্তে হ্যারি কেইন ম্যাজিকে জিতে যায় ইংল্যান্ড। ৭৫ মিনিটে সমতায় ফেরানোর পর ৮৬ মিনিটে অবিশ্বাস্য এক শটে জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের অধিনায়ক। তাতে ইংলিশরা পরের রাউন্ডে গেলেও থেমে যায় কঙ্গোর বিশ্বকাপ যাত্রা।

তবে দলের পারফরম্যান্স নিয়ে সেবাস্তিয়ান গর্বিত। তিনি বলেছেন, ‘হতাশার চেয়ে বেশি গর্বিত। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সত্যিই হতাশার। তবে টুর্নামেন্টে আমরা ৫ গোল করেছি। আমাদের চেয়ে অনেক ওপরের র‍্যাঙ্কিংয়ের দলগুলোর বিরুদ্ধে খেলে ভালো ফল এনেছি।’

‘ওয়ান লাস্ট ডান্স’ কার?

বোরহান জাবেদ
‘ওয়ান লাস্ট ডান্স’ কার?
একে-অপরের মুখোমুখি হওয়ায় আজ একজনের বিশ্বকাপ যাত্রা থামবে। ছবি : রয়টার্স

একজন কথা বলেন গোলের ভাষায়। অন্যজনের ভাষা প্রকাশের মাধ্যম পাস, ছন্দ আর খেলার নিয়ন্ত্রণ। একজনের নাম শুনলেই চোখে ভেসে ওঠে আকাশছোঁয়া লাফ কিংবা বজ্রগতির কোনো শট। অন্যজনের কথা মনে পড়লে ফুটে ওঠে নিখুঁত এক মিডফিল্ড অর্কেস্ট্রার ছবি। দুই চরিত্রের প্রথমজন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয়জন ক্রোয়েশিয়ার মধ্যমণি লুকা মডরিচ।

শেষ ষোলোতে দুই দলের ম্যাচটি তাই শুধু দুই ইউরোপীয় পরাশক্তির লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। এটি বিশ্ব ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তির একজনের ‘ওয়ান লাস্ট ডান্স’-এর মতো বিদায়ের বিষাদে লেখা গল্পও হয়ে উঠতে চলেছে।
দুজনের বয়সই ৪০ ছাড়িয়েছে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৪০ বছরের বেশি বয়সী দুই আউটফিল্ড ফুটবলার (গোলকিপার নন এমন ফুটবলার) একই ম্যাচে মুখোমুখি হবেন।

টুর্নামেন্ট শুরুর আগে ৪০ পেরিয়ে বিশ্বকাপ খেলার কীর্তি ছিল শুধু ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলার। সেই বিরল তালিকায় জায়গা করে নিয়েছেন রোনালদো ও মডরিচ। বয়সের সীমা পেরিয়ে তাঁরা যেন প্রমাণ করছেন, কিংবদন্তিদের ক্যালেন্ডার অন্য নিয়মে চলে।
তবে শেষ ষোলোতে পর্তুগাল-ক্রোয়েশিয়া মহারণের আগে দুই তারকাকে নিয়ে কানাঘুষাও আছে। এর বড় অংশ জুড়ে যে প্রশ্নটি দেয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে, সেটি হচ্ছে—দুজন এই মুহূর্তে দলের জন্য কতটা কার্যকর? ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদোর এবারের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল সমালোচনার তীরে বিদ্ধ হয়েই।

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে তা কিছুটা দমানো গিয়েছিল বটে। তবে কলম্বিয়ার বিপক্ষে রোনালদোর ফের নিষ্প্রভ পারফরম্যান্স সমালোচনা নতুন করে বেগবানও করেছে। ‘আমি ২৩ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি। যখনই কিছু খারাপ হয়, তখনই বলা হয়, ক্রিস্তিয়ানো শেষ, সে বুড়িয়ে গেছে’—এ কথায় রোনালদো অবশ্য বুঝিয়ে দিয়েছেন যে ‘আউটসাইড নয়েজ’ তাঁকে বিচলিত করে না তেমন। নক আউটের বাঁচা-মরার লড়াইয়ের আগে পর্তুগিজ সমর্থকরা তাই আশাবাদী হতেই পারেন।

11

তবু বিতর্ক থামছে না। মডরিচের ব্যাপারটা অবশ্য রোনালদোর মতো আলোচিত নয়। বরাবরের মতো নীরবতাই তাঁর সঙ্গী। ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার ভরাডুবির প্রথম ম্যাচে তাঁকেও খুঁজে পাওয়া যায়নি। ঘণ্টাখানেক পরে তুলে নেন কোচ জলাতকো দালিচ। ভাবা হচ্ছিল, বয়স হয়তো এবার সত্যিই তাঁকে ছুঁয়ে ফেলেছে। পানামার বিপক্ষে দলের ১-০ গোলে জয়ের ম্যাচে খেলেন ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এরপর ঘানার বিপক্ষে নিকোলা ভ্লাসিচের জয়সূচক গোলে অসাধারণ অ্যাসিস্ট করে আবারও বুঝিয়ে দেন, বড় মঞ্চে তাঁর মস্তিষ্ক এখনো আগের মতোই তীক্ষ। 

মডরিচের ক্যারিয়ারকে সংখ্যায় মাপা কঠিন। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা, ২০২২ সালে সেমিফাইনালে পৌঁছে দেওয়া—মাত্র ৪০ লাখ মানুষের একটি দেশকে ধারাবাহিকভাবে বিশ্ব ফুটবলের অভিজাতদের কাতারে তুলে আনার পেছনে সবচেয়ে বড় কারিগর তিনিই। মডরিচ কি আরেকবার পারবেন? নাকি এবার শেষ হাসিটা রোনালদোই হাসবেন! 

এবার পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
এবার পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী—আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে
ম্যাচ জয়ের পর গ্যালারিতে থাকা সমর্থকদের উদ্দেশে মেসিদের ধন্যবাদজ্ঞাপন। ছবি : রয়টার্স

কেপ ভার্দের বিপক্ষে হারবে আর্জেন্টিনা। এই বাজি ধরার লোক খুব একটা পাওয়া যাবে না। কেননা শক্তি-সামর্থ্য প্রতিপক্ষের থেকে ঢের এগিয়ে আলবিসেলেস্তারা। ফিফা র‌্যাংকিংয়ে তার প্রমাণ মিলছে।

৬৭ নম্বরে থাকা কেপ ভার্দের বিপরীতে আর্জেন্টিনা শীর্ষে। বর্তমানে অবিশ্বাস্য ছন্দেও আছে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে অপরাজিত তারা। ম্যাচের চিত্র একাই বদলে দিতে যিনি অভ্যস্ত সেই লিওনেল মেসিও আছেন দুর্দান্ত ছন্দে। ৬ গোল নিয়ে বর্তমানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে।

এমন দুরন্ত ছন্দে থাকা আর্জেন্টিনাকে নাকি হারাবে কেপ ভার্দে। সেটিও আবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসে। অনেকে না করলেও বিশ্বাস করেন ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম। তার মতে, শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে।’

ওঝার সুরে কথা বলেছেন কেপ ভার্দের প্রেসিডেন্টও। বিবিসিকে জোসে মারিয়া নেভেস বলেছেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জেতার জন্যই মাঠে নামব। যখন কোনো দলের ওপর প্রত্যাশা কম থাকে; কিন্তু জয়ের ক্ষুধা থাকে প্রবল, তখন অনেক কিছুই সম্ভব।’

 

এবার আর্জেন্টিনার হার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্টও। জোসে ম্যানুয়েল রামোস-হোর্তা বলেছেন, ‘মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে পেরে উঠতে পারবে না।’

ব্যাখ্যাও দিয়েছেন ম্যানুয়েল। তিনি বলেছেন, ‘কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক শক্তি অতুলনীয়। তাদের কঠোর খাদ্যাভ্যাসের মূল কারণ। তারা ‘কাচুপা’ খায়, যা ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস ও উচ্চ প্রোটিনসমৃদ্ধ অন্যান্য উপাদানের মিশ্রণে তৈরি। কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে অসাধারণ সহনশীলতা গড়ে তুলেছে তারা।’

অন্যরা বিশ্বাস না করলেও কেপ ভার্দের জয় দেখছেন ম্যানুয়েল। তিনি বলেছেন, ‘কেপ ভার্দের ওপর কে আস্থা রাখেনি? অথবা বলা ভালো, কে-ই বা আসলে তাদের ওপর বিশ্বাস রেখেছিল? তবে আমি বিশ্বাস রেখেছিলাম এবং এখনো রাখি। আমার মতে, কেপ ভার্দে ইতিমধ্যেই জিতে গেছে।’

শেষ ৩২-এর ম্যাচে আগামী ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। ম্যাচটি হবে মায়ামি স্টেডিয়ামে।