• ই-পেপার

প্রবীণ স্কোরার আব্দুর রউফ আর নেই

অ্যাসিড হামলা থেকে বিশ্বকাপের নায়ক

ক্রীড়া ডেস্ক
অ্যাসিড হামলা থেকে বিশ্বকাপের নায়ক
ইয়োনে উইসা। ছবি : রয়টার্স

পর্তুগালের বিপক্ষে ডিআর কঙ্গোর ঐতিহাসিক ড্রয়ের রাতে নায়ক ছিলেন ইয়োনে উইসা। তার শক্তিশালী হেড থেকেই আসে ডিআর কঙ্গোর বিশ্বকাপে ৫২ বছর পর প্রথম গোল, যা এনে দেয় ১-১ গোলের স্মরণীয় ড্র। কিন্তু গোলের উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প।

বর্তমানে ইয়োনে উইসাকে বিশ্বকাপের নায়ক হিসেবে দেখছে ফুটবল বিশ্ব। অথচ পাঁচ বছর আগেও তার ফুটবল ক্যারিয়ার তো দূরের কথা, স্বাভাবিক জীবনই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল।

২০২১ সালে ফরাসি ক্লাব লরিয়ঁতে খেলার সময় নিজ বাসভবনে ভয়াবহ অ্যাসিড হামলার শিকার হন উইসা। এক নারী ভক্ত সেজে তার বাড়িতে এসে মুখে অ্যাসিড নিক্ষেপ করে। শুধু তাই নয়, তার মেয়েকে অপহরণের চেষ্টাও করা হয়েছিল বলে পরে জানা যায়। হামলায় উইসার দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে আদালতে দেওয়া সাক্ষ্যে উইসা বলেছিলেন, ‘দরজা খোলার সঙ্গে সঙ্গে আমার মুখে তরল কিছু ছুড়ে মারা হয়। আমি চিৎকার করতে শুরু করি, শ্বাস নিতে পারছিলাম না। হাসপাতালে আমাকে বলা হয়, আমার চোখ পুড়ে গেছে। প্রতি ঘণ্টায় চোখ পরিষ্কার করতে হতো। এটি ছিল এক ভয়ংকর দুঃস্বপ্ন।’

চিকিৎসকরা জানিয়েছিলেন, দ্রুত চিকিৎসা না পেলে তিনি দৃষ্টিশক্তিও হারাতে পারতেন। দুই চোখে অস্ত্রোপচার করতে হয় তাকে এবং আজীবন আই ড্রপ ব্যবহার করতে হবে বলেও জানানো হয়েছিল।

তবে ভয়াবহ সেই ট্র্যাজেডি তাকে থামাতে পারেনি। সুস্থ হয়ে একই বছর ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দেন উইসা। চার মৌসুমে ১৪৯ ম্যাচ খেলে ৪৯ গোল করেন। পরে বড় অঙ্কের চুক্তিতে যোগ দেন নিউক্যাসল ইউনাইটেডে।

আর এবার বিশ্বকাপের মঞ্চে লিখলেন নতুন ইতিহাস। পর্তুগালের বিপক্ষে তার গোলেই ডিআর কঙ্গো অর্জন করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম মূল্যবান একটি পয়েন্ট।

‘ড্র যথেষ্ট নয় —পর্তুগালের বিপক্ষে ম্যাচের পর ডিআর কঙ্গো কোচ

ক্রীড়া ডেস্ক
‘ড্র যথেষ্ট নয় —পর্তুগালের বিপক্ষে ম্যাচের পর ডিআর কঙ্গো কোচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। ১-১ গোলে ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করলেও দলটির কোচ সেবাস্তিয়ান দেশাব্রে তাতেই সন্তুষ্ট নন। তার লক্ষ্য আরো বড়। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে চান তিনি। 

পর্তুগালের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর দেশাব্রে বলেন, ‘টুর্নামেন্টের জন্য এটি ভালো একটি শুরু। আমরা ড্র পেয়ে খুশি, কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য গ্রুপ পর্ব পেরিয়ে পরের রাউন্ডে ওঠা। শুধু ড্র করলেই হবে না।’

ফরাসি এই কোচের মতে, পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট পাওয়া দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে সামনে আরো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘যদি আমরা বাকি দুই ম্যাচের মধ্যে একটি জিততে পারি, তাহলে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু এটি কঠিন একটি গ্রুপ, তাই আমাদের প্রতিটি ম্যাচেই সর্বোচ্চটা দিতে হবে।’

পর্তুগালের বিপক্ষে ম্যাচে ডিআর কঙ্গো নিজেদের রক্ষণভাগের দৃঢ়তা ও পাল্টা আক্রমণের সক্ষমতা দেখিয়েছে। ম্যাচজুড়ে ইউরোপিয়ান জায়ান্টদের চাপে রাখার পাশাপাশি সমতায় ফিরেও লড়াই চালিয়ে যায় আফ্রিকার দলটি।

আগামী ২৪ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে ডিআর কঙ্গো। এরপর ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

ছেলের খেলা দেখতে সরাসরি মাঠে আসছেন ভোজিনহার মা

ক্রীড়া ডেস্ক
ছেলের খেলা দেখতে সরাসরি মাঠে আসছেন ভোজিনহার মা

ফুটবল বিশ্বকাপে এবার এক মানবিক ও আবেগঘন গল্প দেখতে যাচ্ছে দুনিয়া। এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাইমলাইটে চলে আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে গোলশূন্য ড্রয়ের নায়ক বনে যাওয়া এই ৪০ বছর বয়সী তারকার দুঃখ ছিল—গ্যালারিতে বসে তার এই মহাকাব্যিক লড়াই উপভোগ করতে পারেননি তার মা। তবে মাঠের সেই আকুতি এবার ছুঁয়ে গেছে খোদ মার্কিন প্রশাসনকে। 
 
যুক্তরাষ্ট্রের হাউজের মাইনরিটি লিডার হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে, ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা অবশেষে আমেরিকার ভিসা পেয়েছেন এবং আগামী রবিবার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগেই মায়ামিতে ছেলের সঙ্গে তার পুনর্মিলন হতে যাচ্ছে।

বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট স্পেনের বিপক্ষে যখন পুঁচকে কেপ ভার্দে মাঠে নেমেছিল, সবাই ভেবেছিল গোলবন্যা ভাসবে তারা। কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে স্প্যানিশ আক্রমণভাগকে একাই স্তব্ধ করে দেন ভোজিনহা। 

ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকার ভিসার বন্ড পেমেন্টের বিপুল খরচের কারণে তার মা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। এই খবরটি নজরে আসার পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ডেমোক্রেট নেতা হাকিম জেফরিস সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ভোজিনহার মায়ের মানবিক ভিসার জন্য জরুরি সুপারিশ করেন।

সেই অনুরোধে সাড়া দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভোজিনহার মায়ের ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত ফি মওকুফ করে দিয়েছে এবং মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগেই তাকে গ্যালারিতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা যাতায়াত ব্যবস্থার দায়িত্ব নিয়েছে।

রবিবার গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। এবার গ্যালারিতে মায়ের আশীর্বাদী হাত আর অনুপ্রেরণা মাথায় নিয়ে মায়ামির মাঠে ভোজিনহা আরো এক রূপকথা লিখতে পারেন কি না, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। 

নেইমারকে নিয়ে এবার আসল সুখবর পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
নেইমারকে নিয়ে এবার আসল সুখবর পেল ব্রাজিল
নেইমার জুনিয়র। ছবি : রয়টার্স

বিশ্বকাপের শুরুতেই চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে অবশেষে স্বস্তির খবর পেল ব্রাজিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের পোস্টারবয়।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বুধবার অনুষ্ঠিত ব্রাজিল দলের অনুশীলনে শুরুতে আলাদা করে ওয়ার্ম-আপ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে দলের সঙ্গে কিছু ড্রিলেও অংশ নিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আগে পাওয়া কাফের চোট কাটিয়ে এটি তার দলে ফেরার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে অংশ নিতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার তিনি প্রথমবারের মতো মাঠে নেমে বল নিয়ে কাজ করেন। আর বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে ফেরার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন।

তবে হাইতির বিপক্ষে শনিবারের ম্যাচে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তারা নেইমারকে পুরোপুরি ফিট হওয়ার পর্যাপ্ত সময় দিতে চায়।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ভালো ফল করাটা এখন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়ে নেইমারের অনুশীলনে ফেরা দলটির আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন সমর্থকরা।

কোচ কার্লো আনচেলত্তিও এর আগে জানিয়েছিলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্বের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা।