হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় বিএসএফের সম্ভাব্য পুশ ইন ঠেকাতে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সতর্ক অবস্থান নিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সম্প্রতি ভারত থেকে পুশ-ইনের প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম জোরদার করেছে। সীমান্তবর্তী জনগণের সাথে নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি শক্তিশালী সমন্বয় গড়ে তোলা হয়েছে।
স্থানীয় চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে সহযোগিতা করছে। বিজিবি জানায়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে হবিগঞ্জ সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুশ ইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটতে পারেনি।
এর আগে গত ২৭ ও ২৮ জুন রাতে ও ভোরে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া এবং গুইবিল সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে বিএসএফের সিকিউরিটি লাইট বন্ধ করে একাধিক পুশ-ইনের অপপ্রচেষ্টা বিজিবির দক্ষ টহলদল তাৎক্ষণিকভাবে সীমান্ত শূন্য লাইনে প্রতিহত করেছে। সীমান্ত সংলগ্ন এলাকাবাসীদের সতর্ক অবস্থান ও তথ্যের ভিত্তিতে টহলদল দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হয়।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘হবিগঞ্জ সীমান্তে আমরা একা নই। বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, স্থানীয় কৃষক, চা শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সবাই একসাথে একটি অটুট সেতুবন্ধন গড়ে তুলেছি। দেশের সীমান্ত রক্ষায় সকল শ্রেণী-পেশার মানুষের এই দেশপ্রেমই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি ইঞ্চি সীমান্ত পাহারা দিচ্ছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
বর্তমানে হবিগঞ্জ জেলা সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।




