গাবতলী বাস টার্মিনালে থাকা অবৈধ স্থাপনা এবং অবৈধভাবে বাসের ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আজ সোমবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে প্রশাসক এই ঘোষণা দেন।
ডিএনসিসি প্রশাসক জানান, আইনগতভাবে বাস টার্মিনালে কোনো বাস ২৪ ঘণ্টা অবস্থান ও মেরামত করার নিয়ম নেই। অথচ গাবতলী বাস টার্মিনালে তাই হচ্ছে। আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এ সময় প্রশাসক বলেন, বাস টার্মিনালে যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি জানান, গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থাসহ যাত্রী ছাউনি ও ছাদের সংস্কার করে অভ্যন্তরীণ রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।
প্রশাসক বলেন, গাবতলী বাস টার্মিনাল একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল। এই টার্মিনাল দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে অনেক যাত্রী চলাচল করে। এই গাবতলী বাস টার্মিনালে ভেতরে ও বাইরে এবং যাত্রী ছাউনির বিষয়ে কোনো অব্যবস্থাপনা আছে কিনা, তা সরেজমিন তদন্ত করে দেখার জন্যই এই পরিদর্শন কর্মসূচি।
প্রশাসক অভিযোগ করেন যে, দীর্ঘ ১৭-১৮ বছর এই পুরাতন বাসের টার্মিনালের কোনো সংস্কার কার্যক্রম করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাসস্ট্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মিটিং করা হয়েছে এবং এই বাস টার্মিনালকে পরিবেশবান্ধব, যাত্রীদের বসার সুব্যবস্থা, বিশ্রামাগারসহ আধুনিক করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সব কাজ সম্পন্ন করা হবে।
পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও পরিবহন ম্যানেজারসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





