কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত দেলওয়ার হোসেন দিপুকে (২৬) ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অবৈধভাবে উত্তোলন বালু জব্দ করে নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
রবিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।
সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন দিপু (২৬) উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে। দিপু দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ও কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে আসছে। এতে স্থানীয়রা বাধা দেন। এতে কোনো কাজ না হলে পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান।
পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় জব্দ বালু উপস্থিত নিলামের মাধ্যমে জনৈক মজনু মিয়ার নিকট ২৫ হাজার টাকা নগদে বিক্রি করেন। এ সময় আম্বারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




