• ই-পেপার

বিয়ে নিয়ে দ্বন্দ্বে খুন হন সেই আলোচিত ব্যবসায়ী : পুলিশ

নিষিদ্ধ সংগঠন আ. লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম
নিষিদ্ধ সংগঠন আ. লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরের কলেজ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল।

বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রকাশ্যে আসার চেষ্টা করছে এবং দেশবিরোধী কর্মকাণ্ডসহ নাশকতার পরিকল্পনায় জড়িত থাকতে পারে—এমন আশঙ্কা থেকে প্রশাসনকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে গণহত্যার অভিযোগে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সংগঠনটিকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবি তোলেন।

এছাড়া কর্মসূচিতে জেলা যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, শ্রমিক শক্তি ও নারী শক্তিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ
সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুর মো. অলিউল্লাহ (৫৮)-এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযোগের পর থেকে অভিযুক্ত অলিউল্লাহ পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের বাসিন্দা অলিউল্লাহর ছেলে মো. রাসেদ সম্প্রতি বরিশালের গৌরনদী পৌরসভার টিকাসার তুলাতলা গ্রামের এক নারীকে বিয়ে করেন। চাকরির কারণে রাসেদ বাড়ির বাইরে অবস্থান করায় তার স্ত্রী শ্বশুরবাড়িতেই থাকতেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর অলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোন ও অন্যান্য মাধ্যমে পুত্রবধূকে অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে পুত্রবধূ ঘরে একা থাকাকালে তিনি তার কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর মা মেয়েকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তিনি অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী গৃহবধূর মা বলেন,  ‘ বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে বিরক্ত করা হচ্ছিল। সর্বশেষ ঘটনার পর মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অলিউল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন,  ‘ ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সবজি বিক্রেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নবীনগরে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সবজি বিক্রেতা নিহত
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ধন মিয়া (৭০) উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের মৃত সোলায়মান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিবপুর বাজারে সবজি বিক্রি করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে ধন মিয়া শিবপুর বাজারে সবজি বিক্রি শেষে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ওয়ারুক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ধন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধন মিয়াকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশী দিবস উপলক্ষে চট্টগ্রামে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পলাশী দিবস উপলক্ষে চট্টগ্রামে সেমিনার
ছবি : কালের কণ্ঠ

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে ‘আর নয় পলাশী : চাই জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পলাশী দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম সিরাজুদ্দৌলাহ্। প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার গবেষক অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ্ ছিদ্দিকী। সেমিনার উদ্বোধন করেন নবাব সিরাজউদ্দৌলাহ্’র ৯ম রক্তধারা প্রজন্ম সৈয়দ গোলাম আব্বাস আরেফ ওরফে নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা। তিনি বলেন, ‘ইসলামিক কল্যাণ রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সত্য-মিথ্যার দ্বন্দ্বে সত্যকে সদা সমুন্নত রাখতে ঐতিহাসিক কারবালা ট্রাজেডির শিক্ষা যেমন বিশ্ব মুসলিমের জন্য অপরিহার্য, অনুরূপ স্বদেশপ্রেম, স্বদেশীয় রাজনীতি এবং মুসলিম ঐতিহ্য ও আদর্শ বজায় রেখে রাষ্ট্র পরিচালনায় সরকার ও সংসদে বিরোধী দলসহ দেশপ্রেমী সব রাজনৈতিক দলের নেতৃত্বকে ঐতিহাসিক পলাশী বিপর্যয় থেকে যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহিবউল্যাহ্ বলেন, ‘পলাশীর প্রধান শিক্ষা হলো কারো তুলনামূলক সর্বোচ্চ যোগ্যতা ও অতুলনীয় অর্জন থাকলেও কর্মস্থলে সততা, বিশ্বস্ততা, দায়িত্ববোধ হারালে তাকে তার অসততা, বিশ্বাসঘাতকতা ও কর্তব্যকর্মে দায়িত্ব অবহেলার জন্য চরম পরিণতি ভোগ করতেই হবে। নবাবের বিশ্বস্ত প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় ইংরেজদের সঙ্গে পলাশী যুদ্ধে কেবল নবাবের পরাজয় হয়নি, ভারতবর্ষে মুসলিম নেতৃত্ব ও সোনালী মুসলিম শাসনের অবসানও ঘটেছিল। তা থেকে উত্তরণে প্রতিবাদী অসংখ্য উলামা-মাশায়িখ ও সচেতন মুসলিম জনতাকে অকাতরে প্রাণ দিতে হয়েছিল।’

তিনি আরো বলেন, ‘প্রায় ১৯০ বছর ইংরেজ শাসন-শোষণের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের এক পর্যায়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট নিখিল ভারত মুসলিম লীগের নেতৃত্বে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষের মুসলিমপ্রধান দুটি অঞ্চলের সমন্বয়ে ‘পাকিস্তান’ রাষ্ট্র স্বাধীন হয়। সেদিন পাকিস্তানের সাথে ‘পূর্ববঙ্গ’ সংযুক্ত করা হয়েছিল বলেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ‘সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা’র ভিত্তিতেই মুক্তিযুদ্ধের মাধ্যমে ‘পূর্ব পাকিস্তান’ থেকে ‘বাংলাদেশ’ নামে এ ভূখণ্ড দ্বিতীয় বার স্বাধীন হয়।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু বকর রফীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম ঐতিহ্য ও ইসলামী শাসন ব্যবস্থার আবহ বজায় রাখার স্বার্থে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।

স্বাগত বক্তব্য দেন ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং-এর ক্যাম্পাস কো-অর্ডিনিটর মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় প্রবন্ধের আলোকে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ্ নোমান, ইতিহাস অন্বেষা সম্পাদক এস এম নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষক সোহেল মোহাম্মদ ফখর-উদ-দীন, ইসলামী সমাজচিন্তক প্রিন্সিপ্যাল আবদুর রহমান চৌধুরী।

দ্বিতীয় পর্বে ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সাময়িকী ‘নাগরিক বার্তা’র বিশেষ সংখ্যা প্রকাশনার সম্পাদকীয় উপস্থাপন করেন সাময়িকীর সম্পাদক ও পলাশী উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীণ সাংবাদিক এম ওসমান গণি।