• ই-পেপার

জামালপুর

মাছের ঘেরে পড়ে থাকা লাগেজে মিলল যুবকের মরদেহ

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিয়ে গেলেন সাবেক ডিসি সারোয়ার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিয়ে গেলেন সাবেক ডিসি সারোয়ার
সংগৃহীত ছবি

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে নিজ তহবিল থেকে ৫ লাখ টাকা দিয়েছেন সিলেটের সাবেক জেলা প্রশাসক মো. সরোয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি।

সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব শাখা) মো. রাকিবুল আলম বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে বলেন, ‘হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানের টাকার জন্য সোনালী ব্যাংকে যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে সাবেক ডিসি আরো ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এতে দানের ১৭ লাখের সঙ্গে আরো ৫ লাখ টাকা যোগ হয়েছে। ফলে বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।’ 

এর আগে গত ২২ জুন দুপুরে হজরত শাহজালাল (রহ.) দরগাহে সর্বসাধারণের সামনে সিলগালা করা তিনটি পিতলের ডেগ, প্রশাসনের উদ্যোগে স্থাপন করা ৪টি দানবাক্স ও দরগাহের মহিলা ইবাদতখানায় থাকা ছোট আরেকটি দানবাক্স খোলা হয়। সব টাকা একত্রিত করে সেগুলো গোনা শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা গণনা করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাজারের দানবাক্সগুলোতে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা সোনা ও ১০ সৌদি রিয়াল পাওয়া গেছে।

এর আগে গত ১৮ জুন বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে দানের তিনটি ঐতিহাসিক ডেগ ও নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময় মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। এরপর ২১ জুন সারোয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

টেকনাফে বিজিবির টহল জোরদার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে বিজিবির টহল জোরদার
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে টেকনাফ উপজেলা শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও অপতৎপরতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পুলিশের বিশেষ অভিযান ও বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনগুলো বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড, বিশেষ করে মিছিল ও শোডাউনের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

জেলা প্রশাসক  জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহযোগিতা করা হচ্ছে এবং টেকনাফে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য দায়িত্বে রয়েছেন।

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর টহল জোরদার, আ. লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর টহল জোরদার, আ. লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

জানা গেছে, দেশের ৬৪ জেলার মধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা ছয় জেলার অন্যতম নারায়ণগঞ্জে মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল শুরু হয়। একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সেনাবাহিনীর ছয়টি টিম জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি বিজিবিও পৃথকভাবে জেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার পাঁচটি উপজেলায় গোয়েন্দা সংস্থার নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর থানায় ২ জন, ফতুল্লা থানায় ৩ জন, রূপগঞ্জ থানায় ৩ জন, সোনারগাঁ থানায় ৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জন এবং বন্দর থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যেকোনো তথ্যের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রলি খালে, চালক নিহত

ভোলা প্রতিনিধি
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রলি খালে, চালক নিহত
ছবি : কালের কণ্ঠ

ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে বালুভর্তি একটি ট্রলি খালে পড়ে মো. নাঈম (২৫) নামের চালক নিহত হয়েছেন। এ সময় ট্রলির হেলপার মো. আল আমিন আহত হয়েছেন। 

সোমবার (২৩ জুন) দুপুরের দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাঈম উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফরিদের ছেলে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে ওপর বহু বছর আগে নির্মিত আয়রন ব্রিজটির ওপর দিয়ে ট্রলিতে বালু নিয়ে চর মোল্লাজি গ্রামের দিকে যাচ্ছিলেন চালক ও হেলপার। ট্রলিটি ব্রিজের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ ভেঙে খালে পড়ে যায়। এ সময় গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক নাঈমকে মৃত ঘোষণা করেন। আর হেলপার আলামিনকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) নুর আমিন বলেন, ট্রাক চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আর হেলপার আলামিন চিকিৎসাধীন।