• ই-পেপার

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রলি খালে, চালক নিহত

অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে দোহার যুবদলের প্রতিবাদ মিছিল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে দোহার যুবদলের প্রতিবাদ মিছিল
ছবি : কালের কণ্ঠ

‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দোহার উপজেলা ও পৌরসভা যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে দোহার কলেজ মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল সবসময় রাজপথে থাকবে। তারা রাজনৈতিক অপপ্রচার, সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময়ে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতামূলক কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। তাই দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্যসচিব জহিরুল ইসলাম, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, সাবেক ছাত্রদল সভাপতি ও পৌর বিএনপি নেতা হায়দার আলী হিরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মাহবুব বেপারী, সোহেল রানা ও মো. হেলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

পরে কলেজ মোড় থেকে একটি শান্তি মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানার মোড়ে সংক্ষিপ্ত সভায় নেতাকর্মীরা শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড, পৌরসভা মোড়, কালামৃধা বাজার, মনসুরাবাদ, সুয়াদি, পুলিয়া ও পুখুরিয়াসহ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সমবেত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধে আমার নেতৃত্বে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে মহাসড়ক ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।’

বগুড়ায় ভটভটির চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

বগুড়া অফিস
বগুড়ায় ভটভটির চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিহত কুড়ানু প্রামাণিক। সংগৃহীত ছবি

বগুড়ার সোনাতলা উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির চাপায় কুড়ানু প্রামাণিক (৫২) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুড়ানু প্রামাণিক সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবাড়ু প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গরু কেনার উদ্দেশ্যে ভরতখালী হাটে যাওয়ার পথে নুরপুর বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি উল্টে যায় এবং কুড়ানু প্রামাণিক এর নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ভটভটির চালকসহ আরো দুজন আহত হয়েছে। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

১১ দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
১১ দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ থাকা মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গুদনাইল আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহত মোক্তার হোসেন গুদনাইল আরামবাগ এলাকার ২১২ নম্বর বাড়ির বাসিন্দা এবং মৃত আরব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুদনাইল আরামবাগ এলাকায় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস শিকদারের বাড়ির সামনে অবস্থিত মেহেদী হাসানের মালিকানাধীন ‘ইমন ইলেকট্রনিক্স’ দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, গত ১২ জুন বিকেল ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মোক্তার হোসেন আর ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দাবি, কয়েক বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ১২ জুন থেকে ২৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১১ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’