কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ চারটি পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, একটি চুরি মামলার এক পলাতক আসামি এবং মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে সাজাসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২০ জুন) ভোর থেকে দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, প্রথম অভিযানে ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের বডু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মো. রফিকুল ইসলামের (৪৪) বসতঘরের শয়নকক্ষ থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একই দিনে পরিচালিত দ্বিতীয় অভিযানে এসআই মোহাম্মদ জালাল উদ্দিন চুরি মামলার পলাতক আসামি মো. ইনজামুল হক ওরফে ইনজামুল হাসানকে (২১) গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাণীয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মামলায় পলাতক ছিলেন।
এদিকে তৃতীয় অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই (নিরস্ত্র) মো. মুছার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে জুয়েল মিয়াকে (২৯) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
চতুর্থ অভিযানে এএসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে সিরাজুল ইসলামকে (৫৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মাইন উদ্দিনকে (৩৩) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন- মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে পাঠানো হয়েছে।




