কুমিল্লার দেবীদ্বারে ব্রিজে উঠতে গিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আরো দুজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চামড়া বোঝাই ট্রাকটি ঢাকাগামী ছিল।
নিহত ট্রাকচালক সোহেলের বাড়ি গাজীপুর, আহত হেলপার মনিনের বাড়ি সিরাজগঞ্জ এবং আরেকজনের নাম জানা যাইনি। তবে আহতরা সামান্য আঘাত প্রাপ্ত হন।
দুর্ঘটনার সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে রেকার আসার অপেক্ষায় ট্রাকের নিচে পড়ে থাকা চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
শনিবার দিবাগত রাত ১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ট্রাক চালকের মরদেহ ট্রাকের নিচে আটকা পড়ে আছে বলে পুলিশ জানিয়েছে। রেকার আসার অপেক্ষায় আছেন। রেকার আসলেই ট্রাক ও লাশ উদ্ধার করা হবে। বাকি দুজন সামান্য আঘাতপ্রাপ্ত, এখনো ট্রাকটি রেকার দিয়ে উঠানো হয়নি।
মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছেন। রেকার আসলে ট্রাক ও ট্রাকের নিচে আটকে থাকা লাশ উদ্ধার করা হবে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার খলিলপুর বাজারের পূর্ব পাশের ব্রিজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করা সম্ভব হলেও রেকার আসায় বিলম্বিত হওয়ায় লাশ এখনো ট্রাকের নিচে পড়ে আছে।




