অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখা। শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটি মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে শুরু হয়ে নাবিস্কো মোড় অতিক্রম করে সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী। এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।





