• ই-পেপার

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি আবু আশফাক

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাভার পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে নবগঠিত সাভার পৌর ছাত্রদল।

শুক্রবার (১৯ জুন) বিকেলে সাভারের ইয়ামিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাভার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে সভাপতি আরমান হোসেন বাবু বলেন, ‘সাভার পৌর ছাত্রদল সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রগঠন ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।’

তিনি আরো বলেন, ‘নবগঠিত কমিটির প্রতি যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক মোশারফ হিমেল খান বলেন, ‘জনকল্যাণমূলক কাজে ছাত্রদল সব সময় সক্রিয় ভূমিকা রাখতে চায়। তিনি দাবি করেন, সম্প্রতি সাভার বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত উচ্ছেদ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও জনদুর্ভোগ নিরসন ও মানবিক কার্যক্রমে সংগঠনটি ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে সাভার পৌর ছাত্রদল কাজ করে যাবে।

সমাবেশ শেষে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানান সংগঠনের নেতারা। একই সঙ্গে সাভার পৌর ছাত্রদলকে আরো শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার-৫
সংগৃহীত ছবি

জিএমপির  টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেরোইনসহ তিন  মাদককারবারি ও মাদকসেবীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৯ জুন) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে ৬০ পুড়িয়া হেরোইন (ওজন ১৩ গ্রাম) উদ্ধারসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত  একজন এবং মাদকসেবী একজনসহ মোট ৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। আাসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ থেকে অপহৃত শিশু কিশোরগঞ্জে উদ্ধার
উদ্ধার হওয়া শিশু হোসাইন ঢালী। সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা থেকে হোসাইন ঢালী (৫) নামের অপহৃত এক শিশুকে কিশোরগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া শিশু হোসাইন ঢালী গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মো. হক মিয়া ঢালীর ছেলে।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ মাঠে খেলাধুলা করছিল হোসাইন। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পাশের একটি ডকইয়ার্ডের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছেন। ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়।

শিশুটির মা বিউটি আক্তার জানান, ঘটনার সময় তিনি বাবার বাড়িতে ছিলেন। পরে ছেলের নিখোঁজ হওয়ার খবর পান। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, তার ছোট খালার স্বামী উজ্জ্বল শিশুটিকে নিয়ে গেছেন।

শিশুটির চাচা মামুন জানান, ওইদিন রাত ১২টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত উজ্জ্বল শিশুটিকে এক বন্ধুর কাছে রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তির কাছ থেকে হোসাইনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর থেকেই অপহরণকারীর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের প্রায় ১২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তিনি আরো জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিয়েরবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
বিয়েরবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিয়েরবাড়ির উৎসবের ব্যস্ততার আড়ালে পুকুরে ডুবে দুই রোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর  ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো পাবই গ্রামের হ্যান্ডট্রলি চালক নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩)। নিজাম উদ্দিনের এই দুই মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই।

পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার নিজাম উদ্দিনের ভাতিজির বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে শিশুদের মা আত্মীয়স্বজনদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। অন্যদিকে বাবা নিজাম উদ্দিনও বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে পানিতে তলিয়ে যায় তারা। পরে পুকুরে একটি শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশকে অবহিত করার নিয়ম থাকলেও তারা সেটি করেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম বলেন, অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশ অবহিত করার জন্য একাধিকবার মিটিং করে চিকিৎসকসহ সকলকে বলেছি। কিন্তু তারা সেই কথা আমলে নিচ্ছে না। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ জানানো প্রয়োজন। দায়িত্বরতদের অবহেলার বিষয়টি  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে। আশা করছি তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।