• ই-পেপার

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চোরাই মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিল মালিকপক্ষ

কেশবপুর (যশোর) প্রতিনিধি
চোরাই মোটরসাইকেল উদ্ধারের পর পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নিল মালিকপক্ষ
সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারের পর আইনি প্রক্রিয়া ছাড়াই সেটি ফেরত চায় মালিকপক্ষের লোকজন। পুলিশ সদস্য না দেওয়ায় তার ওপর হামলা চালিয়ে সেটি ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি পুনরুদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার উপজেলার চিংড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করাসহ তাকে আটক করেন। এ সময় মোটরসাইকেল মালিক ও তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেওয়ার জন্য বললেও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার পর মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্য আহত হন। পরে  কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ওই মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলাকারীদের আটকের অভিযান চলছে। এ ছাড়া চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

যশোরে জাতীয় পার্টির আহ্বায়ক-সদস্য সচিবসহ ২৫ নেতার পদত্যাগ

যশোর অফিস
যশোরে জাতীয় পার্টির আহ্বায়ক-সদস্য সচিবসহ ২৫ নেতার পদত্যাগ
ছবি : কালের কণ্ঠ

যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, সদস্য সচিবসহ ২৫ জন নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৮টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে দলকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলার অভাব, নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতা এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতার স্বেচ্ছাচারী ও অসাংগঠনিক কর্মকাণ্ডে তারা হতাশ হয়েছেন।

তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি দেশ ও জনগণের জন্য কার্যকর রাজনৈতিক ভূমিকা পালন করতে পারবে না। এ কারণে তারা সম্মিলিতভাবে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আজ থেকে জাতীয় পার্টির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও সম্পর্ক থেকে নিজেদের সম্পূর্ণভাবে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডা. মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জি এম হাসান।

এছাড়া পদত্যাগ করেছেন কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. শফিয়ার রহমান এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মুফতি ফিরোজ শাহ। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পদত্যাগী নেতারা জানান, ভবিষ্যতে তারা নতুন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন কি না, তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

জামালপুরে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুরে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে পাটক্ষেতে গেলে তাকে একটি বিষাক্ত সাপ ছোবল দেয়। পরে বাড়িতে ফিরে এলে স্বজনরা দ্রুত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা বলেন, সাপের কামড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আহমেদ বলেন, দেরিতে হাসপাতালে আনার কারণে রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। তবে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুরে ভারতীয় চোরাই পণ্য পাচারের সময় ট্রাকসহ আটক ২

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ভারতীয় চোরাই পণ্য পাচারের সময় ট্রাকসহ আটক ২
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভারত থেকে সীমান্তের চোরাই পথে আসা পণ্যসামগ্রী পাচারের সময় জব্দ করেছে পুলিশ। এ সময় ভারতীয় জিরা, ভুট্টা একটি পিকআপসহ ২ জনকে আটক করে পুলিশ। 

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাকসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া বিশ্বম্ভরপুর পুলিশ অভিযান চালিয়ে সকালে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে আটক করেছে।  

আটকরা হলো  জেলার দক্ষিণ সুনামগঞ্জের নারায়ণপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) ও সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলো  আক্তার হোসেন (২৪), আনোয়ার হোসেন (৩৫) ও  আব্দুর রহিম (৬৫)।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ সড়কের চালবন্দ পয়েন্টে অভিযান চালান। এ সময় ভারতীয় ১১৯০ কেজি জিরা, ৭৯৫০ কেজি ভুট্টাবোঝাই করা ১টি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।