• ই-পেপার

সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: সৌজন্যে র‌্যাব

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে অপহৃত দুই বছরের শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুই অপহরণকারী গ্রেপ্তার করা হয়। 

সোমবার (১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

এর আগে, গত ১২ জুন সকাল প্রায় ১১টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। পরে রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণে জড়িত দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। 

জানা যায়, তারা অপহৃত শিশুর পরিবারের প্রতিবেশী ছিলেন। পাশাপাশি বাসায় বসবাসের সুবাদে প্রায়ই শিশুটির পরিবারের সঙ্গে তাদের ওঠাবসা ছিল এবং শিশুটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

র‍্যাব জানায়, ঘটনার দিন আদর করার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সুজন ও মাজেদা। পরে তারা শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। কিছু সময় পর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির পরিবার অভিযোগ করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দুজনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই র‍্যাব তদন্ত শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাভার থানা ছাত্রদলের আনন্দ মিছিল

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাভার থানা ছাত্রদলের আনন্দ মিছিল
ছবি : কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাভার থানা ছাত্রদল। সোমবার (১৫ জুন) দুপুরে নবগঠিত কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘শিক্ষা-ঐক্য-প্রগতি’—স্লোগানকে ধারণ করে আয়োজিত শুভেচ্ছা মিছিলটি সাভারের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

মিছিলে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক মাহবুব সামিরের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

সভাপতির বক্তব্যে ফয়সাল আহমেদ মাশফি বলেন, ‘শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ছাত্রদল। পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করা হবে।’

এ সময় বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি তারা কৃতজ্ঞ।

তারা আগামী দিনে সাভার থানা ছাত্রদলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, দেশ গঠন এবং সামাজিক অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সিএমপিতে বড় রদবদল, ৫ থানায় নতুন ওসি
সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার আট কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। এ আদেশের মাধ্যমে নগরীর পাঁচটি থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার বর্তমান ওসি শাহীনূর আলমকে ডবলমুরিং থানার নতুন ওসি এবং চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) থেকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি এবং মোজাম্মেল হককে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে ডবলমুরিং থানার বিদায়ি ওসি জামাল উদ্দিন খান এবং খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিএমপির সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে সিএমপির ডিবি-দক্ষিণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি : কালের কণ্ঠ

ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ফুটবল উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, সমর্থন ও শুভ কামনা জানিয়ে শিশু, কিশোর, তরুণ এবং প্রবীণ সমর্থকদের অংশগ্রহণে শহরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এক শোভাযাত্রা। আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার ও রঙিন ধোঁয়ার আবহে নগরীর বিভিন্ন সড়ক পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টায় দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অধিকাংশই আর্জেন্টিনার জার্সি পরে এবং জাতীয় পতাকার রঙে মুখ ও হাত সাজিয়ে অংশ নেন। অনেকেই বহন করেন বিশাল আর্জেন্টাইন পতাকা। এ ছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিসহ দলের বিভিন্ন খেলোয়াড়ের ছবিসংবলিত ব্যানারও ছিল সমর্থকদের হাতে। ভুভুজেলার শব্দ, স্লোগান, নাচ-গান এবং উচ্ছ্বাসে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ করে শিশু সমর্থকদের উপস্থিতি ছিল সবচেয়ে আকর্ষণীয়। ছোট ছোট শিশুদের আর্জেন্টিনার জার্সি পরে নাচতে, গান গাইতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। আকাশি রঙের স্মোক বোম্বের ধোঁয়ায় পুরো শোভাযাত্রা আরো বর্ণিল হয়ে ওঠে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মিকাঈল বলেন, বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উৎসব। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের সমর্থক। কিন্তু খেলা নিয়ে কোনো বিরোধ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলার জন্য আমরা যেন বারো মাসের সম্প্রীতি নষ্ট না করি। ফুটবল মানুষকে একত্রিত করে, আনন্দ দেয়। তাই সবাই মিলে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অপর সমর্থক রাসেল প্রধান বলেন, আর্জেন্টিনা সবসময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে দলটি বিশ্বকাপ জিতেছে। এবারও তারা দুর্দান্ত খেলবে এবং শিরোপা নিজেদের কাছেই রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।