বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় নাজমুল মোল্লা নামের এক অটোরিকশা চালক এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত নাজমুল মোল্লা (২২) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় নাজমুল। এরপর সে বাসায় ফিরে আসেননি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৪ জুন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেছে।
অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে (নাজমুল) হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ওসি আরও বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে একটি বস্তায় ভরে কাথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।





