• ই-পেপার

হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, বিশেষ হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

হালুয়াঘাট প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের হালুয়াঘাট প্রেস ক্লাবের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে কালবেলা প্রতিনিধি জুলফিকার আলী জুলমত সভাপতি এবং এনটিভি ও সমকাল প্রতিনিধি রফিকুল্লাহ চৌধুরী মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে হালুয়াঘাট প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সময়ের আলোর উপজেলা প্রতিনিধি এম এ খালেক (সহসভাপতি), কালের কণ্ঠের প্রতিনিধি মাজহারুল ইসলাম মিশু (যুগ্ম সাধারণ সম্পাদক), চ্যানেল এসের প্রতিনিধি এম এ মালেক (সাংগঠনিক সম্পাদক), আজকের পত্রিকা প্রতিনিধি মো. জাকিরুল ইসলাম (দপ্তর সম্পাদক) এবং আল-মিনার ও গণমানুষের আওয়াজ প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে ডেসটিনির উপজেলা প্রতিনিধি মো. ফারুক হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও গণমাধ্যমের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কুমিল্লায় চর দখল নিয়ে ২ উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত অন্তত ৩০

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় চর দখল নিয়ে ২ উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত অন্তত ৩০
সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী একটি চর দখলকে কেন্দ্র করে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে মেঘনা উপজেলার চর বিনোদনপুর গ্রামের পূর্ব পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ১৯৯০ সালে জেলা প্রশাসন মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দাদের ২৩টি দলিলের মাধ্যমে ১৪ দশমিক ৭৫ একর জমি লিজ দেয়। পরে ১৯৯৯ সালে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন বাটেরা এলাকার বাসিন্দাদের ১০ দশমিক ১৪ একর জমি লিজ দেওয়া হয়। এর পর থেকে নতুন বাটেরা এলাকার লোকজন জমিটি ভোগদখল করে আসছিলেন।

সম্প্রতি আলীপুর গ্রামের লোকজন ওই জমির দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, হকিস্টিক, রামদা এবং ইট-পাটকেল ব্যবহার করে। এতে অনেকের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লাগে।

আহতদের মধ্যে রয়েছেন ফারুক, আনোয়ার হোসেন, রাজ্জাক, বাছির, জাহাঙ্গীর আলম, রবি মোল্লা, সাগর, সালাউদ্দিন ও শাহজাহানসহ প্রায় ৩০ জন। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, বিরোধপূর্ণ জমিটি বাটেরা মৌজার অন্তর্ভুক্ত। সিএস ও এসএ রেকর্ডে আলীপুর গ্রামের কয়েকজন বাসিন্দার নাম থাকলেও বিএস রেকর্ডে জমিটি সরকারি খাসজমি হিসেবে উল্লেখ রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।

স্থানীয়দের দাবি, সংঘর্ষে মেঘনা উপজেলার পক্ষে নেতৃত্ব দেন কামরুজ্জামান, হাবিবুল্লাহ মেম্বার, শাহজাহান মেম্বার, রবিউল্লাহ ও জহির। অন্যদিকে তিতাস উপজেলার পক্ষে নেতৃত্ব দেন লিটন, শাহ আলম মেম্বার, ছাইদুল মেম্বার ও আবদুর রব।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহনন’

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর ‘আত্মহনন’
সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিপি বেগম (৪৫) নামের এক নারীর আত্মহননের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি বেগম উপজেলার কুনতাড়াই ইউনিয়নের ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে লিপি বেগম চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, ‘ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ী স্টেশনসংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ী স্টেশনসংলগ্ন এলাকায় আসা মাত্র হঠাৎ ইঞ্জিনে আগুন থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিনে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে আনা হবে।

এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ী বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনের হুক লাগিয়ে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। এতে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।