বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় ল্যাবরেটরি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরণ এবং ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি করা হয়। এই উদ্যোগের আওতায় মাসব্যাপী ক্যাম্পাস জুড়ে ১০ হাজার বৃক্ষরোপণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল মঈদ বাবুল, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মোহা. আলাউদ্দিন এবং জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি খন্দকার আব্দুল মজিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।
অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমাদের সবার। এর জীববৈচিত্র্য, সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের দায়িত্বও আমাদের সবার। বর্তমান সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছে। এটি এক দিনের কর্মসূচি নয়। আগামী এক মাসব্যাপী ক্যাম্পাসজুড়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চাই।’




