মানুষ স্বভাবতই নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী। আগামী দিনে কী ঘটবে, জীবনে সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা, বিয়ে, সন্তান, অর্থ-সম্পদ কিংবা মৃত্যু—এসব বিষয় জানার কৌতূহল মানুষের চিরন্তন প্রবৃত্তি। এই কৌতূহলকে পুঁজি করেই যুগে যুগে জ্যোতিষী, গণক, ভাগ্যবিচারক ও বিভিন্ন অলৌকিক দাবিদার মানুষের ঈমান ও বিশ্বাস নিয়ে খেলেছে। আধুনিক সময়ে এই ধারারই একটি মাধ্যম হলো টেরোট কার্ড। অনেকে দাবি করে, এই বিশেষ ধরনের কার্ড দেখে মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুল তথ্য বলা যায়। কিন্তু একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—টেরোট কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ জানার দাবি ইসলামের দৃষ্টিতে কি বৈধ? এটি কি শুধু হারাম, নাকি শিরক ও কুফরির অন্তর্ভুক্ত? বর্তমানে কোরআন-সুন্নাহর আলোকে এর উত্তর জানা অত্যন্ত জরুরী।
আল্লাহই একমাত্র অদৃশ্য সব বিষয় জানেন
ইসলামের মৌলিক আকিদা হলো—গায়েব তথা অদৃশ্য জগতের পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার। তিনি যাকে যতটুকু ইচ্ছা ওহির মাধ্যমে জানান, সে শুধু ততটুকুই জানতে পারে। এর বাইরে কোনো মানুষ, ফেরেশতা, জিন, গণক কিংবা কোনো বস্তু নিজস্ব ক্ষমতায় ভবিষ্যৎ জানে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘অদৃশ্য জগতের চাবিকাঠি তাঁর কাছেই রয়েছে। তিনি ছাড়া আর কেউ তা জানে না।’ (সুরা : আনআম, আয়াত : ৫৯)
অন্য আয়াতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী (সা.) ঘোষণা করতে নির্দেশ দিয়ে বলেন, ‘বলুন, আমি তোমাদের বলি না যে, আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে এবং আমি গায়েব জানি না।’ (সুরা : আনআম, আয়াত : ৫০)
এই আয়াত প্রমাণ করে যে, মহানবী (সা.)ও নিজ থেকে গায়েব জানতেন না; আল্লাহ ওহির মাধ্যমে যতটুকু জানিয়েছেন, শুধুমাত্র ততটুকুই জানতেন।
টেরোট কার্ডে বিশ্বাস কেন হারাম?
টেরোট কার্ডের মূল ভিত্তিই হলো ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেওয়া। অথচ ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। তাই কেউ যদি বিশ্বাস করে যে টেরোট কার্ড বা কার্ড পাঠকারী ব্যক্তি প্রকৃত অর্থে ভবিষ্যৎ জানে, তাহলে সে আল্লাহর একচেটিয়া গুণে অন্যকে অংশীদার বানাচ্ছে। এটা শিরক এবং অত্যন্ত ভয়াবহ আকিদাগত বিচ্যুতি। কেননা টেরোট কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ জানার দাবি মিথ্যা। এতে বিশ্বাস করা হারাম। এমনকি কৌতূহলবশত এসব চর্চায় অংশ নেওয়াও মারাত্মক গুনাহ এবং ঈমানের জন্য বিপজ্জনক।
হাদিসে কঠোর নিষেধাজ্ঞা
রাসুলুল্লাহ (সা.) গণক ও ভাগ্যবিচারকদের কাছে যাওয়া থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, সে যেন মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ বিধানের সঙ্গে কুফরি করল।’ (জামে তিরমিজি, হাদিস: ১৩৫, সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৬৩৯)
আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো বিষয় জিজ্ঞাসা করবে, তার চল্লিশ রাতের সালাত কবুল করা হবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৩০)
এই হাদিসগুলো থেকে বোঝা যায়, শুধু বিশ্বাস করাই নয়; নিছক কৌতূহলবশত এসব গণক বা ভবিষ্যৎবক্তার কাছে যাওয়াও মারাত্মক অপরাধ।
একজন মুসলিমের করণীয়
১. একমাত্র আল্লাহর ওপর ভরসা করা।
২. ভবিষ্যৎ জানার চেষ্টা না করে আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা।
৩. কোরআন ও সুন্নাহ অনুযায়ী দোয়া, ইস্তিখারা ও তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের সিদ্ধান্ত গ্রহণ করা।
৪. টেরোট কার্ড, রাশিফল, জ্যোতিষ, হাত দেখা, সংখ্যা বা নক্ষত্রের মাধ্যমে ভাগ্য গণনা—এসব থেকে সম্পূর্ণ দূরে থাকা।
৫. নিজের পরিবার ও সন্তানদেরও এসব ভ্রান্ত বিশ্বাস থেকে রক্ষা করা।
অতএব, টেরোট কার্ডের মাধ্যমে ভবিষ্যৎ জানা যায়—এমন বিশ্বাস করা কুফরি, এবং এটা ইসলামে সুস্পষ্ট হারাম । তাই কৌতূহলবশতও এসব চর্চায় অংশ নেওয়া জায়েজ নেই। কেননা এটা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। একজন মুমিনের প্রকৃত পথ হলো—আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করা, তাঁর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা এবং কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক, কুফরি, কুসংস্কার ও ভ্রান্ত আকিদা থেকে হেফাজত করুন এবং বিশুদ্ধ ঈমানের ওপর অটল থাকার তাওফিক দান করুন। আমিন।




