• ই-পেপার

হলি আর্টিজান হামলার ১০ বছর

কোনোভাবেই সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া যায় না : শামা ওবায়েদ

  • নিহতদের স্মরণে ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের শ্রদ্ধা
  • আমাদের অঙ্গীকার হওয়া উচিত নেভার এগেইন : ইতালির রাষ্ট্রদূত

জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ পাঁচ দফা দাবি

জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছা) সাবেক সমন্বয়ক ও সংগঠকরা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাজমুস সালেহী। অন্যান্য দাবির মধ্যে রয়েছেজুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত নেতৃত্বের তথ্যভিত্তিক স্বীকৃতি নিশ্চিত করা; নিরপেক্ষ যাচাইয়ের মাধ্যমে শহীদ, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় গেজেট প্রকাশ এবং গেজেটভুক্তদের পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা; ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, সাগর-রুনি হত্যা, শাপলা চত্বর, নিরাপদ সড়ক আন্দোলনের সহিংসতাসহ আলোচিত ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার।

 

সালমান এফ রহমানসহ

ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

নিজস্ব প্রতিবেদক
ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

পণ্য রপ্তানির আড়ালে প্রায় সাড়ে ২৮ লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে করা মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ২৩ জুলাই নির্ধারণ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত এই তারিখ নির্ধারণ করেন। মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য গতকাল তারিখ নির্ধারণ ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে তারিখ নির্ধারণ  করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

তিন দিনেও মামলা নেয়নি পুলিশ

রামগতিতে সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতিতে সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শিশুসন্তানের গলায় অস্ত্র ধরে এক গৃহবধূকে ছয়জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। তবে ঘটনার তিন দিনেও গতকাল বুধবার রাত ৯টা পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। এই ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামীর অভিযোগ, ঘটনার পর দিনই তাঁরা থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ মামলা নিতে টালবাহানা করে। তিন দিন ধরে তাঁরা থানার বারান্দায় ঘোরাঘুরি করলেও মামলা নেওয়া হয়নি। খবর পেয়ে এই প্রতিবেদক থানায় গেলে নড়েচড়ে বসে পুলিশ। তখন ভুক্তভোগীর পরিবারকে ডেকে একটি লিখিত অভিযোগ গ্রহণ করে পুলিশ। তবে লিখিত অভিযোগটিকে মামলা হিসেবে নেওয়া হয়নি।

 

পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহারের ৫০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

যশোর অফিস
পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহারের ৫০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের পশ্চিমবঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আমগুলো হস্তান্তর করা হয়।

স্থলবন্দর সূত্র জানায়, ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে। বেনাপোল চেকপোস্টের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের এই ম্যাংগো ডিপ্লোমেসি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, একই দিনে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্যও ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি হাঁড়িভাঙ্গা ও আম্রপালি জাতের আম ভারতে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।