• ই-পেপার

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

কাতারে এলএনজি প্লান্টে বিস্ফোরণে নিহত ১৩

কালের কণ্ঠ ডেস্ক
কাতারে এলএনজি প্লান্টে বিস্ফোরণে নিহত ১৩

কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্রে বিস্ফোরণে অনন্ত ১৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরো ১৮ জন। দেশটির কর্তৃপক্ষ এমন তথ্য দিয়েছে। গতকাল সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য কাতারি ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ মোতায়েন করা হয়েছে। রাস লাফান শিল্পনগরীতে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। কর্তৃপক্ষ আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তবে তারা বলেছে, কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এর আগে কর্মকর্তারা বলেছিলেন, ঘটনাস্থলে পৌঁছানো সিভিল ডিফেন্স দল প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পায়নি। পরে প্রকাশিত সরকারি তথ্যে আহত ও নিখোঁজের সংখ্যা উল্লেখ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, বিস্ফোরণের কারণে এলএনজি স্থাপনা থেকে কোনো গ্যাস লিক হয়নি। জননিরাপত্তার ক্ষেত্রেও তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। সূত্র : গালফ নিউজ

 

 

ফিলিপিন্সে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক
ফিলিপিন্সে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

ফিলিপিন্সের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। দেশটির লেইতে প্রদেশের তাকলোবান সিটির সান হোসে ন্যাশনাল হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে গতকাল সোমবার দেশটির পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, হামলার ঘটনায় দুজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে ওই স্কুলের ভেতরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়। পুলিশ এখনো হামলার উদ্দেশ্য নিশ্চিত করতে পারেনি। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলটিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সূত্র : আরব নিউজ

 

শারজায় ড্রোন নিয়ন্ত্রণে নতুন আইন

কালের কণ্ঠ ডেস্ক
শারজায় ড্রোন নিয়ন্ত্রণে নতুন আইন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ড্রোন পরিচালনা এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নতুন সমন্বিত আইন জারি করেছেন সেখানকার শাসক শেখ ডক্টর সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি। গতকাল সোমবার জারি করা এই নতুন আইনের অধীনে, ফ্রি-জোন (মুক্ত অর্থনৈতিক অঞ্চল) এবং সরকারি খাতসহ শারজার যেকোনো স্থানে ড্রোন ওড়ানোর জন্য আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শারজা পুলিশ ও বেসামরিক বিমান চলাচল বিভাগ যৌথভাবে এই আইন তদারকি করবে। নতুন আইন অনুযায়ী, শারজার আকাশসীমায় যেকোনো ধরনের বা আকারের ড্রোন ওড়ানোর ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে। এই খাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ড্রোনের বাণিজ্যিক ও ব্যক্তিগত ব্যবহার একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আনাই এর মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা লাইসেন্স ছাড়া শারজায় কোনো ড্রোন ওড়ানো বা এসংক্রান্ত কার্যক্রম চালানো যাবে না। সূত্র : খালিজ টাইমস

 

 

সংক্ষিপ্ত

ভারতের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

কালের কণ্ঠ ডেস্ক
ভারতের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪
ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছবি : রয়টার্স

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছে। গতকাল সোমবার উত্তর-পশ্চিম আলীগঞ্জ এলাকার একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। বাণিজ্যিক এলাকায় অবস্থিত তিন তলা ওই ভবনে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকানসহ অন্যান্য দোকান রয়েছে। আগুন লাগার পর ভবনের ভেতরে অনেকে আটকা পড়ে। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়ে। এক ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। আলীগঞ্জ এলাকার এই কোচিং সেন্টার যথেষ্ট জনপ্রিয়। সব সময় সেখানে শিক্ষার্থীর ভিড় লেগে থাকে। আগুন লাগার সময়ও বহু শিক্ষার্থী সেখানে পড়তে গিয়েছিল। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র : এনডিটিভি

 

 

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স | কালের কণ্ঠ