• ই-পেপার

ইউরোপের ওপর ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

ইসরায়েল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত ইসরায়েল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম চুক্তিটি প্রত্যাখ্যান করে বলেছেন, এর পরিবর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকে সই করা উচিত।

গতকাল শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ আল-ফাওকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সিও (এনএনএ) এই হামলার খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের নিরাপত্তাচুক্তি সই করার এক দিন পর এই হামলার খবরটি আসে।

এদিকে গতকাল ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর দখলে থাকা কথিত নিরাপত্তা অঞ্চলে ‘দীর্ঘদিন অবস্থান’ করার জন্য ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি বলেছেন, ইসরায়েল-লেবানন চুক্তিটি ইসরায়েলিদের জন্য সুবিধাজনক হলেও লেবানিজদের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক চুক্তি। সূত্র : আল জাজিরা

বাঁচার লড়াইয়ে সন্তানের জন্য মায়ের আত্মত্যাগ

কালের কণ্ঠ ডেস্ক
বাঁচার লড়াইয়ে সন্তানের জন্য মায়ের আত্মত্যাগ

ধ্বংসাবশেষের মধ্যে জীবনবাজি রেখে সর্বস্ব দিয়ে আগলে রেখেছেন সন্তানকে। শেষনিঃশ্বাস পর্যন্ত নিজের শরীর দিয়ে এক বছরের কন্যাসন্তানকে ধ্বংসস্তূপের হাত থেকে রক্ষা করেছেন। মেয়ে আলানাকে বাঁচাতে পেরেছেন ঠিকই, তবে এর বিনিময়ে সন্তানের জন্য চূড়ান্ত আত্মত্যাগ করে গেছেন ভেনেজুয়েলার এক মা। সন্তানের প্রতি বীরত্বপূর্ণ ও অকৃত্রিম ভালোবাসা দেখিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এই নারীর নাম আন্দ্রেয়া রুইজ। তিনি দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী।

ভেনেজুয়েলার উপকূলীয় রাজ্য লা গুয়াইরার কুমানা শহরের একটি বহুতল ভবনে পরিবারসহ তাঁরা বসবাস করতেন। বুধবার শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এ সময় শিশুটিকে বিপদ থেকে আড়াল রাখেন মা। পরে ধ্বংসস্তূপের নিচে আন্দ্রেয়ার মরদেহ পাওয়া যায়। মায়ের এই চূড়ান্ত আত্মত্যাগের কারণে ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরে শিশু আলানা। তাকে রাজধানী কারাকাসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শিশুটি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। সূত্র : এএফপি

 

পাকিস্তানে অভিযানে আট ‘সন্ত্রাসী’ নিহত

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানে অভিযানে আট ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও মাস্তুং জেলায় দুটি পৃথক অভিযানে মোট আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল শনিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য জানায়। বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ২৫ ও ২৬ জুন পরিচালিত এই দুটি অভিযান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিল। পাকিস্তান এসব গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করছে।

পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। সূত্র : দ্য ডন

ট্রাম্পের ভারত সফর আগামী বছরের প্রথম দিকে

কালের কণ্ঠ ডেস্ক
ট্রাম্পের ভারত সফর আগামী বছরের প্রথম দিকে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী বছরের প্রথম দিকে ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ২০২৭ সালের প্রথম দিকে ট্রাম্পের ভারত সফর নিয়ে কাজ করছে ওয়াশিংটন। একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পাদনের দিকে দুই দেশ এগিয়ে যাওয়ায় ভারত-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান গতিকেও তিনি তুলে ধরেন।

গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। হোয়াইট হাউসে আইএএনএসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রুবিও বলেন, মার্কিন প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নিতে রুবিও চলতি বছরের শেষ নাগাদ ভারতে যাওয়ার আশা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আশা করছি। আমরা এটি সম্পন্ন করার একেবারে শেষ পর্যায়ে আছি এবং বিষয়টি খুবই ইতিবাচক। ওয়াশিংটনও অদূর ভবিষ্যতে কোয়াড নেতাদের আরেকটি বৈঠকের প্রত্যাশা করছে।’

রুবিও বলেন, ‘জি৭ সম্মেলনের ফাঁকে মি. ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সাম্প্রতিক বৈঠকের পর ভারত-মার্কিন সম্পর্ক একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।’ সূত্র : দ্য হিন্দু, রয়টার্স