ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার বাবা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ না-ও নিতে পারেন।
তেহরান বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ এসলামি বলেছেন, ‘নতুন সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।’ তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নতুন কোনো অভিযান চালানোর ঝুঁকি থাকায় মোজতবা খামেনির প্রকাশ্যে উপস্থিত হওয়া নিরাপদ না-ও হতে পারে।’
এসলামির দাবি, ইসরায়েল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা নষ্ট করতে চাইতে পারে। তারা ইরানের ভেতরে বিভিন্ন ধরনের অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে। তাই তিনি মনে করেন, এই মুহূর্তে নতুন সর্বোচ্চ নেতার জনসমক্ষে দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া উপযুক্ত হবে না।
এদিকে ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি বিদায় জানাতে আনুষ্ঠানিক শোক অনুষ্ঠান শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে হাজারো মানুষ জড়ো হয়েছেন। অনেক শোকাহত ব্যক্তির হাতে প্রতিশোধের দাবির প্রতীক হিসেবে পরিচিত লাল ব্যানার দেখা গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আলী খামেনি এবং তার নিহত পরিবারের সদস্যদের কফিন জনসমক্ষে আনা হলে উপস্থিত হাজারো মানুষ শোক প্রকাশ করেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের দিকে যাওয়ার রাস্তাগুলো অনুষ্ঠানে যোগ দিতে আসা শোকাহতদের বিশাল ভিড়ে ভরে যাচ্ছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, কালো পোশাক পরা হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন এবং ইরানের পতাকা ও অন্যান্য ব্যানার নাড়াচ্ছেন। প্রয়াত আয়াতুল্লাহকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার শোকাহত মানুষ ইতিমধ্যেই কমপ্লেক্সটি পূর্ণ করে ফেলেছেন।





