প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যান সিটিতে যোগ দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। রেকর্ড ১১৬ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে দলে ভেড়ানোর চুক্তি চূড়ান্ত করেছে ম্যান সিটি। বৃহস্পতিবার (২ জুলাই) উভয় ক্লাব দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে ইতিহাসে সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড়ের রেকর্ড গড়লেন এই মিডফিল্ডার।
মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে অ্যান্ডারসন ইতিহাসের সবচেয়ে দামি ব্রিটিশ খেলোয়াড়ে পরিণত হলেন। এর আগে ডেকলান রাইসের জন্য আর্সেনালের দেওয়া ১০৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ডটি ভেঙে দিলেন তিনি।
ক্লাবের আর্থিক বিবরণ প্রকাশ না করলেও’ ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, মোট চুক্তির মূল্য ছিল ১১৬ মিলিয়ন পাউন্ড (১৫৩ মিলিয়ন ডলার) পর্যন্ত, যা ২০২৩ সালে জুড বেলিংহ্যামের জন্য বরুসিয়া ডর্টমুন্ডকে রিয়াল মাদ্রিদের দিতে সম্মত হওয়া ১১৫ মিলিয়ন পাউন্ডের অফারটি ছাড়িয়ে গেছে।
ম্যান সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ২৩ বছর বয়সী অ্যান্ডারসন বর্তমানে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলছেন। কানসাসে তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেছেন। ইংল্যান্ডে ফেরার পর দলবদলের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হবে।
এর ফলে অ্যান্ডারসন ম্যানচেস্টার সিটির সবচেয়ে দামি খেলোয়াড় হলেন। যা ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে উইঙ্গার জ্যাক গ্রিলিশকে কিনতে খরচ করা ১০০ মিলিয়ন পাউন্ডকেও ছাড়িয়ে গেছে।




