• ই-পেপার

ইউনূস, ইয়াজিদ ও হোসাইনি ব্রাহ্মণ

প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

মন্‌জুরুল ইসলাম
প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিওতে ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গানটি ব্যবহৃত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং তাজিকিস্তানের পপশিল্পী মেহরনিগারি রুস্তম গানটির মূল কণ্ঠশিল্পী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২ মিনিট ৪০ সেকেন্ডের ওই বিশেষ ভিডিওটি প্রকাশ করা হয়, যা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বন্ধুত্বের মেলবন্ধন হিসেবে তুলে ধরা হয়েছে। ভিডিওটির আবহে বাংলা গানের এই চমৎকার ফিউশনের কারণে নেটদুনিয়ায় এটি দারুণ আলোড়ন সৃষ্টি করে। শুধু গান নয়, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মালয়েশিয়া সফর সত্যি জাদুকরী একটি সিদ্ধান্ত। মালয়েশিয়া দিয়ে শুরু করে চীন সফরের মধ্য দিয়ে তিনি তাঁর প্রথম বিদেশ সফর শেষ করেছেন। এটি শুধু একজন প্রধানমন্ত্রীর সফর নয়, বাংলাদেশের সমতার ভূরাজনীতির প্রথম পদক্ষেপ। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কী পেল, কেন তিনি মালয়েশিয়া ও চীন সফরে গেলেন এসব হিসাব যারা এখনই কষছেন, তাদের একটু ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রীকে বোঝার চেষ্টা করতে হবে। তিনি তাঁর ‘আই হ্যাভ আ প্ল্যান’ ঘোষণা কীভাবে বাস্তবায়ন করছেন সেদিকে লক্ষ রাখতে হবে। বর্তমান ভূরাজনীতি অতীতের সব সময়ের চেয়ে একটু ভিন্ন, একটু কৌশলী ও অনেকটা সাহসী। কোথায় কৌশলী হতে হবে আর কোথায় সাহসী হতে হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয় সেটা জানেন। সুতরাং প্রধানমন্ত্রীর জাদুকরী সফর এবং সমতার ভূরাজনীতির সফলতার মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে নতুন উচ্চতায় দাঁড়িয়ে থাকবে এমনই প্রত্যাশা।

ভূরাজনীতি বা বিশ্বব্যবস্থা এখন ধীরে ধীরে বহুমেরুকেন্দ্রিক কাঠামোর দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা এখন বাস্তবতা। বৈশ্বিক নতুন রাজনীতির পুনর্গঠন এবং অর্থনৈতিক কূটনীতির গুরুত্বে প্রতিটি দেশকে নতুন করে নিজেদের পররাষ্ট্রনীতি সাজাতে হচ্ছে। এ বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে কেবল দ্বিপক্ষীয় হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থান শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলভিত্তি বরাবরই ভারসাম্যপূর্ণ কূটনীতি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্ন বৈশ্বিক শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে সেই ভারসাম্যের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন কোনো একটি শক্তির ওপর নির্ভরশীলতা একটি দেশের কৌশলগত স্বাধীনতাকে সীমিত করে দিতে পারে। এ প্রেক্ষাপটে মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের বহুমুখী কূটনৈতিক উদ্যোগেরই প্রতিফলন।

মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। শ্রমবাজার, বিনিয়োগ, শিক্ষা এবং ইসলামি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমানে লাখ লাখ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কর্মরত, যারা উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সফরের মাধ্যমে যদি শ্রমবাজার আরও সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রপ্তানি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, তা বাংলাদেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক অর্জন হবে। তবে শ্রমবাজার নিয়ে এ নতুন সুযোগে আমাদের আরও প্রস্তুতি নিতে হবে। শুধু অদক্ষ শ্রমিক পাঠালে হবে না, দক্ষ জনশক্তি পাঠাতে হবে। এজন্য যারা মালয়েশিয়ায় যেতে আগ্রহী, তাদের প্রশিক্ষিত করতে হবে। যেসব সেক্টরে মালয়েশিয়া শ্রমশক্তি নেবে, সেসব সেক্টরে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা যদি দক্ষ জনশক্তি তৈরি করতে পারি, তাহলে দেশ থেকে যারা কাজের জন্য বিদেশে যাবেন, তারা ভালো থাকবেন এবং বেশি অঙ্কে বৈদেশিক মুদ্রাও পাঠাতে পারবেন। তা না হলে যারা ঋণ করে বিদেশ যাওয়ার টাকা জোগাড় করেন, তাদের সেই ঋণ শোধ না হতেই ফেরত আসতে হবে। দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র হবে। এজন্য  শ্রমশক্তি বিদেশে পাঠানোর সব সিন্ডিকেট কঠোরভাবে বন্ধ করতে হবে। শুধু শ্রমবাজার নয়, মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সফল শিল্পোন্নত অর্থনীতি। প্রযুক্তি, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষায় দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান হতে পারে। দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়লে বাংলাদেশের শিল্পায়ন আরও গতি পেতে পারে।

অন্যদিকে চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। অবকাঠামো, বিদ্যুৎ, সেতু, বন্দর, শিল্পাঞ্চল ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে চীনের সহযোগিতা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এই বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি করতে পারে। বর্তমান বিশ্বে উন্নয়নের প্রতিযোগিতা মূলত বিনিয়োগ, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাকে কেন্দ্র করে। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হলে বাংলাদেশে নতুন শিল্পকারখানা, কর্মসংস্থান ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ যদি বিদেশি বিনিয়োগের একটি উপযুক্ত স্থান, গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে তাহলে রপ্তানি বহুমুখীকরণেও ইতিবাচক প্রভাব পড়বে। সে কারণে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এ সফরের গুরুত্ব অনেক বেশি।

বঙ্গোপসাগর এখন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভূকৌশলগত এলাকা। বিশ্বের বড় শক্তিগুলো এ অঞ্চলে নিজেদের উপস্থিতি ও হস্তক্ষেপ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অবিবেচনাপ্রসূত কোনো প্রতিযোগিতার অংশ না হয়ে, নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। মালয়েশিয়া ও চীন সফরে সেই বাস্তববাদী কূটনীতিরই প্রতিফলন ঘটেছে, যার মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের জন্য আরেকটি বড় সম্ভাবনা হলো আঞ্চলিক সংযোগ ও সহযোগিতা বৃদ্ধি। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি সেতুবন্ধ হিসেবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যিক এবং যোগাযোগ সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশ আঞ্চলিক লজিস্টিক ও ট্রানজিট হিসেবেও নিজের অবস্থান শক্তিশালী করতে পারবে।

 

শুধু মালয়েশিয়া বা চীন নয়, বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও তারেক রহমানের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুজাতিক কোম্পানিগুলো এখন নিরাপদ নতুন উৎপাদনস্থান খুঁজছে। বাংলাদেশের তরুণ জনশক্তি, বড় বাজার ও ভৌগোলিক অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। সফরের মাধ্যমে যদি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়, তাহলে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতি লাভবান হবে। এ ছাড়া শিক্ষা, গবেষণা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন খাতেও সহযোগিতার সুযোগ রয়েছে। ভবিষ্যতের অর্থনীতি জ্ঞান ও প্রযুক্তিনির্ভর হবে। তাই এসব খাতে আন্তর্জাতিক অংশীদারি বাংলাদেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটা হলো বর্তমান বিশ্বের সফল কূটনীতি কোনো একটি দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো নয়। বরং সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশ যদি চীন, মালয়েশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সমানভাবে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে পারে, তাহলে সেটিই হবে সবচেয়ে কার্যকর পররাষ্ট্রনীতি। বাংলাদেশ সে পথেই হাঁটছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। কারণ তারেক রহমানের প্ল্যান বাস্তবায়ন করতে হলে কখনো কৌশলী, কখনো উদার, আবার কখনো সাহসী পররাষ্ট্রনীতি প্রয়োজন। এ সফরকে তাই কেবল আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর হিসেবে নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা যেতে পারে। সফল কূটনীতির প্রকৃত মূল্যায়ন অবশ্য হবে সফর-পরবর্তী সময়ে কত বিনিয়োগ এসেছে, কতগুলো সমঝোতা বাস্তবায়িত হয়েছে, কত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের মানুষ কতটা উপকৃত হয়েছে তার ওপর।

বর্তমান ভূরাজনীতির জটিল বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৌশলগত ভারসাম্য বজায় রেখে উন্নয়নের সুযোগ কাজে লাগানো। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর যদি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে বাস্তব অগ্রগতি এনে দেয়, তবে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় এমন বাস্তববাদী, অর্থনীতিকেন্দ্রিক ও ভারসাম্যপূর্ণ কূটনীতিই আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন এবং আন্তর্জাতিক অবস্থান আরও সুদৃঢ় করবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে আনা একটি ধন্যবাদ প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হয়েছে। সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে বলে প্রস্তাবটি উত্থাপনের সময় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন। জবাবে সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমি যে কাজটি করার চেষ্টা করেছি আমার অবস্থান থেকে, আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।  যদি ভালো কিছু অর্জন হয় এটি বাংলাদেশের অর্জন। এ সফরে দেশের মানুষের কোনো অর্জন হলে সেটি দেশের মানুষের অর্জন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরের অর্জনকে বাংলাদেশের ও দেশের মানুষের অর্জন হিসেবে উল্লেখ করেছেন। এ বক্তব্যে তিনি তাঁর বিনয় প্রকাশ করেছেন। দেশ ও দেশের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা বলেছেন। এখন লক্ষ রাখতে হবে, তাঁর এ সফরের সাফল্য যেন আমরা ঘরে তুলতে পারি। কোনো বিশেষ মহলের ষড়যন্ত্রে অথবা অদক্ষতায় যদি আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ হই, তাহলে দুঃখ করা ছাড়া আর কিছু করার থাকবে না।

লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

[email protected]

নতুন সরকারের প্রথম বাজেটের শক্তি এবং ভবিষ্যতের বাংলাদেশ

আহসান হাবিব বরুন
নতুন সরকারের প্রথম বাজেটের শক্তি এবং ভবিষ্যতের বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট কেবল একটি আয়-ব্যয়ের হিসাব নয় বরং এটি সরকারের অর্থনৈতিক দর্শন, রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখার প্রথম আনুষ্ঠানিক প্রকাশ। তাই জনগণ এমন বাজেটকে কেবল সংখ্যার অঙ্কে বিচার করে না; বরং এটি মানুষের জীবন কতটা সহজ করবে, অর্থনীতিতে কতটা আস্থা ফিরিয়ে আনবে এবং রাষ্ট্রকে কতটা সুশাসনের পথে এগিয়ে নেবে তা-ও মূল্যায়ন করে।

বাজেট ঘোষণার পরপরই এ বিষয়ে আমি একটি মতামত লিখেছিলাম। তখনই বলেছিলাম, আমি অর্থনীতিবিদ নই। বাজেটের জটিল অর্থনৈতিক সমীকরণ বিশ্লেষণের যথেষ্ট অভিজ্ঞতা আমার নেই। তবে একজন সচেতন নাগরিক, দীর্ঘদিনের সংবাদকর্মী এবং রাষ্ট্র-সমাজের নিবিড় পর্যবেক্ষক হিসেবে আমি বিশ্বাস করি, একটি বাজেটের প্রকৃত সাফল্য নির্ধারিত হয় মানুষের দৈনন্দিন জীবনে তার বাস্তব প্রভাব দিয়ে, অর্থনৈতিক পরিভাষা দিয়ে নয়।

মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পাস হওয়ার পর সেই মূল্যায়নের সুযোগ আরো বিস্তৃত হয়েছে। কারণ এখন আমাদের সামনে কেবল একটি প্রস্তাব নয়, আলোচনা, সমালোচনা ও সংশোধনের মধ্য দিয়ে পরিপূর্ণতা পাওয়া একটি চূড়ান্ত বাজেট রয়েছে। আমার কাছে এই বাজেটের সবচেয়ে বড় শক্তি এর আর্থিক আকার নয়; বরং জনমতের প্রতি সরকারের শ্রদ্ধা এবং যুক্তিসংগত সমালোচনাকে গ্রহণ করে নীতিগত সিদ্ধান্ত সংশোধনের রাজনৈতিক পরিপক্বতা।

বাজেট ঘোষণার পর অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের পক্ষ থেকে নানা মতামত উঠে এসেছে। একটি প্রাণবন্ত গণতন্ত্রে এটিই প্রত্যাশিত। আরও আশাব্যঞ্জক বিষয় হলো, সরকার সেই মতামতকে অগ্রাহ্য না করে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পুনর্বিবেচনা করেছে।

জনগণের কথা শুনে নীতি সংশোধনের এই সংস্কৃতি গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য একটি শুভ লক্ষণ।
আমার দৃষ্টিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো কালো টাকা সাদা করার সুযোগ সম্পূর্ণ বাতিল করা। বহু বছর ধরে এই নীতি দুর্নীতিবিরোধী অবস্থানকে দুর্বল করেছে এবং সৎ করদাতাদের প্রতি এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছে। সেই বিতর্কিত অধ্যায়ের অবসান শুধু একটি করনীতির পরিবর্তন নয়; এটি রাষ্ট্রের নৈতিক অবস্থানেরও ঘোষণা। সুশাসন ও জবাবদিহিনির্ভর অর্থনীতি গঠনের পথে এটি একটি সাহসী পদক্ষেপ।

একইভাবে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার বাস্তবতার প্রতিফলন। আর্থিক অন্তর্ভুক্তির এই যুগে এমন বাধ্যবাধকতা সাধারণ মানুষকে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থা থেকে নিরুৎসাহিত করতে পারত। সরকার সেই আশঙ্কা উপলব্ধি করেছে বলেই সিদ্ধান্তটি সংশোধন করেছে।

ক্ষুদ্র মুদি ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারও সময়োপযোগী সিদ্ধান্ত। বাংলাদেশের অর্থনীতির বড় একটি অংশ ক্ষুদ্র উদ্যোক্তাদের কাঁধে দাঁড়িয়ে আছে। তাদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি হলে শেষ পর্যন্ত এর প্রভাব পড়ত ভোক্তার জীবনযাত্রায়। এই বাস্তবতা বিবেচনায় নেওয়ায় বাজারে অযথা চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা কমেছে।
করদাতাদের জন্যও এসেছে উল্লেখযোগ্য স্বস্তি।

করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে এবং করের প্রথম ধাপের হার প্রত্যাহার করা হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির সময়ে এই সিদ্ধান্ত নিম্ন ও মধ্যম আয়ের মানুষের হাতে কিছু অতিরিক্ত অর্থ রাখবে, যা তাদের জীবনযাত্রার চাপ কমানোর পাশাপাশি অভ্যন্তরীণ ভোগব্যয়ও সচল রাখতে সহায়তা করতে পারে।

কর প্রশাসনেও একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ করদাতাদের ভোগান্তি কমাবে এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করবে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ডিজিটাল কর প্রশাসন শুধু সুবিধাই নয়, সুশাসনেরও গুরুত্বপূর্ণ ভিত্তি।

ক্ষুদ্র আমানতকারীদের জন্য ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা চার লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি একটি বাস্তবসম্মত পদক্ষেপ। এতে ছোট সঞ্চয়কারীরা কিছুটা স্বস্তি পাবেন এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়তে পারে।

স্বাস্থ্য খাতে নেওয়া উদ্যোগগুলোও বিশেষভাবে প্রশংসার দাবিদার। ক্যানসারসহ দুরারোগ্য রোগের চিকিৎসা সহায়তা বৃদ্ধি, কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামে করছাড় প্রমাণ করে যে এই বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানবিক উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে মাদক ও মদজাতীয় পণ্যের ওপর উচ্চ কর আরোপ শুধু রাজস্ব বাড়ানোর কৌশল নয়; এটি জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। একই সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত নীতিগুলো বাস্তবায়িত হলে অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হতে পারে। 

তবে বাস্তবতাও মনে রাখতে হবে। কোনো বাজেট কেবল ঘোষণার মাধ্যমে সফল হয় না; এর সফলতা বহুলাংশে নির্ভর করে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে। অতীতে আমরা অনেক উচ্চাভিলাষী বাজেট দেখেছি, কিন্তু দুর্বল বাস্তবায়ন, দুর্নীতি ও প্রশাসনিক অদক্ষতার কারণে সেগুলোর সুফল জনগণের কাছে পৌঁছায়নি। ফলে এই বাজেটেরও প্রকৃত মূল্যায়ন হবে আগামী এক বছরে—মূল্যস্ফীতি কতটা নিয়ন্ত্রণে আসে, বিনিয়োগ কতটা বাড়ে, কর্মসংস্থান কতটা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের জীবন কতটা সহজ হয়।

সব দিক বিবেচনায় একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মূল্যায়ন হলো, সাম্প্রতিক সময়ের বাজেটগুলোর মধ্যে এটি নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের স্বার্থকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত থেকে সরে আসার মধ্য দিয়ে সরকার একটি ইতিবাচক রাজনৈতিক বার্তাও দিয়েছে।

দেশ আজ নতুন এক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। এই বাজেট যদি সততা, দক্ষতা ও জবাবদিহির সঙ্গে বাস্তবায়িত হয়, তাহলে এটি কেবল একটি অর্থবছরের আর্থিক পরিকল্পনা হয়ে থাকবে না; বরং একটি নতুন অর্থনৈতিক সংস্কৃতির ভিত্তিপ্রস্তর হিসেবে ইতিহাসে স্থান পেতে পারে। কারণ রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন কেবল জিডিপির প্রবৃদ্ধিতে নয়, মানুষের জীবনযাত্রার মান, ন্যায়ভিত্তিক সুযোগ, কর্মসংস্থান এবং সুশাসনের বিস্তারে প্রতিফলিত হয়।

আমার বিশ্বাস, নতুন সরকারের প্রথম বাজেট সেই সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কঠোর বাস্তবায়ন। কারণ বাজেটের প্রকৃত সাফল্য সংসদের করতালিতে নয়; নির্ধারিত হবে কৃষকের ফসলের ন্যায্যমূল্যে, শ্রমিকের কর্মসংস্থানে, উদ্যোক্তার বিনিয়োগের আস্থায় এবং মধ্যবিত্ত পরিবারের স্বস্তির নিঃশ্বাসে। সুতরাং সেই পরীক্ষায় সফল হতে পারলেই এই বাজেট ভবিষ্যতের বাংলাদেশের অর্থনৈতিক অভিযাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। এতে আমার ন্যূনতম সন্দেহ নেই।

লেখক : সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক 
ই-মেইল : [email protected]

জুলাই চেতনা বনাম জুলাই নিয়ে ব‍্যবসা

অদিতি করিম
জুলাই চেতনা বনাম জুলাই নিয়ে ব‍্যবসা
সংগৃহীত ছবি

২০২৪-এর জুলাই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য মাস। ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। কোটা সংস্কার আন্দোলন ছিল আসলে একটি উপলক্ষ মাত্র।

এই দাবির সঙ্গে যুক্ত হয়েছিল সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রত‍্যয়। তাই কোটা আন্দোলন ধাপে ধাপে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন শ্রেণি-পেশার আপামর জনগণ। এই আন্দোলন কেবল কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণের সরকারি চাকরিতে বৈষম্য মুক্তির দাবিতে আন্দোলন ছিল না, এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের অধিকার ও বৈষম্য মুক্তির।

এই আন্দোলন সফল হয়েছিল যখন মা-বোনেরা ঘর ছেড়ে রাস্তায় নেমেছিলেন। এই আন্দোলন পূর্ণতা পেয়েছিল যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি স্কুলের শিশু কিশোর এবং তরুণরা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিল। এই গণ অভ্যুত্থান সফল হয়েছিল যখন আপামর জনতা রাজপথে এসে প্রতিবাদে মুখর হয়েছিল। এই বিজয় তখনই অর্জিত হয়েছিল, যখন যখন বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা সাধারণ জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল।

জুলাই থেকে কোটা আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল বহু আগে। যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়েছিল, তখনই এই আন্দোলনের সূচনা করেছিলেন তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০১৪-এর বিনা ভোটের নির্বাচন, ২০১৮-এর রাতের ভোট এবং ২০২৪ সালের আমি ডামি নির্বাচন এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে। বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার, লাখো রাজনৈতিক নেতাকর্মী গ্রেপ্তার ও নির্যাতন এই আন্দোলনের ভিত্তি তৈরি করেছে। অবশেষে হয়েছে গণবিস্ফোরণ। 

কিন্তু জুলাই আন্দোলনের পরপরই দেখা গেল বিশেষ গোষ্ঠী এই আন্দোলনের বিজয়কে নিজেদের পকেটে ভর্তি করে ফেলল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী জুলাইয়ের সর্বস্তরের মানুষের আন্দোলনকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলার চেষ্টা করলেন। আর এই অনাকাঙ্ক্ষিত উদ‍্যোগের মূল ষড়যন্ত্রকারী ড. ইউনূস। বাংলাদেশের জনগণের ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম, ত‍্যাগ এবং আত্মাহুতি আমলে না নিয়েই ড. ইউনূস পুরো আন্দোলনের ফসল একটি বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দিলেন।

২০২৪ সালের ৮ আগস্ট প‍্যরিস থেকে দেশে ফিরে তিনি ছাত্রদের নিয়োগ কর্তা হিসেবে ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে জনগণের বিজয় ছিনতাই করা হলো। ইউনূস কতিপয় ছাত্রনেতাদের নিয়েই মেতে থাকতেন, তাদের সামনে রেখে নিজের স্বার্থ উদ্ধার করতেন। কেউ ইউনূসের সমালোচনা করলে ছাত্রদের লেলিয়ে দিতেন। এভাবেই জুলাই আন্দোলন পরিচিত মুখ কয়েকজনকে নিয়ে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন। এখানেই পথ হারায় জুলাইয়ের বিজয়। ড. ইউনূসের পরিকল্পিত ষড়যন্ত্রে জুলাই আন্দোলনের স্বপ্ন গুলো বিবর্ণ হতে থাকে। জুলাই আন্দোলনের অকুতোভয় রাজপথের সৈনিকদের দূরে ঠেলে দেওয়া হয়। আস্তে আস্তে জুলাইয়ের আকাঙ্খার মৃত্যু হয়।

ইউনূস জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তিনজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। লক্ষ্যনীয়, তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমত, ছাত্রদের উপদেষ্টা করার সিদ্ধান্তটাই ছিল মারাত্মক ভুল। শিক্ষার্থীরা আন্দোলন করে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার পথ উন্মুক্ত করেছে, কিন্তু তাই বলে তাদের উপদেষ্টা করতে হবে কেন?

ইউনূস যদি দায়িত্বশীল অভিভাবক হতেন তাহলে তিনি শিক্ষার্থীদের বলতেন, তোমরা আমাদের গর্ব, আমাদের অহংকার। এখন তোমরা শিক্ষাঙ্গনে ফিরে যাও, তোমাদের শিক্ষাজীবন শেষ কর। দেশ গঠনের জন্য নিজেদের প্রস্তুত করো। কিন্তু ইউনূস দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার জন্য শিক্ষার্থীদের ব‍্যবহার করলেন। শিক্ষা জীবন অসমাপ্ত রেখেই তাদের মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা বানিয়ে দিলেন। জুলাইয়ের সর্বনাশের শুরু হলো এভাবেই।

আরো দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনজন উপদেষ্টা নিয়োগ করে ইউনূস জুলাই আন্দোলনের তাৎপর্য নষ্ট করলেন। আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান, ঢাকার বাইরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে রীতিমতো অস্বীকার করা হলো। লাখো তরুণের ত‍্যাগকে অস্বীকার করা হলো। জুলাই আন্দোলনের বিজয় একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে গেল। এই শিক্ষার্থীরা ক্ষমতার মজা পেল বটে দায়িত্ব বুঝল না। অচিরেই তা বিপথগামী হয়ে গেল।

ক্ষমতায় গিয়ে তারা শুধু এটাই বুঝতে পারল যে, টাকা বানানো অনেক সহজ। ব‍্যস, শুরু হলো জুলাই নিয়ে ব‍্যবসা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেরিয়ে শিক্ষার্থীরা যে যার মতো টাকার নেশায় উন্মত্ত হয়ে উঠল। তারা সচিবালয়ে গিয়ে বদলি বাণিজ্য শুরু করল। লেখাপড়ার বদলে টেন্ডার বাণিজ্যে মনোনিবেশ করলেন অনেকে। কেউ আবার শুরু করলেন চাঁদাবাজি, মামলা বাণিজ্য। ব‍্যবসায়ী থেকে শুরু করে পুলিশ, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক-সবাইকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে শুরু হলো চাঁদাবাজির মহোৎসব। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের কেউ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে গিয়ে মব করলো মোটা অঙ্কের অর্থ আদায়ের জন্য। দেশে শুরু হলো এক নৈরাজ্যকর পরিস্থিতি।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত শিক্ষার্থীদের এই সব অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে প্রশ্রয় দিয়েছিল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য। ইউনূসের এজেন্ডা ছিল নিজের আখের গোছানো। তিনি নিজের কর মওকুফ করালেন, মামলা প্রত্যাহার করলেন, বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সি, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিলেন। রাষ্ট্রীয় অর্থের অপচয় করে নিজের জনসংযোগের জন্য বিদেশ সফরের উৎসব করলেন। জাতির বিবেক ছাত্রসমাজ তখন শর্ট কাটে বড়লোক হবার নেশায় বুঁদ।

গোটা বিষয়টি অনেকটাই সিনেমার গল্পের মতো। প্রহরীদের নেশায় ডুবিয়ে যেমন ডাকাতি করা হয়, তেমনি শিক্ষার্থীদের লুটপাটের দরজা খুলে দিয়ে ইউনূস এবং তার উপদেষ্টারা শুরু করলেন দেশ লুট। দেশ গঠনের বদলে কতিপয় মানুষের দুর্নীতির প্রতিযোগিতা শুরু হলো। পথ হারালো একটা সম্ভাবনাময় প্রজন্ম। ইউনূস শুধু দেশের ক্ষতি করেননি, একটা জেনারেশন ধ্বংস করেছেন।

শিক্ষার্থীদের বিপথে পরিচালিত করতে এবং ক্ষমতায় চিরস্থায়ী করতে ইউনূস গুটিকয়েক শিক্ষার্থীদের ব্যবহার করে এনসিপি গঠন করান। এটি ছিল আসলে কিংস পার্টি। এই কিংস পার্টি এবং জামায়াত মিলে ড. ইউনূসকে সামনে রেখে চলে জুলাই চেতনা ধ্বংসের চূড়ান্ত আয়োজন। ইউনূসের এই দেশবিনাশী অপকর্মের যারাই প্রতিবাদ করতো তাদেরই হয় মবের ভয় দেখানো হতো অথবা জেলে পাঠিয়ে দেয়া হতো।

জামায়াত তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য এই নৈরাজ্যের উৎসবের অংশীদার হয়। তাদের লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করা। নেপথ্যে থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করা। এ কারণেই শিক্ষার্থীদের সামনে রেখে, তাদের এসব কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে জামায়াত সারাদেশে মুক্তিযুদ্ধের সব ধরনের স্থাপনা ভাঙচুর শুরু করে। প্রশাসন সহ সরকারের সব প্রতিষ্ঠানে নিজেদের লোকদের ঢোকায়।  এভাবেই অন্তর্বর্তী সরকারকে সামনে রেখে জামায়াত আসলে দেশ দখলের চেষ্টা করেছিল। এ কারণেই জামায়াত এবং এনসিপি নির্বাচনের বিরোধিতা করেছিল। এই রাজনৈতিক কূটকৌশলের কারণে জুলাই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য পথ হারায়। 

ইউনূসের দেড় বছরে জুলাই আন্দোলনের প্রকৃত নিহতের সংখ্যা পর্যন্ত নির্ধারণ করা হয়নি। অনেক জীবিত মানুষকে জুলাই শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে গোটা বিষয়টিকে খেলো করে ফেলা হয়। জুলাইয়ে আহতদের চিকিৎসা নিয়েও চলে তেলেসমাতি কারবার। অন‍্য কারণে অসুস্থদের জুলাই আহত হিসেবে দেখিয়ে তাদের ভাতা দেয়ার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব দুর্নীতি আর অনিয়মের কারণে জনগণের মধ্যে জুলাইয়ের আবেগ কমতে থাকে। আর জুলাই যোদ্ধা নামে কতিপয় ইউনূস ঘনিষ্ঠ যেন হঠাৎ করেই আলাদিনের চেরাগ পেয়ে যান। তাদের রাতারাতি বিত্তবান হয়ে ওঠা সকলের কাছে দৃষ্টিকটু হয়ে ওঠে। যারা কদিন আগেও টিউশনি করে চলতো তারা হঠাৎ করেই ধনকুবের হয়ে যায়। মেসে থাকা তরুণ গুলশান, বারিধারায় বিলাসবহুল ফ্ল্যাটের মালিক হন। পায়ে হেঁটে ঘুরে বেড়ানো শিক্ষার্থী প্রাডো গাড়িতে চড়ে ঘুরে বেড়ান। হঠাৎ এই বিত্তের উৎকট রূপ দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ এবং বিরক্ত হয়। ’২৪ এর পাঁচ আগস্টের পর একটা নব্য গোষ্ঠীর জন্ম হয়, যাদের একমাত্র উপার্জনের পথ হলো জুলাই চেতনা বিক্রি করা। জুলাই চেতনার ব‍্যবসা করে নতুন একটি লুটেরা শ্রেণি তৈরি হয়েছে দেশে। যারা নব্য ফ‍্যাসিবাদী হিসেবই পরিচিতি পেয়েছে। 

জুলাইয়ে যে নারীরা তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছিলেন তারা তাদের অধিকার পাননি বরং নারীদের উপর নিপীড়ন বেড়েছে। যে শিক্ষক শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য রাস্তায় নেমেছিলেন তিনি এখন মবের ভয়ে আতঙ্কিত। যে ব‍্যবসায়ী চাঁদাবাজ মুক্ত, ব‍্যবসা বান্ধব পরিবেশের আশায় বুক বেঁধেছিলেন তার প্রতিষ্ঠান এখন বন্ধ হবার উপক্রম। যে শিক্ষার্থীরা শিক্ষার উপযুক্ত পরিবেশ চেয়েছিল তাদের শিক্ষাজীবন আজ অনিশ্চিত। যারা বৈষম্য মুক্তির স্বপ্ন দেখছিলেন তারা আজ নতুন বৈষম্যে আক্রান্ত। যে সাংবাদিকরা মন খুলে স্বাধীন মত প্রকাশের আশা করেছিলেন তিনি এখন চাকরি হারা, নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এভাবেই জুলাই আন্দোলনের দুই বছরের মাথায় আজ দেশ জুড়ে স্বপ্ন ভঙ্গের বেদনা, প্রতারিত হওয়ার গল্প। আশাহত মানুষের দীর্ঘশ্বাস কান পাতলেই শোনা যায়। কিন্তু এদেশের মানুষ হারতে জানে না। তারা সঠিক সিদ্ধান্ত নিতে কখনও ভুল করে না। তাই তারা ইউনুসের ষড়যন্ত্র সফল হতে দেয়নি। তারা নিজেদের পছন্দের দলকে বাছাই করার জন্য একটি নির্বাচন আদায় করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। এখন জুলাই চেতনার ব‍্যবসায় ভাটার টান।

সরকার চারমাসের মধ্যে দেশকে একটি শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছে। আর তাই জুলাই নিয়ে যারা বানিজ্য করছে তাদের অনেক অভিমান। তারা সুযোগ পেলেই সরকারকে নানারকম হুমকি দিচ্ছে। আশা কথা সরকার এখনও এসব ধমক এবং হুমকিতে ভয় পায়নি। বর্তমান সরকার কে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অর্থনীতিতে গতি ফেরাতে আস্হার পরিবেশ সৃষ্টি করতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এটাই জুলাই চেতনা। জুলাই বিক্রি করে যারা দেশের নতুন মালিক বনে গেছেন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। জুলাই আন্দোলন কতিপয় শিক্ষার্থীর ভাগ্যের বদলের জন্য হয়নি,আপামর মানুষের সুন্দর জীবনের প্রত্যাশায় হয়েছে।

অদিতি করিম : লেখক ও নাট্যকার 
ই মেইল : auditekarim@ gmail.com

জামায়াতের রাজনৈতিক হতাশা ও অর্থনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা

রাজনৈতিক বিশ্লেষক
জামায়াতের রাজনৈতিক হতাশা ও অর্থনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা
সংগৃহীত ছবি

কোনো দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। বিগত কয়েকটি নির্বাচনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করেছে। রাজনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য জনগণ এ সরকারকে একক সংখ্যাগরিষ্ঠতায় সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছে।

তবে সরকারের সামনে চ্যালেঞ্জও কম নয়। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তায় দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করার পাশাপাশি কর্মবাজারে প্রবেশ করতে যাওয়া লাখো তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সেই লক্ষ্যকেই প্রতিফলিত করে। ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন, মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা, ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে সরকারি বিনিয়োগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে প্রণীত এ বাজেট টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেছে।

বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), ফ্রিল্যান্সার, নারী উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি শুধু শিল্পায়নের ওপর নয়, বরং উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং উদ্যোক্তা বিকাশের ওপরও নির্ভরশীল।

তবে শুধু রাজস্ব বা আর্থিক নীতির ওপর নির্ভর করে এসব লক্ষ্য অর্জন সম্ভব নয়। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, পূর্বানুমানযোগ্য নীতিমালা এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ। বিনিয়োগের সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক সূচকের ওপর নির্ভর করে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা এবং রাজনৈতিক বিরোধের কারণে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত না হওয়ার নিশ্চয়তাও বিনিয়োগকারীদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসন শেষে নতুন সরকার একটি কঠিন অর্থনৈতিক বাস্তবতা উত্তরাধিকারসূত্রে পেয়েছে। ওই সময়ে ব্যাপক মব সহিংসতা, লাগামহীন চাঁদাবাজি, অগ্নিসংযোগ এবং প্রভাবশালী উপদেষ্টাদের অবৈধ দাবি পূরণে ব্যর্থ হওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার মতো ঘটনাগুলো দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে।

শ্রমিক অসন্তোষ, তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হওয়া, চাঁদাবাজির অভিযোগ এবং সামগ্রিক শাসনব্যবস্থার দুর্বলতা শিল্প উৎপাদন ও বিনিয়োগকারীদের আস্থাকে আরও ক্ষুণ্ন করেছে। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তি—বিশেষ করে এনসিপি ও জামায়াত—বর্তমানে দেশের সামনে থাকা অর্থনৈতিক সংকটের জন্য উল্লেখযোগ্য মাত্রায় দায়ী বলে এ দৃষ্টিভঙ্গিতে মনে করা হয়।

এমন পরিস্থিতিতে একই রাজনৈতিক গোষ্ঠীগুলোর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও রাজপথে আন্দোলনের আহ্বান নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, এ মুহূর্তে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত রাজনৈতিক সংঘাত নয়; বরং অর্থনৈতিক পুনরুদ্ধার। তাদের যুক্তি, দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা সরকারের বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

কিছু পর্যবেক্ষকের মতে, ধর্মীয় বা সাংস্কৃতিক ইস্যুকে কেন্দ্র করে সামাজিক উত্তেজনা উসকে দেওয়ার প্রচেষ্টা বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিতিশীলতা সৃষ্টির কৌশলের অংশ হতে পারে। তারা ফুটবল সমর্থকদের বিরোধকে ঘিরে আইএসআইএস বা আল-কায়েদার পতাকার আদলে তৈরি ধর্মীয় প্রতীক প্রদর্শনের ঘটনাগুলোর কথা উল্লেখ করে দাবি করেন, এসব ঘটনার উদ্দেশ্য সমাজে বিভাজন গভীর করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।

কিছু বিশ্লেষকের অভিযোগ, জামায়াত উগ্র মতাদর্শে প্রভাবিত কিছু ব্যক্তিকে ব্যবহার করে নির্দিষ্ট কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের এসব ঘটনায় সম্পৃক্ত করতে উৎসাহিত করেছে, যাতে দলটি সরাসরি রাজনৈতিক দায় এড়িয়ে যেতে পারে। তবে এসব অভিযোগ সতর্কতার সঙ্গে যাচাই করা প্রয়োজন এবং সেগুলোর সত্যতা অবশ্যই বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।

রাজনৈতিক সংশ্লিষ্টতা যাই হোক না কেন, একটি বিষয়ে প্রায় সবাই একমত—বাংলাদেশ আরেকটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতার সময় অতিক্রম করার সামর্থ্য রাখে না। দেশের বিনিয়োগকারীরা স্থিতিশীলতা ও নীতিগত নিশ্চয়তা চান। উদ্যোক্তাদের প্রয়োজন আস্থার পরিবেশ, আর তরুণদের প্রয়োজন সংঘাত নয়, কর্মসংস্থান। একইভাবে শ্রমিকরাও শিল্প সম্প্রসারণের মাধ্যমে লাভবান হন, উৎপাদন ব্যাহত হওয়ার মাধ্যমে নয়।

স্বার্থান্বেষী মহলের প্রতিটি রাজনৈতিক সহিংসতা কিংবা দীর্ঘস্থায়ী আন্দোলনের প্রত্যক্ষ প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়ে। শেষ পর্যন্ত এর মূল্য পরিশোধ করতে হয় সাধারণ মানুষকেই। আরো দক্ষ জনশক্তি গড়ে তোলা, যুব উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনীতিকে আধুনিকীকরণের বিষয়ে সরকারের অঙ্গীকার বাংলাদেশকে উচ্চমূল্যের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে। এসব উদ্যোগ সফল হলে অনেক শ্রমিক স্বল্প-দক্ষ শ্রম থেকে অধিক উৎপাদনশীল ও দক্ষ পেশায় স্থানান্তরের সুযোগ পাবেন। এর ফলে যেমন পারিবারিক আয় বাড়বে, তেমনি জাতীয় অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা সৃষ্টি হবে।

রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের একটি অপরিহার্য অনুষঙ্গ। বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে সরকারি নীতির সমালোচনা এবং জনমত গড়ে তোলার পূর্ণ অধিকার রয়েছে। একটি কার্যকর গণতন্ত্রে সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা ও মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন কখনোই জাতীয় অর্থনৈতিক স্বার্থের বিনিময়ে না হয়। যেসব কর্মকাণ্ড ব্যবসায়িক আস্থাকে ক্ষুণ্ন করে, বিনিয়োগকে নিরুৎসাহিত করে কিংবা বাংলাদেশের আন্তর্জাতিক সুনামকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলো রাজনৈতিক আনুগত্য নির্বিশেষে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে বিলম্বিত করার ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশের সামনে এখন সংঘাতের চক্র থেকে বেরিয়ে এসে প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। এই সুযোগের সফল বাস্তবায়ন কেবল সরকারের অর্থনৈতিক নীতির ওপর নির্ভর করবে না; বরং দেশের সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল আচরণ, আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতার ওপরও নির্ভর করবে।

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন অর্থনীতি, বিনিয়োগ পরিবেশ এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার জন্য নতুন সংকট সৃষ্টি না করে। কারণ অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্বল হলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর।

সর্বোপরি, টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব পরিবেশ, আইনের শাসন এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ—এই চারটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কতটা দায়িত্বশীলভাবে পরিচালিত হয় এবং জাতীয় স্বার্থকে কতটা অগ্রাধিকার দেওয়া হয়, তার ওপর।