• ই-পেপার

শিল্পী সমিতি নির্বাচন

ব্যান্ড পার্টি, পালকি নিয়ে ভোট দিতে এলেন অভিনেতা

‘নির্বাচনে জায়েদ খানের ডিগবাজি মিস করি’, ভোট দিতে এসে জয়

বিনোদন প্রতিবেদক
‘নির্বাচনে জায়েদ খানের ডিগবাজি মিস করি’, ভোট দিতে এসে জয়
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে মজার মন্তব্য করে আলোচনায় এসেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয় বলেন, ‘জায়েদ খান একটা বিনোদনের নাম। জায়েদ খানের সবকিছু মিস করি। নির্বাচনের সময় ওকে মিস করি, ডিগবাজিও মিস করি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করি।’

তার এই মন্তব্যে উপস্থিত শিল্পী ও সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

টানা কয়েকটি মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের অন্যতম আলোচিত মুখ ছিলেন জায়েদ খান। নির্বাচনকে কেন্দ্র করে তার বিভিন্ন কর্মকাণ্ড, বক্তব্য এবং প্রচারণার নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবার তিনি নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটকেন্দ্রেও বারবার উঠে আসে তার প্রসঙ্গ।

এদিকে, শুক্রবার সকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সাড়ে ৯টার দিকে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছেন মকবুল হোসেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু, আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী।

এ ছাড়া বিভিন্ন পদে একাধিক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে অংশ নিয়েছেন। ১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হবে। 

৬০ বছরের পর বিয়ে করেছেন যেসব তারকা

বিনোদন ডেস্ক
৬০ বছরের পর বিয়ে করেছেন যেসব তারকা
৬০ বছরের পর বিয়ে করেছেন যেসব তারকা

বিয়ে বা ভালোবাসার জন্য বয়স কখনোই বাধা নয়। কখনো কখনো সঠিক মানুষটির জন্য অপেক্ষা করাও সার্থক হয়ে ওঠে। সেই কথাই যেন প্রমাণ করেছেন বিশ্বের অনেক জনপ্রিয় তারকা। কেউ ৬০, কেউ ৭০, আবার কেউ ৮০ বছর পেরিয়ে নতুন করে সংসার শুরু করেছেন। তাদের মধ্যে কয়েকজনের গল্প তুলে ধরা হলো।

হ্যারিসন ফোর্ড
‘স্টার ওয়ার্স’ ও ‘ইন্ডিয়ানা জোন্স’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড ২০১০ সালে অভিনেত্রী ক্যালিস্টা ফ্লকহার্টকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল ৬৭ বছর। ২০০২ সালের গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়। ২২ বছরের বয়সের ব্যবধান থাকলেও তাদের সম্পর্ক সফল পরিণতি পায়।

দদদ
সুহাসিনী মুলে ও অতুল গুর্তু

সুহাসিনী মুলে
জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেত্রী সুহাসিনী মুলে ২০১১ সালে ৬০ বছর বয়সে প্রথমবারের মতো বিয়ে করেন। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে পদার্থবিজ্ঞানী অতুল গুর্তুর সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং তারা বিয়ে করেন। বয়স ও বিয়ে নিয়ে প্রচলিত সামাজিক ধারণাকে তিনি কখনো গুরুত্ব দেননি।

প্যাট্রিক স্টুয়ার্ট
‘স্টার ট্রেক’ ও ‘এক্স-মেন’খ্যাত অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট ২০১৩ সালে ৭৩ বছর বয়সে গায়িকা ও গীতিকার সানি ওজেলকে বিয়ে করেন। ২০০৮ সালে ‘ম্যাকবেথ’ নাটকে অভিনয়ের সময় তাদের পরিচয় হয়েছিল।

দদদ
কবীর বেদী ও পারভীন দুসাঞ্জ

কবীর বেদী
ভারতের প্রবীণ অভিনেতা কবীর বেদী ২০১৬ সালে নিজের ৭০তম জন্মদিনে দীর্ঘদিনের সঙ্গী পারভীন দুসাঞ্জকে বিয়ে করেন। এটি ছিল তার চতুর্থ বিয়ে। তিনি মনে করেন, ভালোবাসা ও সঙ্গ পাওয়ার ক্ষেত্রে বয়স কখনো বাধা হতে পারে না।

রিচার্ড গিয়ার
‘প্রিটি ওম্যান’খ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার ২০১৮ সালে ৬৮ বছর বয়সে স্প্যানিশ সমাজকর্মী আলেহান্দ্রা সিলভাকে বিয়ে করেন। পরে তাদের সংসারে দুটি সন্তান হয়।

জেফ গোল্ডব্লাম
‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা জেফ গোল্ডব্লাম ২০১৪ সালে ৬২ বছর বয়সে কানাডিয়ান অলিম্পিক রিদমিক জিমন্যাস্ট এমিলি লিভিংস্টোনকে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে।

ডিক ভ্যান ডাইক

মেরি পপিন্স’খ্যাত কিংবদন্তি অভিনেতা ডিক ভ্যান ডাইক ২০১২ সালে ৮৬ বছর বয়সে মেকআপ শিল্পী আরলিন সিলভারকে বিয়ে করেন। বয়সের পার্থক্য ৪৬ বছর হলেও সুখেই সংসার করছেন এই দম্পতি।

জর্জ তাকেই
‘স্টার ট্রেক’খ্যাত অভিনেতা জর্জ তাকেই ২০০৮ সালে ৭১ বছর বয়সে দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড অল্টম্যানকে বিয়ে করেন। সমকামী বিয়ের স্বীকৃতির পর ওয়েস্ট হলিউডে বিয়ের লাইসেন্সের জন্য আবেদন করা প্রথম দম্পতিদের মধ্যে তারা ছিলেন।

রবার্ট ডি নিরো
অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডি নিরো ৫৪ বছর বয়সে গ্রেস হাইটাওয়ারকে বিয়ে করলেও ৬১ বছর বয়সে তারা আবারও বিয়ের শপথ নবায়ন করেন। নিজেদের সম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই আয়োজন করেছিলেন তারা।

অ্যালান রিকম্যান
‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা অ্যালান রিকম্যান ২০১৫ সালে ৬৯ বছর বয়সে দীর্ঘদিনের প্রেমিকা রিমা হর্টনকে গোপনে বিয়ে করেন। প্রায় ৪০ বছর একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

দদ
আমির খান ও গৌরী স্প্র্যাট

আমির খান
এই তালিকায় শিগগিরই যুক্ত হতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খানও। আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে নিবন্ধনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। ৬১ বছর বয়সে এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে।

ভোট দিয়ে নীরবেই বেরিয়ে গেলেন আলমগীর ও উজ্জ্বল

বিনোদন প্রতিবেদক
ভোট দিয়ে নীরবেই বেরিয়ে গেলেন আলমগীর ও উজ্জ্বল
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর ও উজ্জ্বল। জুমার নামাজের বিরতির পর একসঙ্গেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভোটকেন্দ্রে হাজির হন তারা। ভোটাধিকার প্রয়োগ শেষে কোনো বক্তব্য না দিয়েই কেন্দ্র ত্যাগ করেন এই দুই শিল্পী।

দীর্ঘদিনের সহকর্মী দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত শিল্পী ও ভোটাররা। অনেকেই এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন। ভোট দেওয়ার আগে ও পরে তাদের ঘিরে তৈরি হয় ছোটখাটো ভিড়।

বর্তমান সভাপতি মিশা সওদাগর তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান। এরপর আলমগীর ও উজ্জ্বল একসঙ্গেই ভোট দেন এবং নীরবে বেরিয়ে যান। গণমাধ্যমের সঙ্গে এদিন কোনো কথাই বলেননি তারা।

সকালের পর থেকেই এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাময়িক বিরতির পর আবারও শুরু হয় ভোটগ্রহণ।

তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে হট্টগোল করেন আরমান–মুক্তি প্যানেলের সমর্থকেরা। 

তাদের দাবি, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা লাগানো হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

যদিও নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু এ অভিযোগ নাকচ করে দেন। তিনি জানান, এমন কোনো অনিয়মের সুযোগ ছিল না। 

তার কথায়, প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে।

এবারের নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ছিল ব্যাপক উৎসাহ। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সকাল থেকেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে এফডিসিতে ভিড় করেন প্রবীণ ও নবীন শিল্পীরা।

টেইলর সুইফটের বিয়ের উৎসব শুরু

বিনোদন ডেস্ক
টেইলর সুইফটের বিয়ের উৎসব শুরু
সংগৃহীত ছবি

বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট ও মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে জল্পনা যেন শেষই হচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসতে যাচ্ছে এই বহুল আলোচিত আয়োজন। যদিও এখন পর্যন্ত বিয়ের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি এই তারকা জুটি।

এদিকে, কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক আয়োজনের আগেই টেইলর ও ট্রাভিস আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছেন। 

রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’-এর তথ্য উল্লেখ করে বলা হয়, ঘনিষ্ঠ কয়েকজন স্বজনকে নিয়ে তারা ব্যক্তিগতভাবে বিয়ের শপথ বিনিময় করেছেন। তবে ঠিক কবে বা কোথায় সেই অনুষ্ঠান হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

Workers make arrangements inside the Madison Square Garden

নিউইয়র্ক সিটির প্রকাশিত একটি বিশেষ ইভেন্ট পারমিটে ‘স্পেশাল ইভেন্ট অ্যাট এমএসজি’-এর সূচিও উল্লেখ রয়েছে। সেখানে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি ‘প্রি-পার্টি সেলিব্রেশন’ বা রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়েছে। এরপর রাতভর ভেন্যুর আশপাশের সড়ক বন্ধ রাখা হবে।

শুক্রবার বিকেল থেকে ম্যাডিসন স্কয়ার গার্ডেনসংলগ্ন কয়েকটি সড়কে যান চলাচল সীমিত থাকবে। পথচারীদের চলাচলেও আংশিক বিধিনিষেধ থাকবে এবং কাছের পেন স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। 

পারমিট অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে ‘মেইন ইভেন্ট’, যা শনিবার ভোর পর্যন্ত চলতে পারে।

Getty Images A police officer places a metal barricade on the streets around Madison Square Garden while a TV crew looks on.

এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই ভেন্যুর বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক দিন ধরেই সেখানে সাজসজ্জার সামগ্রী, ক্যাটারিং সরঞ্জাম ও অন্যান্য উপকরণ পৌঁছাতে দেখা গেছে। পাশাপাশি অস্থায়ী কাঠামো নির্মাণ ও নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন গিগি হাদিদ, কারা ডেলিভিন, সেলেনা গোমেজ, জো ক্রাভিৎসসহ বিনোদন অঙ্গনের পরিচিত মুখ এবং ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন সতীর্থ।

নিউইয়র্কের বাসিন্দা অ্যালিসা হেইনেন এএফপিকে বলেন, টেইলর সুইফটের ভক্তদের কাছে এই আয়োজন অনেকটা ‘রাজকীয় বিয়ে’র মতো। তার ভাষায়, ‘তিনি আমেরিকার সবচেয়ে বড় তারকা। আমাদের কাছে তিনি যেন রাজপরিবারেরই একজন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপন, স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তির প্রস্তুতি এবং চলমান ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ—সব মিলিয়ে ব্যস্ত এক সপ্তাহান্তে এই আয়োজন ঘিরে নিউইয়র্কে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীও এক সংবাদ সম্মেলনে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি কেউ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করে থাকেন, তাহলে তারা ঘরের ভেতরেই থাকবেন এবং গরম থেকেও নিরাপদ থাকবেন। শহরের অন্যদের জন্যও এটি ভালো একটি উদাহরণ।’

তবে সব জল্পনা-কল্পনার মাঝেও টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি—কেউই এখন পর্যন্ত বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।