বলিউডে শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। যদিও দুজনের কেউই প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি, তবু বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরো জোরালো হয়েছে। এবার সিনেমা দেখতে গিয়ে গোপনে ক্যামেরাবন্দি হলেন এই আলোচিত জুটি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ দেখতে একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসেছিলেন শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সিনেমার মজার দৃশ্যে অন্য দর্শকদের মতোই প্রাণ খুলে হাসছেন দুজন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, প্রেক্ষাগৃহে উপস্থিত কোনো দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেছেন। সিনেমার দৃশ্যের পাশাপাশি শ্রদ্ধা ও রাহুলের স্বাভাবিক মুহূর্তও ধরা পড়ে সেই ভিডিওতে।
এর আগে বিমানে একসঙ্গে থাকার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। এবার সিনেমাহলের এই ভিডিও নতুন করে তাঁদের সম্পর্কের আলোচনা উসকে দিয়েছে।
বলিউড সূত্রের দাবি, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে কাজ করার সময় থেকেই একে অপরের কাছাকাছি আসেন শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি। এর পর থেকেই তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়।
সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, যখন শ্রদ্ধা সামাজিক মাধ্যমে রাহুলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে ছিল হাসিমুখ ও লাল হৃদয়ের ইমোজি। সেই পোস্টের পর থেকেই অনেকেই ধরে নেন, দুজনের সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়েছে।
২০২৪ সালের শুরুতে প্রথমবার মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হওয়ার সময় পাপারাৎসিদের ক্যামেরায় ধরা পড়েন শ্রদ্ধা ও রাহুল। এরপর বিভিন্ন পার্টি, প্রিমিয়ার ও ব্যক্তিগত আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা গেছে একাধিকবার। যদিও এখনো পর্যন্ত সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই দুই তারকা।





