• ই-পেপার

ভাঙল জনপ্রিয় অভিনেত্রীর ৯ বছরের সংসার

আসছে কোক স্টুডিওর নতুন গান

বিনোদন প্রতিবেদক
আসছে কোক স্টুডিওর নতুন গান
সংগৃহীত ছবি

বর্ষার আবহে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। আষাঢ় মাস উপলক্ষে ‘মেঘ’ শিরোনামের নতুন গান প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় এই সংগীত প্ল্যাটফর্ম। 

রবিবার (২৮ জুন) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গানটি প্রকাশ করা হবে।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। বর্ষার অনুভূতি, অপেক্ষা এবং নতুন শুরুর আশাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর সুর ও কথার বিন্যাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্ষার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করা হয়েছে। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে সমকালীন সংগীতের মেলবন্ধন ঘটিয়ে এতে তুলে ধরা হয়েছে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প।

এতে আরো বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে পরিচিত অনুভূতিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

এর আগে গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মধ্য দিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। লোকসংগীত, শাস্ত্রীয় ধারা ও সমকালীন সুরের সমন্বয়ে অল্প সময়েই এটি দেশের অন্যতম জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী?

বিনোদন ডেস্ক
ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী?
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির দাম্পত্য জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট ঘিরে নেটদুনিয়ায় উঠেছে নানা প্রশ্ন। 

জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘বাম্বল’-এ দেখা গেছে জ্যাকি ভাগনানির নামে একটি ভেরিফায়েড প্রোফাইল। এরপর থেকেই গুঞ্জন—তবে কি নতুন সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক নেটিজেন ‘বাম্বল’-এ জ্যাকি ভাগনানির নামে থাকা একটি প্রোফাইলের স্ক্রিনশট সামাজিক মাধ্যম রেডিটে শেয়ার করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, রাকুল প্রীত ও জ্যাকির সম্পর্কে কি কোনো ভাঙন ধরেছে, নাকি এটি ভুয়া অ্যাকাউন্ট?

Rakul Preet Singh Holds Husband Jackky Bhagnani Close During Their Mehendi  Ceremony, Shares UNSEEN Photos | Movies News - News18

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, প্রোফাইলটিতে জ্যাকি ভাগনানির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মতো ব্লু-টিক রয়েছে। সেখানে পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে ‘চলচ্চিত্র প্রযোজক’ এবং লোকেশন হিসেবে দেওয়া হয়েছে মুম্বাই।

তবে বিষয়টি নিয়ে জল্পনার মাঝেই সামনে এসেছে ভিন্ন তথ্য। জ্যাকির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, এটি তার আসল প্রোফাইল নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলেছে।

সূত্রটি জানায়, জ্যাকি কোনো ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন না। বরং রাকুল প্রীতের সঙ্গে তার দাম্পত্য জীবন সুখেই চলছে। তাই ভাইরাল হওয়া প্রোফাইলটিকে সম্পূর্ণ ভুয়া বলেই দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের গোয়ায় পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। বিয়ের পর থেকে তারা বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি হিসেবে পরিচিত।

অবশ্য বলিউড তারকাদের নাম ও ছবি ব্যবহার করে ডেটিং অ্যাপে ভুয়া প্রোফাইল তৈরির ঘটনা নতুন নয়। এর আগেও হৃত্বিক রোশন, আদিত্য রায় কাপুরসহ একাধিক তারকার নামে এমন ভুয়া অ্যাকাউন্টের খবর সামনে এসেছে।

তবে ভাইরাল হওয়া এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত জ্যাকি ভাগনানি বা রাকুল প্রীত সিং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
 

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে আলোচনায় আসা কে এই তরুণী?

বিনোদন প্রতিবেদক
‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে আলোচনায় আসা কে এই তরুণী?
সংগৃহীত ছবি

বছর দুয়েক আগে অন্তর্জালে মুক্তি পেয়েছিল ‘ভ্যানিশিং ম্যান’। মুক্তির পর দর্শকের সাড়াও পেয়েছিল বেশ। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগেই আসে নাটকটির সিক্যুয়াল। বরাবরের মতোই সিক্যুয়াল ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দর্শকের মন জয় করেছে।

ইতিমধ্যে নাটকটি দেখেছেন প্রায় ৬০ লাখ দর্শক। মন্তব্যের ঘরে জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি মন্তব্য।

তবে নাটকটিতে দর্শকের কাছে সবচেয়ে বেশি নজর কেড়েছে জিয়াউল হক পলাশের বিপরীতে অভিনয় করা তরুণ অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি। নবাগতার মিষ্টি চেহারা আর হাসির পাশাপাশি তার অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের।

May be a graphic of one or more people, beard and text

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ইউটিউবে মন্তব্যের ঘরে দেখা গেছে ইতিবাচক প্রশংসা। কেউ কেউ লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে। একেবারে ন্যাচারাল, নো ওভার অ্যাক্টিং। আরো নাটকে দেখতে চাই।’ আরেকজন লেখেন, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’

কাজটি নিয়ে দর্শকের সাড়া প্রসঙ্গে জারবীনি বলেন, ‘নাটকটি রিলিজের পর থেকে এখন পর্যন্ত দর্শকদের কাছ থেকে এত বেশি সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। সত্যি বলতে এই অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং তাদের মন্তব্য দেখে আমি আপ্লুত। সবাই এত প্রশংসা করছেন যে আমি নিজেই খুব লজ্জা পাচ্ছি। বিষয়টি অনেক উপভোগ করছি।’

যদিও অভিনয়ে জারবীনি একেবারে নতুন নন। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সে জন্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনাও শেষ করেছেন। এর মধ্যেই এলেন অভিনয়ে। এর আগে নাজমুল হুদা ঈমনের পরিচালনায় ‘কুড বি আস!’, ‘কুলেজ’-এ অভিনয় করলেও ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’ দিয়ে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হয় জারবীনির। যদিও আগের কিস্তিতে তিনি অভিনয় করেছিলেন এবং তাতে পলাশের বিপরীতে দেখা গিয়েছিল সাফা কবিরকে।

May be an image of one or more people and people smiling

নবাগতা এই অভিনেত্রী বলেন, ‘যেহেতু ‘ভ্যানিশিং ম্যান’-এ আমি ছিলাম সেহেতু জানতাম যে এটার সিক্যুয়ালেও থাকব। কিন্তু আমি যে প্রটাগনিস্ট হিসেবে সুযোগ পাব এতে, এটা ভাবিনি। ভেবেছিলাম সাফা কবির আপুই থাকবেন। কিন্তু শুটিং শুরুর এক সপ্তাহ আগে জানতে পারি যে এখানে একমাত্র মেয়ে চরিত্রে আমিই আছি। উচ্ছ্বসিত ছিলাম, একই সঙ্গে নার্ভাসও। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে কাজ করার। দর্শক যখন কাজটি পছন্দ করতে শুরু করল, তখন ভালো লাগাটা বেড়ে গেল।’    

এদিকে নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, ‘ভ্যানিশিং ম্যান’ নাটকটি যে পরিমাণ ইতিবাচক সাড়া পেয়েছি, সিক্যুয়ালটিতে তা তার চেয়েও অনেক বেশি। সবাই অনেক প্রশংসা করছেন, দর্শকরা উপভোগ করছেন কাজটি। পলাশের সঙ্গে জারবীনির জুটিটা দর্শক আরো বেশি পছন্দ করেছেন। নতুন হিসেবে সে অনেক ভালো পারফর্ম করেছে। যা দর্শকরাই বলছেন।

‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’- জিয়াউল হক পলাশ, জারবীনি ছাড়া আরো অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজম প্রমুখ। 

অবস্থা সংকটাপন্ন, ফের ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার

বিনোদন প্রতিবেদক
অবস্থা সংকটাপন্ন, ফের ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার
সংগৃহীত ছবি

নিউমোনিয়াজনিত জটিলতায় দীর্ঘ দুই সপ্তাহ ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। কয়েক দিন আগে ভেন্টিলেটর খুলে নেওয়ায় তার শারীরিক অবস্থার উন্নতির আশা জেগেছিল। তবে সেই আশায় ভাটা পড়েছে। 

আবারও তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। 

তিনি গণমাধ্যমে বলেন, ‘ভেন্টিলেটর খুলে নেওয়ার দুই দিন পর আবারও তাঁকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। বর্তমানে বেশ ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। ওঁনার ফুসফুস মারাত্মকভাবে ব্যাকটেরিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দোয়া করবেন।’

জানা গেছে, নিউমোনিয়ার জীবাণুতে আক্রান্ত হয়ে গত ১৪ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে তার অসুস্থতা নিয়ে মেরী মনোয়ার বলেছিলেন, ‘১৪ জুন ওঁনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওঁনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। তাঁকে অসুস্থ অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। গত চার দিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। 

দীর্ঘ কর্মজীবনে শিল্প, সংস্কৃতি ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। শিল্পকলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।