রাজধানীর আদাবরে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় মো. সাদ্দাম (৩৫) নামের আরো একজন আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবদা হাউজিং চার রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মজনুসহ ৮/১০ জন তাদেরকে কুপিয়ে আহত করে।
নিহতের ভাই সবুজ বলেন, বাশার প্রাইভেট কার চালক ছিলেন। তিনি টাউন হল এলাকার রনি নামের একজনের গাড়ি চালাতেন। আদাবর থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গফুরের ছেলে বাশার। বর্তমানে আদাবর বি-ব্লক, ১ নম্বর রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় বাশারকে। এ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় মারা যান তিনি। আহত সাদ্দাম শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সবুজ জানান, যতোটুকু শুনেছি, বাদশা একটি বিচারে গিয়েছিলেন, সেখানে খেলা নিয়ে গণ্ডগোল হয়েছিল। তা মীমাংসা করে ফেরার পথে ৮/১০ জন তাদের উপর হামলা করে কুপিয়ে আহত করে।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




