• ই-পেপার

যশোরে মাদক সেবনের পর বিশৃঙ্খলার অভিযোগে যুবকের কারাদণ্ড

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল : সুব্রত চৌধুরী

ফেনী প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল : সুব্রত চৌধুরী
ছবি: কালের কণ্ঠ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সবাই জিম্মি ছিল বলে মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, ইউনূসের আঠারো মাসের শাসনে আমরা সবাই জিম্মি হয়ে গিয়েছিলাম। ওই সময় শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, মুসলিম সম্প্রদায়ের ওপরও হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ফেনীর জয়কালী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি, ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় হয়রানির শিকার হতে হয়েছে। সে সময় বাউলদের ওপর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও মাজারে হামলার মতো ঘটনা ঘটেছে। শিক্ষক, নারী ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, যা ইতিহাসে সাক্ষী হয়ে আছে। এমনকি আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদেরও সে সময় নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তার শাসন যদি দীর্ঘায়িত হতো, তবে দেশটা পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হতো। 

​বর্তমান বিএনপি সরকারের উদ্দেশে সিনিয়র এই আইনজীবী বলেন, ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা খাতে সংখ্যালঘু সম্প্রদায়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিক সময়ে প্রশাসনে ডিসি, এসপিসহ প্রশাসনে নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হলেও সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে রাখা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন তিনি। সুব্রত চৌধুরী বলেন, আমরা কি তবে ঘুরে ফিরে আবার সেই ইউনূস সরকারের শাসনামলেই চলে যাচ্ছি?

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডি এন চ্যাটার্জী, ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ছাত্রদলের সভাপতি ছালাহ উদ্দিন মামুন, জেলা উপজেলার পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

গাজীপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল
ছবি : ভিডিও থেকে নেওয়া

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

এরই মাঝে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পরে মিছিলটি রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।

ভিডিওতে আরো দেখা যায়, মিছিল শেষে নাছির মোড়ল বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘গাজীপুরের মাটিতে আজ আপনারা উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, জেল-জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা আসবে। শেখ হাসিনার ভয় নেই। আমরা রাজপথ ছাড়িনি।’

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলটি থানার সীমান্তবর্তী এলাকায় হয়েছে। এ ঘটনায় অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সংগৃহীত ছবি

গাইবান্ধা শহরে পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মাসুদুর রহমান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান শহরের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি নারায়ণপুর মডেল মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শহরের একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে কর্মস্থল নারায়ণপুর মডেল মসজিদে যাচ্ছিলেন মাসুদুর রহমান। পথে শহরের পশ্চিমপাড়ার একটি সংযোগ সড়ক থেকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে ওঠার সময় পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

শেরপুরে ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
শেরপুরে ধানক্ষেতে পুঁতে রাখা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

শেরপুর সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে কাদার মধ্যে আংশিক পুঁতে রাখা অবস্থায় কাজল মিয়া (৪৪) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ভাতশালা ইউনিয়নের সাপমারি এলাকার জোড়া পাম্পের পূর্বপাশের একটি রাস্তার পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল মিয়া উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন মুসল্লি ধানক্ষেতের কাদার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের গায়ে গেঞ্জি, শার্ট ও লুঙ্গি ছিল। গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া ছিল। পাশেই এক জোড়া রাবারের জুতা পড়ে ছিল।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে কাজল মিয়াকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ধানক্ষেতের কাদায় পুঁতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মমিন মেম্বার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ধানক্ষেতের মধ্যে আংশিক মাটিচাপা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হওয়ার পর কাজল মিয়া আর বাড়ি ফেরেননি। শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধারের খবর পান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’