চট্টগ্রাম নগরের অন্যতম শীর্ষ ছিনতাইকারী হিসেবে পরিচিত মহিউদ্দিন মুন্নাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের চকবাজার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩ জুলাই) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— মহিউদ্দিন মুন্না (৩০), মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।
ওসি নূর হোসেন মামুন বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি জানান, গ্রেপ্তার মহিউদ্দিন মুন্নার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনের মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি সাজা ভোগ করেছেন, আর কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।






