• ই-পেপার

নাটোরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীর কারাদণ্ড
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল কেন্দুয়া পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬), একই গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে ফজলু তালুকদার (৫০) এবং পৌরসভার বাদে আঠারবাড়ি গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মো. সায়েম (৪৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাস্টারপাড়া এলাকার রামলাল রবিদাসের নিজ দখলীয় পরিত্যক্ত বসতঘরে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের সন্ধ্যায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বন্যাপ্রবণ চরেই সাফল্যের ফসল, তারুণ্যের উদ্যোগে বদলাচ্ছে কৃষির চিত্র

নিজস্ব প্রতিবেদক
বন্যাপ্রবণ চরেই সাফল্যের ফসল, তারুণ্যের উদ্যোগে বদলাচ্ছে কৃষির চিত্র
ছবি : কালের কণ্ঠ

প্রতিবছর বন্যার পানিতে ভেসে যায় ফসল। মৌসুমজুড়ে কৃষকের পরিশ্রম হারিয়ে যায় নদীগর্ভে। তবে এবার সেই চিত্র বদলাতে শুরু করেছে সাভারের চরাঞ্চলে। বন্যা-সহনশীল ও জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষ করে ১২টি প্রদর্শনী প্লটের মধ্যে ১০টির ধান সফলভাবে ঘরে তুলেছেন প্রান্তিক কৃষকরা। একই সঙ্গে জলবায়ু-ঝুঁকিপূর্ণ পরিবারের বসতভিটায় গড়ে উঠেছে পুষ্টি বাগান। তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি প্রকল্প স্থানীয় কৃষি ও পুষ্টি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

অভিযাত্রিক ফাউন্ডেশনের ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (সিএএলএল)’ প্রকল্পের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এতে কারিগরি সহযোগিতা দিচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এবং অর্থায়ন করছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস।

প্রকল্পের আওতায় আশুলিয়ার নয়াপাড়া, সাধুপাড়া ও শেওলাটেকি গ্রামের ১০টি জলবায়ু-ঝুঁকিপূর্ণ পরিবার নিজেদের বসতবাড়ির অব্যবহূত জমিতে গড়ে তুলেছে পুষ্টি বাগান। এসব বাগানে প্রায় ১৫ ধরনের মৌসুমি সবজি চাষ করা হচ্ছে। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে পরিবেশবান্ধব ফেরোমন ফাঁদ ব্যবহার করে সবজি উৎপাদন করায় ব্যয় কমেছে, নিরাপদ খাদ্যও নিশ্চিত হচ্ছে। এসব বাগানের সাফল্য দেখে স্থানীয় অন্য পরিবারও একই উদ্যোগ নিতে আগ্রহী হচ্ছে।

00

প্রকল্পটির অন্যতম শক্তি স্থানীয় তরুণ-তরুণীরা। ১৬০ জনের বেশি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, যার অর্ধেকই নারী, সাভার ও গাজীপুর সদর এলাকায় ১৬টি সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে জলবায়ু-সহনশীল কৃষি, পুষ্টি এবং নিরাপদ খাদ্য উত্পাদনের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ৬০ জন যুব প্রতিনিধি প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ এলাকার জন্য কর্মপরিকল্পনা তৈরি করেন। পরে মার্চ মাসে কৃষিবিদ ড. মো. মনির উদ্দিনের নেতৃত্বে এঅওঘ-এর কারিগরি দল মাঠপর্যায়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়। 

প্রকল্পটির প্রভাব ইউনিয়ন পরিষদের পরিকল্পনাতেও পড়েছে। সাভার, আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়নে গঠিত মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের উদ্যোগে প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের ইউনিয়ন বাজেটে পুষ্টি ও জলবায়ু-সহনশীল কৃষি অন্তর্ভুক্ত হয়েছে।

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন, ‘তরুণদের শুধু সুবিধাভোগী নয়, পরিবর্তনের নেতৃত্বে আনলে কী সম্ভব, এই প্রকল্প তার বাস্তব উদাহরণ। বন্যা থেকে ফসল রক্ষা কিংবা বাড়ির আঙিনায় পুষ্টি বাগান এসব উদ্যোগই প্রমাণ করে, স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব।’

ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ভোট দিয়ে বেহেশতে যাবেন না, বাংলাদেশকেই বেহেশত বানাব : গয়েশ্বর
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে অনেকেই ভোটের মাধ্যমে বেহেশতের টিকিট বিক্রি করেছিল। এখন তাদের অলিতে-গলিতেও আর দেখা যায় না। মানুষকে ধোঁকা দেওয়া একটি বড় ধরনের অপরাধ। তাই আসুন, আমরা সবাই দেশকে ভালোবেসে বাংলাদেশকে বেহেশতে রূপান্তর করি।’

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকা-৩ আসনের জিনজিরা ঈদগাহ মাঠে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কিছু সমস্যা সমাধানযোগ্য, আবার কিছু সমস্যা সহজে সমাধান করা যায় না। অনেক দুর্ভোগ আমাদের নিজেদের তৈরি। আমরা যদি অসচেতন থাকি, তাহলে দুর্ভোগ আমাদের ছাড়বে না। তাই সচেতন হয়ে পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলার মানুষ এখন ঢাকায় বসবাস করছে। তাদের আচার-আচরণ ও জীবনধারা ভিন্ন হওয়ায় সবাইকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এদের একটি অংশের কারণে মাদকের বিস্তার ঘটছে। মাদক নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ বিএনপির অবস্থান জিরো টলারেন্স। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই।

গয়েশ্বর বলেন, সমাজের কিছু দায়িত্ব জনগণকেও নিতে হবে। জনগণ দায়িত্বশীল না হলে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয়। সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু প্রশাসনের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। ইভ টিজিং প্রতিরোধে বিদ্যালয়ের আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাসও দেন তিনি।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা মোকারাম হোসেন সাজ্জাদ, আশরাফ আজাদ হোসেন, মুজাহিদ ইসলাম মামুনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

পাবনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

পাবনা প্রতিনিধি
পাবনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

পাবনার আটঘরিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত কিন্ডারগার্টেনে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সিয়াম রাস্তা পার হচ্ছিল। সে সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজমুল হক জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।