• ই-পেপার

ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীতে ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ
সংগৃহীত ছবি

নোয়াখালী জেলা শহরে রাস্তার পাশের ময়লার স্তুপে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নোয়াখালী পৌর এলাকার উত্তর ফকিরপুরে বিশ্বনাথসংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে কয়েকজন পথচারী ময়লার স্তুপে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে দেখেন। এ সময় ব্যাগের ভেতরে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, জন্মের পর নবজাতকটিকে কেউ সেখানে ফেলে রেখে গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

মায়ানমারের রাখাইনে গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক

অনলাইন ডেস্ক
মায়ানমারের রাখাইনে গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্ক
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বোমা বিস্ফোরণ ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়েছে সীমান্ত এলাকা। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে ভেসে আসা এসব বিকট শব্দে সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেক জেলে নাফ নদী থেকে তীরে ফিরে আসেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্থানীয় সূত্র জানায়, টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলাকালে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তসংলগ্ন কয়েকটি এলাকার বাড়িঘর কেঁপে ওঠে বলে দাবি স্থানীয়দের।

এর আগে বুধবার দিন ও রাতেও মংডু এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। টেকনাফের সাংবাদিক হুমায়ুন রশীদ বলেন, ‘বৃহস্পতিবার সকালে দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ‘প্রায় এক বছর আগে একই সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। সে সময় দীর্ঘদিন সীমান্তবাসী আতঙ্কে ছিলেন। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মানুষের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।’

স্থানীয় জেলে মুজিবুর রহমান বলেন, ‘সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু সীমান্তের ওপার থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে দ্রুত তীরে ফিরে আসি।’

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি বিজিবি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে এবং সীমান্তে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।’

এদিকে সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জেনেছি। সীমান্তের কাছাকাছি হওয়ায় টেকনাফে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিজিবি ও কোস্ট গার্ড সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে।’

রাখাইনে বিমান হামলা, সাগাইংয়ে অভ্যন্তরীণ সংঘর্ষ :

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সময়ে সাগাইং অঞ্চলে জান্তাবিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাখাইনের বুথিডং উপজেলায় যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১০টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে বেসামরিক হতাহতের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, সাগাইং অঞ্চলের মোনিওয়া শহরে সমান্তরাল জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) অনুগত পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং পিপলস সিকিউরিটি ফোর্স (পিএসএফ)-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, পিএসএফের কয়েকটি ক্যাম্পে পিডিএফের আকস্মিক অভিযানের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

বরিশালে হাতকড়াসহ আওয়ামী লীগ কর্মীকে ছিনতাই, ১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে হাতকড়াসহ আওয়ামী লীগ কর্মীকে ছিনতাই, ১৫ জনের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে কার্যকম নিষিদ্ধ এক আওয়ামী লীগ কর্মীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুলাদী থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার মামলা দায়ের করেছেন। ওই মামলায় আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুঁইয়াকে প্রধান আসামি করা হয়। বাকি ১৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে রাশেদকে বুধবার রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে গ্রেপ্তার করে। এরপরে তাকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায় কিছু লোক। পুলিশ ওই দিন গভীর রাতে হ্যান্ডকাপ ফেরত পেলেও তাকে আটক করতে পারেনি। পরে আজ বৃহস্পতিবার সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রাশেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মুলাদী থানার ওসি মো. খন্দকার সোহেল রানা আসামি ছিনতাইয়ের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, ঘটনার পরপরই পুলিশ হ্যান্ডকাপ ফেরত পেয়েছে। 

তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিলো। সেতু ভুইয়া ওই মামলার এজাহারভুক্ত ৫ নাম্বার আসামী। তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এসআই মনির হোসেন বৃহস্পতিবার তাকে প্রধান আসামি করে ১৫ জনের নামে মামলা করেছেন। ওই মামলায় আসামি সেতুসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালতলীতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধি
তালতলীতে গাছ কাটতে গিয়ে শ্রমিকের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

বরগুনার তালতলীতে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে রুবেল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া গ্রামের মো. জুলমাত খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিরতবক গ্রামের হাতেম খানের একটি কৃষ্ণচূড়া গাছ কাটার কাজ চলছিল। এ কাজে রুবেলসহ ৮ থেকে ৯ জন শ্রমিক অংশ নেন। গাছের উপরের ডাল কাটার পর সেগুলো পাশের পুকুরে পড়ে যায়।

পরে পুকুরে পড়ে থাকা ডাল তুলতে রুবেল পানিতে নামেন। এ সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অর্ধেক কাটা গাছটি হঠাৎ ভেঙে পুকুরে পড়ে যায়। এতে রুবেল গাছের নিচে চাপা পড়েন এবং গাছের ডাল তার শরীরে আঘাত করে।

স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাফুজা আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই রুবেলের মৃত্যু হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গাছ কাটার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।